মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের ফিফা আসিয়ান কাপ অভিযান শুরু

ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশন। উদ্বোধনী দিনে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে সিঙ্গাপুর। একই দিনে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার নতুন এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে ফিফা।

১৪ দল নিয়ে আয়োজিত ফিফা আসিয়ান কাপ দুটি বিভাগে বিভক্ত। ১১টি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে খেলছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। ছয় দলের নিচের স্তরের নাম চ্যালেঞ্জ ডিভিশন। এই বিভাগ শুরু হবে ২৪ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে ব্রুনেই।

প্রিমিয়ার ডিভিশনে রয়েছে আটটি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। ‘বি’ গ্রুপে রয়েছে গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা থাইল্যান্ড ও ভিয়েতনাম। তাদের সঙ্গে একই গ্রুপে আছে ফিলিপাইন ও পাকিস্তান।

বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দল স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ

২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। এরপর ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ভিয়েতনাম অবশ্য ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে।

এই প্রতিযোগিতায় খেলার জন্য ভারত ও চীনকেও আমন্ত্রণ জানিয়েছিল ফিফা। তবে শেষ পর্যন্ত দুই দলই নাম প্রত্যাহার করে নেয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে উচ্চপ্রোফাইল প্রীতি ম্যাচ থাকায় একই দিনে ফিফা আসিয়ান কাপের ফাইনাল হওয়ায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা তাতে সম্মতি দেয়নি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারে জাতীয় দলগুলোর জন্য অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করতেই ফিফা আসিয়ান কাপ চালু করা হয়েছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles