হাতে চোট পেয়েও উইকেটশূন্য মোস্তাফিজ

হাতে চোট পেয়েও বোলিং চালিয়ে গেলেন মোস্তাফিজ রহমান। তবে মাঠে নিজের চেনা জাদু দেখাতে পারলেন না বাংলাদেশের বাঁহাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেন তিনি। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মোস্তাফিজ। তাঁর দলও হেরেছে বড় ব্যবধানে, ৫৫ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে আবু ধাবি। জবাবে ১৩ বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয়ে যায় দুবাই।

ম্যাচের শুরুতেই চোটের মুখে পড়েন মোস্তাফিজ। ইনিংসের চতুর্থ ওভারে তাঁর বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন ফিন অ্যালেন। বলটি সরাসরি ফিরে আসে বোলারের দিকে। ফলো-থ্রুতে হাত বাড়িয়ে বল আটকাতে গিয়ে কব্জিতে আঘাত পান মুস্তাফিজ। পরে ম্যাজিক স্প্রে ব্যবহার করে আবার বোলিং শুরু করেন তিনি।

প্রথম ওভারে ৮ রান দেওয়ার পর পাওয়ার প্লেতে নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১৬ রান। তবে পরের স্পেলে নিয়ন্ত্রিত বোলিং করেন এই পেসার। ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন। পরে চামিরার বলে জেসন হোল্ডারের ক্যাচও নেন তিনি।

নিজের শেষ ওভারে রাসেলের কাছে ছক্কা হজম করেন মুস্তাফিজ। শেষ বলে অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলটি নো বল দেন আম্পায়ার। পরের ডেলিভারিতে দারুণ ইয়র্কারে রাসেলের স্টাম্প ভাঙলেও ফ্রি হিট হওয়ায় উইকেট পাননি তিনি।

এর আগে অ্যালেন ও আন্দ্রে ফ্লেচারের উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১১৯ রান তোলে আবু ধাবি। অ্যালেন ৩৮ বলে ৭৪ এবং ফ্লেচার ৪৯ বলে ৫৫ রান করেন। শেষ দিকে কারিম জানাত ৮ রান দিয়ে দুটি উইকেট নেন। চামিরা ও নুর আহমাদও নেন দুটি করে উইকেট।

গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। নতুন আসরের প্রথম ম্যাচে তাই প্রত্যাশিত শুরু হলো না তাঁর।

spot_imgspot_img
spot_img

Related Articles