ফেডারেশন কাপের ফাইনালে কিংস। মঙ্গলবার ভেজা মাঠে শুরুতেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লিড আদায় করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিরোধ গড়ে গোপীবাগের ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনারূপে ধরা দেয় কিংস। দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তোর জোড়া গোলের দাপুটে জয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।
ব্রাদার্স হারলেও একটা সুযোগ থাকছে তাদের। এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে কোয়ালিফায়ার্স দুইয়ে খেলবে তারা। রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাদার্সের বিপক্ষে বসুন্ধরা কিংস জিতেছে ৪-০ গোলে। জোড়া গোলে দোরিয়েলতনের ফেডারেশন কাপে গোলসংখ্যা দাঁড়াল ৯। এদিন একবার করে জালের দেখা পেয়েছেন রাকিব হোসেন ও সাব্বির হোসেন।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় কিংস। ডানপ্রান্ত ধরে আক্রমণ ওঠেন সাদ উদ্দিন। এরপর তাঁর বাড়ানো বলে কোনাকুনি শটে জালে জড়ান রাকিব। গোল হজমের পর ১৩তম মিনিটেই ম্যাচে ফেরার সুযোগ পায় ব্রাদার্স। সে সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাদার্সে খেলা গিনির ফরোয়ার্ড কেরফালা কৌয়াতে। মিডফিল্ডার মোলতাজিম আলমের ক্রসে হেড নিলেও পোস্টে রাখতে পারেননি তিনি।
খেলার ২১তম মিনিটে কিংসের সংঘবদ্ধ আক্রমণ রুখে দেন ব্রাদার্স গোলকিপার। সাতমিনিট পর দুরূহ কোণ থেকে দোরিয়েলতন গোমেজের বাইসাইকেলে গোল অফসাইডে কাটা পড়ে। এর দুই মিনিট পর আবারও সুযোগ তৈরি করে কিংস। কিন্তু ফ্রি কিক থেকে নেওয়া দোরিয়েলতনের শট পোস্টের ওপর দিয়েই চলে যায়।
ম্যাচের ২৪তম মিনিটে ফ্রি কিক পায় ব্রাদার্স । কিন্তু দলটির পাকিস্তানি উইঙ্গার শায়েক দোস্তের শট লাফিয়ে থামিয়ে দেন মেহেদী হাসান শ্রাবণ। ৩৫তম মিনিটে ব্রাদার্সের মনির আলমের বাড়ানো বল ডি বক্সে পেয়ে লক্ষ্যে শট নেন স্যামুয়েল চিগোজি। শটে জোর না থাকায় কিংস গোলকিপার সহজেই আটকে দেন।
৪২তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি দোরিয়েলতন। খানিকটা সামনে এসেই তাঁর শট রুখে দেন ইসহাক। ১-০ এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ফেডারেশন কাপের সাবেক চ্যাম্পিয়নরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুটা ভালোই হয়েছিল ব্রাদার্সের। একের পর এক আক্রমণে কিংসকে ব্যস্ত করে রাখে ক্লাবটি। কিন্তু আক্রমণভাগের কেউ-ই পারেননি ঝলক দেখাতে। উল্টো সুযোগ নষ্টের খাতাটাই ভারি করেছেন।
অবশ্য দেরিতে হলেও প্রথমার্ধের ছন্দটা ফিরে পায় বসুন্ধরা কিংস। ৭১তম মিনিটে কিংসের লিড দ্বিগুণ করেন দোরিয়েলতন গোমেজ। সাদের ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্লেসিং শটে বক্স কাঁপান। ব্রাদার্স গোলকিপার ইসহাক এই ম্যাচে বেশ কিছু শট সেভ করলেও দোরিয়েলতনের এই শটের কোনো জবাব ছিল না তাঁর কাছে। বলা যায় কোনোরকম চেষ্টাই করেননি তিনি।
তিন মিনিট পর ইসহাকের সঙ্গে ওয়ান ওয়ান পরিস্থিতিতে প্রথমে তাঁকে পরাস্ত করেন দোরিয়েলতন, এরপর ডান দিকে একটু ঘুরে ফাঁকা জালে বল ঠেলে দেন ঠান্ডা মাথায়। এই গোলে অবদান আছে ইমন শাহরিয়ারেরও। তিনিই দারুণভাবে বল বানিয়ে দেন। তাতে ৭৪তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় কিংস।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ব্যবধান ৪-০ করেন কিংসের সাব্বির হোসেন। বাকি সময় এই ব্যবধান ধরে রেখেই ফাইনালে নাম লেখায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
প্রতিযোগিতার এলিমিনেটর ম্যাচ হচ্ছে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রথমার্ধ শেষে সাদা-কালোরা ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর বৃষ্টির কারণে অনেকক্ষণ বন্ধ ছিল ম্যাচটি। এই রিপোর্ট লেখার সময় ফের মাঠে নেমেছে দুই দল।
