বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ – এমন আলোচনা ছড়িয়ে পড়ার পর সাবেক লিভারপুল ম্যানেজার জানিয়েছেন, এ বিষয়ে কথা বলার জন্য এটি “সঠিক সময় নয়”।
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ (শেষ বত্রিশ) থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বৈশ্বিক এই মহমঞ্চে এটিই জার্মানির ইতিহাসে প্রথম পেনাল্টি শুটআউট পরাজয়।
নাটকীয় এই বিদায়ের পর বর্তমান কোচ ইউলিয়ান নাগেলসম্যানের ওপর চাপ বাড়লেও, সাবেক লিভারপুল বস এবং বর্তমানে রেড বুলের ‘হেড অব গ্লোবাল ফুটবল’ ক্লপ জাতীয় দলের হাল ধরার গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিয়েছেন।
ম্যাজেন্টাটিভি -তে বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা ক্লপকে প্রশ্ন করা হয়েছিল, কী শর্তে তিনি এই চাকরিটি বিবেচনা করতে পারেন? জবাবে ক্লপ বলেন,
“আমি এখনও এটা নিয়ে ভাবিনি। কোচ হিসেবে আমি নিজেও বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে একটা বড় স্বপ্ন এভাবে চুরমার হয়ে গেছে। আমি বুঝি জাতীয় দলের কোচের প্রসঙ্গ আসলে কেন আমার নাম ওঠে। কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না, বিশেষ করে আমার সাথে তো নয়ই।
আমি এখন যে চাকরিটা করছি তা বেশ উপভোগ করছি এবং যতদূর জানি, এটা কোনো পার্ট-টাইম জব নয়। বাস্তবতা হলো, জার্মানি আজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এবং এটি ইইউর্গেন ক্লপের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় নয়।”
বস্টনে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে হুলিও এনসিসোর গোলে প্যারাগুয়ে এগিয়ে যাওয়ার পর কাই হাভার্টজের গোলে সমতায় ফেরে জার্মানি। অতিরিক্ত সময়ে জোনাথন টাহ-র একটি হেড গোল ভিএআর (VAR) চেকের পর বাতিল হলে ম্যাচটি ১-১ সমতায় টাইব্রেকারে গড়ায়।
পেনাল্টি শুটআউটে জার্মানির হয়ে কাই হাভার্টজ ও নিক ভল্টমেডে গোল মিস করেন। অন্যদিকে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া ও ফ্যাবিয়ান বালবুয়েনা ম্যাচ জেতার দুটি সুযোগ হাতছাড়া করলেও, শেষ পর্যন্ত সাডেন ডেথে জোনাথন টাহ লক্ষ্যভ্রষ্ট শট মারেন এবং হোসে ক্যানালে গোল করে প্যারাগুয়ের জয় নিশ্চিত করেন।
এদিকে জার্মানির ফুটবল ফেডারেশন (DFB) চাইলে তিনি কোচের দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছেন ইউলিয়ান নাগেলসম্যান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আমি দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নই। ডিএফবি যদি চায় আমি থাকি, তবে আমি থাকব; আর তারা যদি না চায়, তবে তারা আমাকে সেটা সরাসরি বলতে পারে।”
অন্যদিকে চরম হতাশ আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন,
“আমি স্তব্ধ। এটা আমার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ এবং দুবারই আমাদের শূন্য হাতে ফিরতে হলো। আমি কেবল ক্ষমাই চাইতে পারি। আমাদের নিজেদের আত্মমূল্যায়ন করা দরকার, বিশেষ করে খেলোয়াড়দের। এর মধ্য থেকে আমি কোচকে বাইরেই রাখছি।”
