বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে চেকিয়ার মুখোমুখি মেক্সিকো

বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে চেকিয়ার মুখোমুখি মেক্সিকো । নিজেদের ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে সহ-আয়োজক মেক্সিকো। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই নিশ্চিত করেছে নকআউট পর্ব, তবে তাতেও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ হাভিয়ের আগিরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় চেকিয়ার বিপক্ষে আরও পরিপূর্ণ পারফরম্যান্স দেখতে চান অভিজ্ঞ এই কোচ।

‘এ’ গ্রুপে প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ এবং দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো। এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে উঠে গেলেও দলের খেলায় কিছু জায়গা নিয়ে চিন্তায় রয়েছেন আগিরে। বিশেষ করে রক্ষণভাগের ছোট ছোট ভুল এবং পুরো ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা তাকে ভাবাচ্ছে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আগিরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয়ের পরও দলের পারফরম্যান্সে তিনি পুরোপুরি খুশি নন। তার চাওয়া, চেকিয়ার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে প্রায় নিখুঁত ফুটবল খেলুক তার দল।

নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। নিয়মিত কয়েকজনকে বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন মেক্সিকো কোচ। তবে যারা মাঠে নামবেন, তাদের জন্য বার্তা পরিষ্কার, আত্মতুষ্টির সুযোগ নেই।

অন্যদিকে চেকিয়ার জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। চেক প্রজাতন্ত্র তাদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করেছে, আর বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছিল। দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপের তৃতীয় স্থানে আছে। তাই নকআউট পর্বে যেতে হলে তাদের এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত জরুরি।

সব মিলিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় ধরে রাখতে চাইবে মেক্সিকো, আর টিকে থাকার লড়াইয়ে শেষ শক্তিটুকু উজাড় করে দেবে চেকিয়া। তাই ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এক পরীক্ষা।

Exit mobile version