কত স্বপ্ন, কত আশা। নিজেদের মাঠে খেলবে ইন্টার মায়ামি। কিন্তু ফ্লোরিডার স্টেডিয়াম ইন্টার মায়ামির জন্য যেন হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবারও ড্র করেছে দলটি। মেজর সকার লিগে রবিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে নিউ ইংল্যান্ড রেভুলু্যশনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। নতুন স্টেডিয়ামে এটা তাদের টানা তৃতীয় ড্র।
পয়েন্ট ভাগাভাগির ফলে ৯ ম্যাচ শেষে ইন্টার মায়ামির পয়েন্ট ১৮। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। ১৯ পয়েন্ট নিয়ে নাশভিলে রয়েছে শীর্ষে। এই ব্যবধানটা আরও বেড়ে যেতে পারে। কেননা নাশভিলের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে।
মায়ামির স্বপ্ন অধরা
ফ্লোরিডায় নিজেদের মাঠে এটা ছিল ইন্টার মায়ামির তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় মেসিদের। ফ্লোরিডায় আগের দুই ম্যাচের একটি অস্টিনের বিপক্ষে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছিল। পরের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করে। তৃতীয় ম্যাচে এসেও নিজেদের মাঠে মায়ামির জয়ের স্বপ্ন অধরা রয়ে গেল।
জেগেছিল হারের শঙ্কা
আগের দুই ম্যাচে ড্র’র এ ম্যাচে হারের শঙ্কা জেগে উঠেছিল মায়ামির সামনে। ৫৬ মিনিটে কার্লেস গিলের গোলে এগিয়ে গিয়েছিল নিউ ইংল্যান্ড। দীর্ঘ ২০ মিনিটে এই গোলের ভার বয়ে বেড়াতে হয়েছে মেসিদের। অবশেষে মেক্সিকান স্ট্রাইকার জার্মান বার্তারামের গোলে মায়ামি সমতায় ফেরে।
বার্তারামের গোলের আগে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু তার চমৎকার চেষ্টা নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার রুখে দেন। শেষ সময়ে আরও একবার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। সে সুযোগও তারা কাজে লাগাতে পারেনি। ফলে ফ্লোরিডার নু স্টেডিয়ামে টানা তিন ম্যাচে ড্র করলো ইন্টার মায়ামি।
এ ম্যাচের আগে অ্যাওয়ে দুই ম্যাচে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলে জয় পায়। নতুন কোচ গুইলারমো হোয়াসের অধীনে এসেছিল এই দুই জয়। হাভিয়ের মাশচেরানোর পরিবর্তে মায়ামির দায়িত্ব নিয়েছেন তিনি।
মায়ামির জন্য বড় আঘাত
নিউ ইংল্যান্ডের বিপক্ষে এই ড্র ইন্টার মায়ামির জন্য বড় এক আঘাত। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত চারটি ম্যাচেই নিউ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। ১৬ গোলের বিপরীতে ৫ গোল হজম করেছে। কিন্তু এ ম্যাচে সব উলোটপালোট হয়ে গেল।
সামনে আসছে বিশ্বকাপের বিরতি। সাত সপ্তাহের বিরতির আগে ইন্টার মায়ামি পাঁচটি ম্যাচ খেলবে। এ সব ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে অরলান্ডো, টরেন্টো, সিনসিনাত্তি, পোর্টল্যান্ড ও ফিলাফেলডিয়া। এ সব ম্যাচে জয় পেলে বিরতির আগে ইন্টার মায়ামির সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ আসতে পারে।
