মিশরের জন্য দুশ্চিন্তার খবর। নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত মিশরের আক্রমণভাগের মূল ভরসা মোহাম্মদ সালাহ । অবশ্য কোচের দাবী ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২ এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন মোহাম্মদ সালাহ। ফুটবল বিশ্বকে আশ্বস্ত করে এমনটাই জানিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।
সিয়াটেলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি যখন ১-১ সমতায় ছিলো, ঠিক তখনই খেলার এক ঘণ্টার মাথায় চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ। তাঁর পরিবর্তে মাঠে নামানো হয় জিজো-কে। এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কুৎসিত ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছিলেন যে, কোচ হোসাম হাসান নাকি ইচ্ছা করেই সালাহকে মাঠ থেকে তুলে নিয়েছেন, যাতে সালাহ তাঁর আন্তর্জাতিক গোলসংখ্যার রেকর্ড ভাঙতে না পারেন!
তবে ম্যাচ শেষে কোচ পরিষ্কার করে দেন, এটি কোনো কৌশলগত বা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং সালাহ’র শরীর সায় না দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ হোসাম হাসান বলেন, “আমি সালাহ’র সাথে কথা বলেছি। সে আমাকে আশ্বস্ত করেছে যে সে ঠিক আছে এবং চোটটি খুব একটা গুরুতর নয়।” এই ম্যাচটিতে ড্র করে গ্রুপ ‘জি’-এর রানার্স-আপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মিশর।
কোচ আরও যোগ করেন, “মেডিকেল স্টাফদের সাথে বিস্তারিত কথা বলার জন্য আমাদের হাতে এখনো সময় আছে। আমার বিশ্বাস সে দ্রুতই ফিরবে। সালাহ নিজেও আমাকে বলেছে সে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।”
সময়ের সাথে লড়াই ও সালাহ’র অবিশ্বাস্য অতীত
চলতি বিশ্বকাপ টুর্নামেন্টে সালাহ’র খেলতে পারাটাই মূলত চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার ক্ষেত্রে তাঁর অবিশ্বাস্য ক্ষমতার এক বড় প্রমাণ। গত এপ্রিলে যখন তিনি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন, তখন ভক্তরা ধরে নিয়েছিলেন লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে হয়তো তাঁর শেষ ম্যাচটি খেলা হয়ে গেছে।
তবে অলরেডদের তৎকালীন কোচ আর্নে স্লট তখনই আশার বাণী শুনিয়েছিলেন, “মোহাম্মদ সালাহ অতীতেও দেখিয়েছেন যে তিনি অন্যান্য খেলোয়াড়দের চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, কারণ সে নিজের শরীরের অত্যন্ত যত্ন নেয়।” কোচের সেই আত্মবিশ্বাসের মর্যাদা রেখে সালাহ ঠিকই মাঠে ফিরেছিলেন এবং মার্সিসাইডে নিজের বিদায়ী ম্যাচটি রাজকীয়ভাবেই খেলেছিলেন।
তবে লিভারপুলের বিদায়বেলার চেয়ে এবারের গ্রীষ্মের চ্যালেঞ্জটা আরও কঠিন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার শনিবার (২৭ জুন) চোট পেয়ে মাঠ ছাড়েন। আগামী শুক্রবার (৩ জুলাই) সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে মিশর। অর্থাৎ, সুস্থ হওয়ার জন্য সালাহ’র হাতে সময় আছে এক সপ্তাহেরও কম। এর মাঝেই আবার প্যাসিফিক নর্থওয়েস্ট (সিয়াটেল) থেকে ডালাস পর্যন্ত প্রায় ২,০০০ মাইলের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে পুরো মিশর দলকে।
মিশরের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ নকআউট ম্যাচকে সামনে রেখে কোটি ভক্ত এখন সালাহ’র আরেকটি জাদুকরী প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














