দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ

কাসেমিরোর হেড

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে শীর্ষ পাঁচে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইটা ভালোভাবে ধরে রেখেছে সাবেক চ্যাম্পিয়নরা। সেই মিশনে সোমবার রাতে দলটি নিজেদের মাঠের খেলায় ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে। ম্যানইউয়ের হয়ে কাসেমিরো ও বেঞ্জামিন সেসকো গোল করেন। ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস ইয়ানসেন।

৩৪ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখন টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। ৭০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে। তবে ম্যানচেস্টার সিটি একটা ম্যাচ কম খেলেছে। পরবর্তী ম্যাচে জয় পেলে আর্সেনালকে টপকে তারা আবার শীর্ষে উঠে আসবে। ম্যানইউয়ের কাছে হেরে ব্রেন্টফোর্ড নবম স্থানে রয়েছে।

অনেক এগিয়ে ম্যানইউ

পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। ৬১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। এ ম্যাচের জয় তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা প্রায় নিশ্চিত করে দিয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা লিভারপুল ও অ্যাস্টন ভিলা নিয়মিত ম্যানইউকে চোখ রাঙানি দিলেও ষষ্ঠ স্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অনেক দূরে রয়েছে। ম্যানইউ থেকে ব্রাইটনের পার্থক্য ১১ পয়েন্টের। ফলে আর মাত্র চার রাউন্ড বাকি থাকা ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলার ব্যাপারে পুরোপুরি নিশ্চিতই বলা যায়।

গোলের পর ম্যানইউয়ের খেলোয়াড়রা

গোল পাননি তবে ফের্নান্দেস ছিলেন ম্যানইউনাইটেডের এই জয়ের নায়ক। ম্যানইউয়ের জয়সূচক গোলের রূপকার ছিলেন তিনি। তার কাছ থেকে বল পেয়েই বিরতির আগ মুুহুর্তে বেঞ্জামিন সেসকো জয় সূচক গোলটি করেন। মৌসুমে এটি ছিল ফের্নান্দেসের ১৯তম অ্যাসিস্ট। তার আগে ম্যাচের শুরুতে স্কোরশিটে নাম লেখান কাসেমিরো। ম্যাচের একাদশ মিনিটে কাসেমিরো গোল করে ম্যানইউতে শেষ মৌসুমটা স্মরণীয় করে রাখছেন তিনি।

সর্বোচ্চ অ্যাসিস্টের পথে ফের্নান্দেস

এ ম্যাচে গোলের রূপকার হওয়ার মাঝ দিয়ে এক একক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হওয়ার পথে রয়েছেন ফের্নান্দেস। ১৯টি অ্যাসিস্ট তার। ২০টি অ্যাসিস্ট করে সবার উপরে রয়েছে কেভিন ডি ব্রুইন ও থিয়েরি অরি।

শেষ সময়ে উত্তেজনা

ম্যাচ যখন শেষ পর্যায়ে তখন ব্রেন্টফোর্ড গোল করে উত্তেজনা ফিরিয়ে এনেছিল। ম্যাথিয়াস ইয়ানসেন ৮৭ মিনিটে ব্যবধান কমান। তার আগে গোলের একটা সহজ সুযোগ নষ্ট করে ব্রেন্টফোর্ড। ড্যাঙ্গো কোয়াতারার দূরপাল্লার শট পোস্টে আঘাত করে। শেষ সময়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ, সে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটটা অনেকটাই নিশ্চিত করেছে।

Exit mobile version