সিরিজ বাঁচানোর লড়াইয়ে জয়ের বিকল্প ছিল না নিউজিল্যান্ডের সামনে। ভারতের ব্যাটিং লাইনআপকে ২০৯ রানে গুটিয়ে দিয়ে জয়ের পথও অনেকটা সহজ করে রেখেছিল কিউই বোলাররা। তবে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়েছে ভারত। ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল হাতে থাকতেই ১৮৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ভারত। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে তাদের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। এরপর নিজেদের মাঠে ১১টি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত ছিল নিউজিল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৩ রানে ফিরে যান ওপেনার রোহিত শর্মা। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ম্যাথিউ ফিশারের বলে আউট হওয়ার আগে ৭ বলে মাত্র ৫ রান করেন তিনি। পরের ওভারেই জ্যাকব ডাফির শিকার হন ঋতুরাজ গায়কোয়াড়। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ১৮ রান।
মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেটে ৫৫ বলে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তারা। তবে ২২ রান করে ব্লেয়ার টিকনারের বলে বিদায় নেন আইয়ার। অন্যদিকে ৫৫ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন অক্ষর।
পরবর্তী সময়ে ঈশান কিশানের ৫৮ বলে ৪৬ এবং নামান ধীরের ৩১ বলে ২২ রানে লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। শেষ দিকে মোহাম্মদ সিরাজের ২০ বলে ১৪ ও আর্শদীপ সিংয়ের ৪ বলে ঝোড়ো ১৪ রানের ইনিংসে ২০৯ রানে পৌঁছায় দলটি। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে অলআউট হয় ভারত।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। দুজনই শিকার করেন ৩টি করে উইকেট। এছাড়া ম্যাথিউ ফিশার নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমেও শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর উইল ইয়াং ও নিক কেলির ৩৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। তবে দলীয় ৬৪ রানে ৪২ বলে ২২ রান করে বিদায় নেন ইয়াং।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। ২১তম ও ২২তম ওভারে পরপর দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে তারা। নিক কেলি ২৪ রান করে ফিরলেও ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
পরবর্তী সময়ে মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার দুজনই ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ক্রিস্টিয়ান ক্লার্ক করেন ৩৫ বলে ১৬ রান। তবে কেউই ইনিংস বড় করতে না পারায় জয়ের লক্ষ্যে পৌঁছানো হয়নি নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত ১৮৭ রানেই থামে তাদের ইনিংস।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। মোহাম্মদ সিরাজ ৫০ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া ৬.১ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল।
ব্যাট হাতে ৪ বলে ১৪ রানের ক্যামিও এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আর্শদীপ সিং। পুরো সিরিজে ৯ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন গুরনুর ব্রার।




