ম্যানসিটির অষ্টম এফএ কাপ জয়

উচ্ছ্বসিত গার্দিওলা, বের্নার্দো ও সেমিনিও

ম্যানসিটির অষ্টম এফএ কাপ জয়

ম্যানসিটির অষ্টম এফএ কাপ জয়, ছবি : সংগৃহীত

আন্তোয়ান সেমেনিওর একমাত্র গোলে ম্যানসিটির অষ্টম এফএ কাপ জয়। শনিবার রাতে ওয়েম্বলিতে ম্যাচের ৭২ মিনিটে ঘানার এই ফরোয়ার্ড আর্লিং হালান্ডের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করলে শেষ পর্যন্ত হেরে যায় চেলসি। চলতি মৌসুমে এটি দ্বিতীয় শিরোপা সিটিজেনদের। এর আগে কারাবাও কাপ (ইএফএল) জিতেছে তারা।

ম্যানসিটির অষ্টম এফএ কাপ জয়ের আগেই এই আসরে সমানসংখ্যক শিরোপা জিতেছে চেলসি, টটেনহাম হটস্পার ও লিভারপুল। সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। এছাড়া ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিশ্বের ফুটবল ইতিহাসে প্রাচীনতম প্রতিযোগিতা দ্য ফুটবল অ্যাসোসিয়েশেন চ্যালেঞ্জ কাপ যা এফএ কাপ হিসেবেই পরিচিত। ১৮৭১ সালে প্রথমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত আসরে ম্যানসিটি ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা জিততে ব্যর্থ হয়। এবার তারা একই ব্যবধানে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল।

ট্রফি নিয়ে পোডিয়ামে উল্লাস সিটি খেলোয়াড়দের, ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে তেমন ভালো সময় কাটেনি এবার চেলসির। দুই ম্যাচ মাত্র বাকি, ৯ নম্বরে থাকা চেলসির আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না। এমনকি ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও ক্ষীণ। কিন্তু বড় দলের সঙ্গে লড়াই এবং ফাইনাল বলে কথা, তাই ওয়েম্বলিতে ম্যানসিটির সঙ্গে সমানতালেই খেলেছে তারা।

যেভাবে ম্যানসিটির অষ্টম এফএ কাপ জয়

বল নিয়ন্ত্রণে পেপ গার্দিওলার দল সিটি কিছুটা এগিয়ে থাকলেও সেখান থেকে গোল আসেনি। তাই প্রথমার্ধ গোলশূন্য থেকেই সমাপ্ত হয়। গোলে শট নেওয়ার ক্ষেত্রেও গার্দিওলার শিষ্যরা এগিয়ে ছিল। যদিও শেষ ২০ মিনিটে দুই দলই কিছু সুযোগ তৈরি করে। কিন্তু সাফল্য পায় ম্যানসিটি ম্যাচের ৭২ মিনিটে।

গোলের পর সেমিনিওর উদযাপন, ছবি : সংগৃহীত

হালান্ডের বাড়ানো ক্রসে ব্যাকহিল ফিনিশে দুর্দান্ত গোলটি করে ম্যানসিটিকে শিরোপা পাইয়ে দিয়েছেন সেমিনিও। তিনি বলেছেন,‘অনুশীলনের সময় এমনটা কয়েকবার হয়েছে—আজ এটা একদম নিখুঁতভাবে হয়েছে। সত্যি বলতে, সবকিছু এত দ্রুত ঘটে গেল! বলটি সরাসরি আমার কাছে এসেছিল এবং আমাকে যত দ্রুত সম্ভব নিজের মতো করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছিল। এটা সত্যিই একটা দারুণ ফিনিশিং ছিল, আমি মিথ্যা বলব না।’

মাত্র দুই মাস আগে এই ওয়েম্বলিতেই আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জেতে ম্যানসিটি। প্রিমিয়ার লিগেও দুই দলের মধ্যেই শিরোপা জয়ের লড়াই চলছে। সেখানেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারলে চলতি মৌসুমে লিগ ট্রেবল জয় হবে সিটিজেনদের।

অধিনায়ক বের্নার্দো ও কোচ গার্দিওলার প্রতিক্রিয়া

সিটিতে নিজের ক্যারিয়ারের শেষ সময়ে এফএ কাপের এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেণ অধিনায়ক বের্নার্দো সিলভা। তিনি বলেছেন,‘এফএ কাপ সত্যিই খুব, খুবই বিশেষ একটি টুর্নামেন্ট। এই শিরোপা জেতাটা সমস্ত খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং স্টাফদের কাছে অনেক বড় একটি বিষয়। এই ক্লাবে দীর্ঘ নয় বছর কাটানোর পর আমি জানি যে আমাদের সমর্থকদের কাছে এই ট্রফিটির মূল্য কতটা।‘

শিষ্যদের নির্দেশনা দিতে ব্যস্ত গার্দিওলা, ছবি : সংগৃহীত

দারুণ খুশি পেপ গার্দিওলা নিজেও। তিনি উচ্ছ্বাসের সঙ্গেই বলেছেন,‘আমি হয়তো কোনো কিছুর অভাব বোধ করছিলাম, তবে গত দুই মাসে আমি দলের মধ্যে এমন একটি স্থিতিশীলতা অনুভব করেছি যা অতীতে খুঁজে পাইনি। চ্যাম্পিয়ন্স লিগে আমরা একটি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমরা অসাধারণ খেলেছি এবং আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

আগামী ২৫ মে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে ক্লাবের চলতি মৌসুমে জেতা ডাবলের উদযাপন করা হবে। খেলোয়াড় ও কোচদের দেওয়া হবে সংবর্ধনা। এমনটাই ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ। লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় ম্যানচেস্টার শহরের উত্তর প্রান্ত থেকে শুরু হওয়া এই ‘বাস প্যারেড’ ৫টায় শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল সংবর্ধনা মঞ্চে গিয়ে।

Exit mobile version