ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের স্বপ্ন ধরে রাখতে ম্যানচেস্টার সিটির সামনে একটাই মাত্র পথ খোলা ছিল। জয়। রবিবার রাতে আর্সেনালের বিপক্ষে জীবন মরণ লড়াইয়ে সেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠের খেলায় ২-১ গোলের জয় শিরোপার দৌড়ে টিকে থাকলো পেপ গার্দিওলার দল।
ম্যানচেস্টার সিটির কাছে হারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো নেতৃত্ব দিচ্ছে আর্সেনাল। ৩৩ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭০। তিন পয়েন্ট কম অর্থাৎ ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। অর্থাৎ ৩৩ ম্যাচে জয় পেলেই ম্যানসিটি শীর্ষে উঠে আসবে।
ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনা বজায় থাকলো। লিগ লড়াইয়ে আকর্ষণ বেড়ে গেল অনেকাংশ। অন্যদিকে আর্সেনাল জয় পেলে তাদের শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যেতে। প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে রূপ নিত।
ম্যানসিটি উজ্জ্বীবিত
পয়েন্ট টেবিলে এখনো পিছিয়ে থাকলেও এ ম্যাচ জয়ের পর ম্যানচেস্টার সিটি এখন অনেক উজ্জ্বীবিত। শিরোপা লড়াই থেকে তাদের দূরে রাখা এখন কঠিনই বটে। ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি অলিখিত সেমিফাইনালে রূপ নিয়েছিল। জিতলে টিকে থাকা যাবে, হারলে বিদায়।
আর্সেনালের টানা দ্বিতীয় হার
আর্সেনালের এটা টানা দ্বিতীয় হার। এই হার আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। ২০০৪ সালের পর শিরোপা জয়ের খুব কাছাকাছি এসে হয়তো তাদেরকে শেষ পর্যন্ত হতাশই হতে হবে। শিরোপার দৌড়ে থাকলেও পথটা কঠিন হয়ে পড়েছে।
চেরকির অসাধারণ গোল
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই গোল করে ম্যানসিটি এগিয়ে যায়। অসাধারণ এক গোল করেন রায়ান চেরকি। বক্সের মধ্যে সাপের মতো একেঁবেকে এগিয়ে গিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ষোড়শ মিনিটে এ গোলের আগে উভয় দল একাধিকবার একে অপরের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল। তবে চেরকির গোল অবশ্য ম্যানসিটিকে বেশি সময় স্বস্তিতে রাখতে পারেনি। মাত্র দুই মিনিটের ব্যবধানে আর্সেনাল খেলায় ফিরে আসে।
ডোনারুমার ভয়ঙ্কর ভুল
ম্যানসিটির গোলরক্ষক ডোনারুমার এক ভয়ঙ্কর ভুল আর্সেনালকে খেলায় ফিরিয়ে আনে। সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে পাওয়া বল নিয়ে কারিকুরি করতে চেয়েছিলেন ডোনারুমা। তার এই চাওয়া ভয়ঙ্কর হয়ে দেখা দেয় ম্যানসিটির জন্য। কাই হাভার্টজ তার কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন। খেলায় সমতা ফেরে।
শেষ পর্যন্ত ৬৫ মিনিটে আর্লিং মিনিটের গোল ডোনারুমাকে অস্বস্তিতে রক্ষা করে। গোলের সামনে অপেক্ষায় থাকা হালান্ড হঠাৎ করে পাওয়া বল জালে জড়িয়ে দেন। আগামী বুধবার বার্নলির বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। সে ম্যাচে জিতলেই শীর্ষে উঠে আসবে প্রায় সারাটা পথ আর্সেনালকে অনুসরণ করা ম্যানচেস্টার সিটি।
