চ্যাম্পিয়নকে কখনোই ম্লান করা যায় না। চ্যাম্পিয়ন তার আপন নৈপুণ্যেই থাকেন পাদ প্রদীপের আলোয়। আর চ্যাম্পিয়নের বিপরীতে থাকা রানার আপ থাকেন নজরের বাহিরেই। কিন্তু ২০২৬ সালের নারী একক ফ্রেঞ্চ ওপেন টুর্ণামেন্টে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। একটি অনুসরণীয় ও ঐতিহাসিক গল্প তৈরি হয়েছে প্যারিসের ক্লে কোর্টে যা রচিত হতে প্রয়োজন হয় নি সেরার ট্রফি। তবু হয়েছেন সেরা। ফ্রেঞ্চ ওপেন ২০২৬ এ বিশ্ব টেনিস দেখেছে সাম্প্রতিক সময়ের অন্যতম অবিশ্বাস্য অভিযাত্রা। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন মিরা আন্দ্রেয়েভা। কিন্তু হৃদয় জয় করে ইতিহাস রচনা করেছেন পোল্যান্ডের ২৪ বছর বয়সী বাঁহাতি টেনিস খোলোয়াড় মায়া চওয়ালিনস্কা ।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১১৪ নম্বরে থাকা মায়া চওয়ালিনস্কা প্যারিসে এসেছিলেন প্রায় অচেনা একজন খেলোয়াড় হিসেবে। তাকে কেউ শিরোপার দাবিদার ভাবেনি। সম্ভাব্য ফাইনালিস্টদের তালিকায় তাঁর নাম কেউ স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু মাত্র তিন সপ্তাহ পরে তিনি দাঁড়িয়ে ছিলেন রোলাঁ গারোঁর ফাইনালে, রানার্স-আপ ট্রফি হাতে, আর পুরো টেনিস বিশ্বের শ্রদ্ধা কাঁধে নিয়ে।
এই গল্প শুধু টেনিসের নয়। এটি অধ্যবসায়, সংগ্রাম এবং হার না মানা এক মানুষের গল্প।

প্যারিসের আলোয় ওঠার বহু আগে থেকেই মায়া লড়াই করে যাচ্ছিলেন নিজের জীবনের নানা প্রতিকূলতার বিরুদ্ধে। জুনিয়র পর্যায়ে তিনি পোল্যান্ডের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় ছিলেন। কিন্তু এরপর আসে একের পর এক চোট, র্যাঙ্কিংয়ে পতন, আর্থিক অনিশ্চয়তা এবং দীর্ঘ মানসিক সংগ্রাম।
একসময় বিষণ্নতা এতটাই গভীর হয়ে উঠেছিল যে তিনি টেনিস ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। যখন বিশ্ব নতুন নতুন তারকা খুঁজে নিচ্ছিল, তখন মায়া ইউরোপের ছোট ছোট আইটিএফ টুর্নামেন্টে নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন।
না ছিল বড় স্পন্সর। না ছিল প্রচার। ছিল শুধু আত্মবিশ্বাস। ১৮ বছর ধরে তিনি টেনিস খেলছেন। ১৮ বছর ধরে অপেক্ষা করেছেন। ১৮ বছর ধরে বিশ্বাস করে গেছেন যে একদিন তার সময় আসবে। আর সেই সময় এল প্যারিসে।
যাত্রা শুরু
ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে ওঠার জন্য তাকে প্রথমে খেলতে হয়েছিল কোয়ালিফাইং রাউন্ড। কোয়ালিফাইং রাউন্ডে তিনটি ম্যাচ জিতে তিনি মূল ড্রয়ে জায়গা করে নেন। এরপর শুরু হয় রূপকথার গল্প রচনা। অসম্ভবকে সম্ভব করে তোলা। একের পর এক উচ্চ র্যাঙ্কধারী খেলোয়াড় তার কাছে হার মানতে থাকেন। শক্তির চেয়ে তিনি বেশি ব্যবহার করেছেন কৌশল, ধৈর্য, বৈচিত্র্য এবং অসাধারণ কোর্ট সেন্স।
প্রতিটি রাউন্ডের সঙ্গে সঙ্গে গল্পটা আরও অবিশ্বাস্য হয়ে উঠছিল। কোয়ার্টার ফাইনালে পৌঁছে তিনি টেনিস বিশ্বের নজর কেড়ে নেন। সেমিফাইনালে পৌঁছে তিনি হয়ে ওঠেন পুরো টুর্নামেন্টের আবেগ।
২২ নম্বর বাছাই আন্না কালিনস্কায়াকে হারিয়ে তিনি ফ্রেঞ্চ ওপেন ইতিহাসে মাত্র দ্বিতীয় নারী কোয়ালিফায়ার হিসেবে সেমিফাইনালে ওঠেন। একই সঙ্গে গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে মাত্র ষষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন। কিন্তু তার যাত্রা তখনও শেষ হয়নি। সেমিফাইনালে তিনি হারান ২৫ নম্বর বাছাই ডায়ানা শ্নাইডারকে। আর তখনই ইতিহাস লেখা হয়ে যায়। মায়া চওয়ালিনস্কা, একজন কোয়ালিফায়ার, একজন আন্ডারডগ, একজন স্বপ্নবাজ-গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট।
প্যারিসে তিনি মোট নয়টি ম্যাচ জিতেছেন। কোয়ালিফাইংয়ে তিনটি, মূল পর্বে ছয়টি। হার মাত্র একটি, সেটিও ফাইনালে। তার অর্জনগুলো আরও অবিশ্বাস্য।
র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উত্থান
তিনি ফ্রেঞ্চ ওপেন ইতিহাসের প্রথম নারী কোয়ালিফায়ার, যিনি ফাইনালে উঠেছেন। ওপেন যুগে প্রথম কোয়ালিফায়ার হিসেবে রোলাঁ গারোঁর নারী এককের ফাইনালে খেলেছেন। ২০২১ সালে এমা রাডুকানুর পর প্রথম কোয়ালিফায়ার হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম এককের ফাইনালে পৌঁছেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর স্থান থেকে উঠে সরাসরি বিশ্বের সেরা ২১ খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছেন। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ১৯ বছর বয়সী মিরা আন্দ্রেয়েভা।
আন্দ্রেয়েভা অসাধারণ টেনিস খেলেন এবং ৬-৩, ৬-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা জয় করেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও আলো পুরোপুরি বিজয়ীর ওপর ছিল না। কারণ দর্শকরা জানত, তারা একটি বিরল ইতিহাসের সাক্ষী হয়েছে। তারা দেখেছে এমন একজনকে, যিনি হেরে গিয়েও জয়ী।
প্যারিসে আসার আগে মায়া চওয়ালিনস্কার পুরো ক্যারিয়ারের প্রাইজমানি ছিল প্রায় ৮ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার। ১৮ বছরের পেশাদার ক্যারিয়ারের মোট উপার্জন।
আর মাত্র তিন সপ্তাহেই আয় করেছেন তাঁর দ্বিগুণ। ফ্রেঞ্চ ওপেন ২০২৬ এর রানার্স-আপ হয়ে তিনি পেয়েছেন প্রায় ১৬ লাখ ১০ হাজার ডলার। ১৮ বছরের আয়। অতিক্রম হয়ে গেছে ২১ দিনের মধ্যে। এটি শুধু একটি ক্রীড়া সাফল্য নয়, এটি একটি জীবন বদলে দেওয়া ঘটনা।
১১৪ থেকে ২১
প্যারিসে আসার সময় তিনি ছিলেন বিশ্বের ১১৪ নম্বর খেলোয়াড়। প্যারিস ছাড়ার সময় তিনি বিশ্বের ২১ নম্বর। মাত্র তিন সপ্তাহে ৯৩ ধাপ এগিয়ে যাওয়া। যে খেলোয়াড় একসময় নিজের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার অর্থ নিয়ে চিন্তিত ছিলেন, তিনি এখন বিশ্ব টেনিসের অন্যতম পরিচিত মুখ। ইতিহাসের বই লিখবে, ২০২৬ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন মিরা আন্দ্রেয়েভা।
কিন্তু ইতিহাস আরেকটি নামও মনে রাখবে। মায়া চওয়ালিনস্কা। একজন কোয়ালিফায়ার। একজন যোদ্ধা। একজন স্বপ্নবাজ, যিনি অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি ট্রফি জিততে পারেননি। কিন্তু তিনি জয় করেছেন মানুষের হৃদয়। চ্যাম্পিয়নরা ট্রফি জয় করে কিন্তু কিংবদন্তিরা রচনা করে ইতিহাস। মায়া সেই ইতিহাস রচয়িতা।
আর ২০২৬ সালের প্যারিসে, মাজা খভালিনস্কা টেনিসকে উপহার দিয়েছেন এমন এক গল্প, যা বহু বছর ধরে স্মরণ করা হবে।
এক নজরে মায়ার সব রেকর্ড
- ১. ২০২১ সালের ইউএস ওপেনে এমা রাডুকানুর পর, ওপেন যুগে কোনো মেজরের একক ফাইনালে পৌঁছানো দ্বিতীয় কোয়ালিফায়ার হলেন মায়া চওয়ালিনস্কা এবং রোলাঁ-গ্যারোসে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ব্যক্তি।
- ২. ওপেন যুগে রোলাঁ-গ্যারোসে অভিষেক হওয়া খেলোয়াড়দের মধ্যে, ইভন গুলাগং (১৯৭১) এবং ক্রিস এভার্টের (১৯৭৩) পর চওয়ালিনস্কা হলেন তৃতীয় খেলোয়াড় যিনি নিজের প্রথম মেইন ড্র-তেই এই টুর্নামেন্টের মহিলাদের একক ফাইনাল খেলেছেন।
- ৩. ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালে বাছাইপর্বে বাদ পড়ার পর এই পোলিশ খেলোয়াড় প্রথমবারের মতো রোল্যান্ড-গ্যারোসের মূল পর্বে অংশ নিয়েছেন।
- ৪. বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১৪ নম্বরে থাকা চওয়ালিনস্কা গত ৪০ বছরে শীর্ষ ১০০ এর বাইরে থাকা তৃতীয় খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছেছেন। সেরেনা উইলিয়ামস (উইম্বলডন ২০১৮-তে ১৮১ নম্বর) এবং এমা রাডুকানু (ইউএস ওপেন ২০২১-এ ১৫০ নম্বর) হলেন অন্য দুজন।
- ৫. ভেনাস উইলিয়ামস (ইউএস ওপেন ১৯৯৭) এবং এমা রাডুকানু (ইউএস ওপেন ২০২১)-এর পর, চালিন্সকা ওপেন যুগে তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামে ডব্লিউটিএ-স্তরের ফাইনালে পৌঁছেছেন। এই সপ্তাহের আগে তিনি কখনো ট্যুর-স্তরের কোনো সেমিফাইনালেও পৌঁছাননি।
- ৬. ফাইনালে ওঠার পথে চওয়ালিনস্কা মূল পর্বে একটানা ছয়টি জয় পেয়েছেন যা এই আসরের আগে তার পুরো ক্যারিয়ারে মোট জয়ের সমান। তিনি এর আগে কোনো মৌসুমে দুইটির বেশি ট্যুর-স্তরের ম্যাচ জেতেননি।
- ৭. ১৯৯০ সালের পর চওয়ালিন্সকা হলেন তৃতীয় খেলোয়াড় যিনি একই টুর্নামেন্টে শীর্ষ ৫০ র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষের বিরুদ্ধে তার ক্যারিয়ারের প্রথম চারটি জয় অর্জন করেছেন। কেবল জেনিফার ক্যাপ্রিয়াতি (বোকা রেটন ১৯৯০) এবং তালিয়া গিবসন (ইন্ডিয়ান ওয়েলস ২০২৬) এই কৃতিত্বের পুনরাবৃত্তি করেছেন।
- ৮. আগনিয়েস্কা রাদওয়ানস্কা এবং ইগা সোয়াটেকের পর চওয়ালিনস্কা ওপেন যুগে গ্র্যান্ড স্ল্যাম একক ফাইনালে পৌঁছানো তৃতীয় পোলিশ নারী খেলোয়াড়।
- ৯. যদি ফাইনালে জিততেন তবে চওয়ালিনস্কা হতেন ১৯৯২ সালে মনিকা সেলেসের পর প্যারিসে শিরোপা জেতা প্রথম বাঁ-হাতি নারী খেলোয়াড়।
চ্যাম্পিয়নকে ছাপিয়ে আলোচনায় চওয়ালিনস্কা
মাত্র তিন সপ্তাহে চওয়ালিনস্কা রচনা করেছেন তাঁর জীবনের সেরা স্মৃতি একইসাথে রচনা করেছেন টেনিসের ইতিহাসে অনবদ্য সব রেকর্ড। ভাগ্যের দেবী মোইরাই তাঁকে যেন দিয়েছেন দুহাত ভরে। যার কারণে এমনকি চ্যাম্পিয়ন মিরা আন্দ্রেয়েভাও চলে গেছেন আলোচনার বাহিরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























