লিওনেল মেসি যখন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছিলেন, তখন ক্লাবটির ইউরোপীয় সাফল্য নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর নাকি বলেছিলেন, “পিএসজি কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না।” তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে পিএসজি যেভাবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রেখেছে, তাতে মেসির ‘ভবিষ্যদ্বাণী’ এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।
কোচ লুইস এনরিক এর অধীনে পিএসজি এখন এক সুসংগঠিত ‘সুপার টিমে’ পরিণত হয়েছে। গত মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর চলতি মৌসুমেও তাদের জয়জয়কার। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করার পর দলটির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া মেসির সেই পুরনো মন্তব্য নিয়ে মুখ খুলেছেন।
ভিতিনিয়ার ভাষ্যমতে, পিএসজি ছাড়ার সময় মেসি হতাশ হয়ে বলেছিলেন,
তোমরা কখনোই চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না।
মেসি যখন দলে ছিলেন (২০২১-২০২৩) , তখন বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ নিয়েও পিএসজিকে বারবার শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল। ৭৫ ম্যাচে ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্টের ব্যক্তিগত সাফল্য থাকলেও প্যারিসকে কাঙ্ক্ষিত ইউরোপসেরার মুকুট এনে দিতে পারেননি মেসি।
তবে এখনকার পিএসজি যেন ভিন্ন ধাতুতে গড়া। ভিতিনিয়া বলেন,
মেসি কী বলেছিলেন সেটি বড় কথা নয়, বড় কথা হলো আমরা এখন টানা দ্বিতীয় ফাইনালে এবং শিরোপা ধরে রাখার সামনে। আগে আমাদের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হতো, কিন্তু লুইস এনরিকের অধীনে আমরা সেই বাধা কাটিয়ে উঠেছি। আমাদের ধারাবাহিকতাই প্রমাণ করে আমরা কতটা উন্নতি করেছি।
লুইস এনরিকে দায়িত্ব নেওয়ার পর থেকে দলে ব্যক্তি নির্ভরতা কমিয়ে দলগত সংহতি বাড়িয়েছেন। বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দুই লেগেই আক্রমণ ও রক্ষণের যে ভারসাম্য পিএসজি দেখিয়েছে, তাতে তারা এখন ইউরোপের যেকোনো বড় দলের জন্য আতঙ্কের কারণ।
আগামী ৩০ মে বুদাপেস্টে আর্সেনালের বিপক্ষে ফাইনালে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। যদি তারা শিরোপা ধরে রাখতে পারে, তবে সেটি হবে মেসির সেই নেতিবাচক মন্তব্যের চূড়ান্ত জবাব। প্যারিসিয়ান ভক্তরা এখন স্বপ্ন দেখছেন মেসি যা পারেননি, এনরিকের তরুণ বাহিনী সেই অসাধ্য সাধন করে ইউরোপে নিজেদের দীর্ঘস্থায়ী রাজত্ব কায়েম করবে।
