শফিকুল ইসলামের শর্ট বল পেয়ে ক্রিজ ছেড়ে পুল শট খেললেন মোসাদ্দেক হোসেন। বল উড়ে গিয়ে সীমানার বাইরে পড়তেই ১৯৯ থেকে ২০৩ রানে পৌঁছে গেলেন তিনি। তবে এমন মাইলফলক ছোঁয়ার পরও ছিল না কোনো উচ্ছ্বাস। ব্যাট উঁচিয়ে উদযাপনও করেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।
উদযাপন না থাকলেও ওই বাউন্ডারিতেই বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মোসাদ্দেক। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। সিলেট একাডেমি মাঠে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন মোসাদ্দেক। ২২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে মাত্র ২১৫ বলে খেলেন ২২০ রানের দুর্দান্ত ইনিংস।
ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকের রেকর্ড
ম্যাচের প্রথম দিনেই দীর্ঘ আট বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক। দিন শেষে ১৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। পরদিন নতুন উদ্যমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৪ বলে আরও ৬৬ রান যোগ করেন। তাতেই পূর্ণ হয় তার ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি করে ডাবল সেঞ্চুরি ছিল আটজনের। তারা হলেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, অমিত হাসান, তাইবুর রহমান, তাওহিদ হৃদয়, অলক কাপালি, রনি তালুকদার ও তুষার ইমরান। তাদের সবাইকে ছাড়িয়ে এখন এককভাবে শীর্ষে মোসাদ্দেক।
চলতি জাতীয় ক্রিকেট লিগেই নিজেদের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেছেন অমিত হাসান ও তাইবুর রহমান। এতদিন তিনটি ডাবল সেঞ্চুরি নিয়ে বাকিদের সঙ্গে একই কাতারে ছিলেন মোসাদ্দেক। এবার চতুর্থ ডাবল সেঞ্চুরি করে গড়লেন নতুন রেকর্ড।
মোসাদ্দেকের আগের তিনটি ডাবল সেঞ্চুরিই এসেছিল ২০১৫ সালে। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিতে ২৫০ রান করেন তিনি। একই আসরে চট্টগ্রামের বিপক্ষে খেলেন ক্যারিয়ারসেরা ২৮২ রানের ইনিংস। পরের মৌসুমে সিলেটের বিপক্ষে অপরাজিত ২০০ রান করে পূর্ণ করেন তৃতীয় ডাবল সেঞ্চুরি।
দীর্ঘ প্রায় ১১ বছর পর আবারও জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক। আর এই ইনিংস দিয়েই বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড নিজের করে নিলেন এই অলরাউন্ডার।




