বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ । সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশের যুবারা। এরপর দীর্ঘ সময় যুব দলের জন্য নতুন কোনো বড় প্রোগ্রাম বা টুর্নামেন্ট আয়োজন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন করে দল গঠনের কাজ শুরু হয়েছে।
বিসিবি ইতোমধ্যে শেষ করেছে ইয়ুথ ক্রিকেট লিগ। পাশাপাশি ৫০ জন ক্রিকেটারকে নিয়ে চলছে ট্রেনিং সেশনও। ভবিষ্যতের দল গড়তে সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখছে বোর্ড।
এদিকে জুনিয়র টাইগারদের প্রধান কোচ নাভিদ নেওয়াজের চুক্তি বাড়বে কি না, তা নিয়েও কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০২৮ সালেও যুব দলের দায়িত্বে থাকতে পারেন তিনি।
যুব দলের পরিকল্পনায় বড় চমক হিসেবে উঠে এসেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের নাম। বিসিবি তাকে যুব দলের মেন্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বলে জানা গেছে। সব কিছুই প্রায় চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।
বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের গড়ে তুলতে এবার অভিজ্ঞতা আর পরিকল্পনাকে একসঙ্গে কাজে লাগাতে চাইছে বোর্ড। মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পাশে পাওয়ায় যুব দলের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে।
