নাটকীয় জয়ে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড

ব্রাদার্সকে ২-১ গোলে হারালো মোহামেডান

ব্রাদার্স ইউনিয়নকে ২–১ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে গেছেন তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান।

জোড়া গোল করে মোহামেডানের জয়ের নায়ক তরুণ স্ট্রাইকার সৌরভ দেওয়ান

ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল বেশ সতর্ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়াতে থাকে মোহামেডান। ৩৮ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে এলি কেকের বাড়ানো বলে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন সৌরভ দেওয়ান। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন-ও পাল্টা আক্রমণে বেশ কয়েকবার মোহামেডানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় গোপীবাগের দলটি। ৭৪ মিনিটে অধিনায়ক জামাল ভূইয়া ‘র দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে সমতা ফেরায় গোপীবাগের ক্লাবটি। চলতি মৌসুমে এটি ছিল জামালের প্রথম গোল।

মৌসুমের প্রথম গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরানোর জামাল ভূইয়ার উচ্ছ্বাস

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ে উজবেক মিডফিল্ডার মোজাফফরভের কর্নার থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান সৌরভ দেওয়ান। তাঁর দ্বিতীয় গোলেই নিশ্চিত হয় মোহামেডানের ফাইনাল নিশ্চিত করা জয়।

পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে থাকা সৌরভ চলতি আসরে নিজের গোলসংখ্যা বাড়িয়ে দাঁড় করিয়েছেন ছয়ে।

এই জয়ে ফেডারেশন কাপের ইতিহাসে ১৭তম বারের মতো ফাইনালে উঠল দেশের ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। আগের ১৬ ফাইনাল থেকে মোহামেডানের শোকেসে শিরোপা উঠেছে ১১বার।

আগামী ১৯ মে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কিংস অ্যারেনায় শিরোপার লড়াইয়ে মোহামেডানের প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংস।

Exit mobile version