সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। তবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় টস ও খেলা শুরু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সকাল থেকেই সেঞ্চুরিয়নের আকাশ ছিল মেঘলা। হালকা বৃষ্টির কারণে ঢেকে রাখা হয় মাঠের সেন্টার উইকেট। একপর্যায়ে বৃষ্টি থামলে কাভার সরানোর প্রস্তুতি শুরু করেন মাঠকর্মীরা। কিন্তু এর মধ্যেই নতুন করে বৃষ্টি নামায় আবারও বন্ধ হয়ে যায় মাঠ প্রস্তুতের কাজ।
পরে বৃষ্টি থামলেও মাঠ থেকে পুরোপুরি কাভার সরানো সম্ভব হয়নি। আকাশে মেঘের আনাগোনা থাকায় নতুন করে বৃষ্টির শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ছাড়া আউটফিল্ডের বিভিন্ন জায়গা ভেজা থাকায় খেলা শুরুর আগে মাঠ প্রস্তুত করতে বাড়তি সময় লাগতে পারে।
জোহানেসবার্গে প্রথম টেস্টে হতাশার পরাজয়ের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের টসই অনুষ্ঠিত হয়নি। এতে প্রথম সেশনের খেলা মাঠে গড়ানো নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
সেঞ্চুরিয়নের উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান পেসাররা। ফলে এই ম্যাচেও বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিতে পারেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। কাগিসো রাবাদার সঙ্গে এবার প্রোটিয়া পেস আক্রমণে যুক্ত হচ্ছেন আনরিখ নরকিয়া। তাঁদের গতি ও বাউন্স সামলানোই হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ।




