নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার জাপান

ফিফা র্যাংকিংয়ে দুই দলের অবস্থানের মধ্যে পার্থক্য বেশ বড়। নেদারল্যান্ডস পঞ্চম স্থানে। আর এশিয়ার গর্ব জাপানের অবস্থান ১৮তম। তবে মাঠের খেলায় সেই পার্থক্য থাকতেই দেয়নি জাপান। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শিরোপা প্রত্যাশী নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

নেদারল্যান্ডসের হয়ে ভার্জিল ফন ডিক, ক্রাইসেনসিও সুমারভিলে গোল করেছেন। জাপানের হয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন কেইতো নাকামুরা ও ডাচি কামাদা।

দ্বিতীয়ার্ধে সব গোল

‘এফ’ গ্রুপের এটা ছিল প্রথম ম্যাচ। আর তাতেই সমর্থকদের চমকে দিয়েছে জাপান। দুইবার পিছিয়ে পড়ে তারা খেলায় সমতা এনেছে। ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই নেদারল্যান্ডস গোল করে এগিয়ে যায়। ৫০তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি হয়। ভার্জিল ফন ডিক করেন গোলটি। তবে এ গোলের আনন্দ বেশিক্ষণ থাকেনি তাদের। জাপানকেও এ গোলের ভার বেশিক্ষণ বইতে হয়নি। ৫৭ মিনিটে গোল ফিরিয়ে দেন নাকামুরা। ৬৪ মিনিটে আবার এগিয়ে যায় নেদারল্যান্ডস। সুমারভিলে এগিয়ে নেন। এ গোলে ভর করে নেদারল্যান্ডস জয়ের স্বপ্ন দেখছিল। সেভাবেই তারা এগুচ্ছিলো। সময় যতই যাচ্ছিল ততই জাপান হারের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তারা হাল ছাড়ার পাত্র ছিল না। গোল পরিশোধে মরিয়া ছিল। তার সুফলও তারা পেয়েছে। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে জাপানের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন কামাদা। ৮৯ মিনিটে তিনি গোলটি করেন। তার গোলের পর জাপানিদের আনন্দ দেখার মতো একটা বিষয় ছিল।

ক্রাইসেনসিও সুমারভিলে

কাতারেও ছিল দূর্দান্ত

কাতার বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিল জাপান। সে সময় গ্রুপ পর্বে তারা জার্মানি ও স্পেনকে হারিয়েছিল। হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। পরে আর তারা এগুতে পারেনি। এবারও তাদের শুরুটা হলো দারুণ। শিরোপা প্রত্যাশী দলকে রুখে দিয়েছে।

এদিকে রোনাল্ড কোম্যানের দল বিশ্বকাপের গ্রুপ পর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকলো।

এশিয়ার দলগুলোর শুভ সূচনা

এশিয়া অঞ্চল থেকে এবারের বিশ্বকাপের দলগুলো দারুণ সূচনা করেছে। দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আর কাতার ও জাপান নিজ নিজ ম্যাচে ড্র করেছে। এখন মাঠে নামার অপেক্ষায় রয়েছে ইরাক, ইরান, জর্ডান, সৌদি আরব ও উজবেকিস্তান। আজ সৌদি আরব ও ইরান মাঠে নামবে। সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে। আর ইরান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সৌদি আরবের ম্যাচ মঙ্গলবার ভোর ৪টায়, আর ইরানের ম্যাচ একই দিন সকাল সাতটায়।

Exit mobile version