ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ চারে টিকে থাকার লড়াই এখন। সে লড়াইয়ে সোমবার রাতে বড় ধাক্কা হজম করতে হয়েছে সাবেক চ্যাম্পিয়ন দলটিকে। নিজেদের মাঠের খেলায় অপেক্ষাকৃত দল লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গেছে। প্রিমিয়ার লিগে ম্যানইউয়ের বিপক্ষে প্রায় দুই যুগ পর (২৩ বছরে ) লিডসের এটা প্রথম সাফল্য।
লিডসের অষ্টম জয়
৩২ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫৫। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩১ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৫। এছাড়া লিভারপুল ৫২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ফলে ম্যানইউ যে কোনো সময় তৃতীয় স্থান হারানোর শঙ্কায় পড়তে পারতো। লিডস ইউনাইটেড ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে। এবারের মৌসুমে লিডস ইউনাইটেডের এটা মাত্র অষ্টম জয়।
তৃতীয় স্থানটা স্থায়ী করার দারুণ সুযোগ ছিল ম্যানইউয়ের সামনে। এতে তো নিজেদের মাঠে খেলা। তার ওপর লিডস ইউনাইটেড এবারের মৌসুমে ভালো খেলা উপহার দিতে পারছে না। তুলনামূলক বেশ দুর্বল। কিন্তু মাঠে নেমেই তারা চমক দেখায়। শুরুতেই গোল পেয়ে যায় তারা। শুধু তাই নয়, ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই জোড়া গোল করে সফরকারী দলটি। উভয় গোলই করেন নোয়াহ ওকাফোর।
মার্টিনেজের লাল কার্ড
ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায়। কাসেমিরো ৬৯ মিনিটে গোলটি করেন। তবে ম্যানইউয়ের বড় সর্বনাশটা হয়ে যায় ৫৬ মিনিটে। এ সময়ে লিসান্দ্রো মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের অস্থায়ী কোচ মাইকেল কারিক এই লাল কার্ড মেনে নিতে পারেননি। প্রতিপক্ষ খেলোয়াড় কালভার্ট লিউইনের চুল টেনে ধরার কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। কিন্তু কারিকের দাবি সে ইচ্ছা করে এ কাজ করেনি। শট নিতে গিয়ে পড়ে যাওয়ার সময় হাতের কাছে যা পেয়েছে তাই ধরেছে।
রিভিউ নাকচ
ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে রিভিউয়ের আবেদন করা হয়েছিল। কিন্তু রেফারি সে কথায় কান দেননি। এ বিষয়ে কালভার্ট বলেন, আমি আইন তৈরি করি না। আমার কাছে মনে হয়েছে কেউ আমার চুল ধরে টান দিয়েছে। আমি রেফারিকে বলেছি।তিনি সিদ্ধান্ত নিয়েছেন।
