চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ

জয় নিশ্চিত করা কোবি মেইনকোর গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে এবার নেই ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তারা লড়ছে তৃতীয় ও চতুর্থ স্থানের। সে লড়াইয়ে রবিবার বড় লাফ দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। হারিয়েছে লিভারপুলকে। নিজেদের মাঠের খেলায় ৩-২ গোলের জয় নিয়ে ম্যানইউ তৃতীয় স্থান অনেকটা নিশ্চিত করেছে।

উভয় লেগে জয়

রবিবারের এ জয়ের ফলে প্রিমিয়ার লিগের এক মৌসুমে লিভারপুলের বিপক্ষে উভয় লেগে জয়ের দেখা পেল ম্যানইউ। ২০১৫-১৬ মৌসুমের পর এমন কৃতিত্ব দেখাল ম্যানইউ। একই সঙ্গে এ জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলা নিশ্চিত হয়েছে ম্যানইউয়ের।

৩৫ ম্যাচ শেষে ম্যানইউয়ের পয়েন্ট ৬৪। সমান ম্যাচে লিভারপুলের ভান্ডারে জমা হয়েছে ৫৮ পয়েন্ট। ৩৫ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে ম্যানচেস্টার সিটি। উভয় দলই রয়েছে শিরোপা জয়ের লড়াইয়ে। ম্যানচেস্টার সিটির হাতে এখনো দুটো ম্যাচ বাকি থাকায় তাদের সামনে আর্সেনালকে টপকে যাওয়ার সুযোগ থাকছে।

গোলের পর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা

১৪ মিনিটে দুই গোল

তৃতীয় স্থানের লড়াই জমিয়ে তোলার দারুণ সুযোগ ছিল লিভারপুলের সামনে। সে জন্য তাদেরকে ম্যানইউয়ের মাঠ থেকে জয় নিয়ে ফেরার দরকার ছিল। কিন্তু তারা তা পারেনি। খেলার শুরুতে মনে হয়েছিল হার মেনে নিয়েই তারা মাঠে নেমেছে। একের পর এক গোল হজম করেছে। ম্যাচের বয়স ১৪ মিনিট হতেই দুইবার লিভারপুলের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়।

ম্যাথিউস কুনহা ষষ্ঠ মিনিটে ও বেঞ্জামিন সেসকো ১৪তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে নেন। বড় জয়ের ইঙ্গিত দেয় সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত ঘুরে দাঁড়ায় রেড ডেভিলরা। মাত্র ৯ মিনিটের মধ্যে জোড়া গোল করে লিভারপুল। ডোমিনিক ৪৭ মিনিটে এবং কোবি গাকপো ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত অবশ্য লিভারপুল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ৭৭ মিনিটে কোবি মেইনকো গোল করে ম্যানইউয়ের পুরো পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন।

তৃতীয় স্থান নিশ্চিত

এ ম্যাচে জয়ের ফলে ম্যানইউয়ের তৃতীয় স্থান অনেকটা নিশ্চিত। অন্যদিকে লিভারপুলের চতুর্থ স্থানও শঙ্কায় পড়ে গেছে। অ্যাস্টন ভিলাও চতুর্থ স্থানের দিকে কড়া নজর রেখেছে। তাদেরও পয়েন্ট ৫৮। উভয় দলের এখনো তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। এই তিনি ম্যাচেই তাদের ভাগ্য নির্ভর করছে। তাদের মতোই বাকি ম্যাচে ভাগ্য নির্ভর করছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। উভয় দলই শিরোপা জয়ের পথে দারুণ অবস্থানে রয়েছে। একটু পা ফসকালেই হাতছাড়া হতে পারে শিরোপা।

Exit mobile version