২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার বহুল আলোচিত বল টেম্পারিং-কাণ্ড নিয়ে নতুন বিস্ফোরক দাবি করেছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের মতে, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসার আগেই সিরিজের প্রথম টেস্ট ডারবানে বল বিকৃতির ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া দলের প্রায় সবাই এ বিষয়ে জানতেন বলেও দাবি করেছেন তিনি।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টার সময় ক্যামেরন ব্যানক্রফটকে হাতেনাতে ধরা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় নিষিদ্ধ হন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। সম্প্রতি ব্যানক্রফট ও উসমান খাজার বক্তব্যে পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির অভিযোগ সামনে আসার পর নতুন করে আলোচনায় আসে ঘটনাটি।
তবে ডি ভিলিয়ার্সের দাবি, বল টেম্পারিংয়ের শুরু হয়েছিল আরও আগে, ডারবানের কিংসমিডে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, প্রথম টেস্টেই বল যেভাবে অস্বাভাবিক দ্রুত রিভার্স সুইং করছিল, তা তার কাছে সন্দেহজনক মনে হয়েছিল।
ডি ভিলিয়ার্সের ভাষায়, কিংসমিডে এত দ্রুত বল রিভার্স সুইং করার কথা নয়। ওই মাঠে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, বলের সঙ্গে কোনো না কোনোভাবে কারসাজি করা হয়েছিল। সেটি স্যান্ডপেপার, নখ কিংবা অন্য কোনো উপায়ে করা হয়েছিল, তা নিয়ে তার বিশেষ মাথাব্যথা নেই।
অস্ট্রেলিয়া দলের অন্য সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। তার বিশ্বাস, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন। অথচ পুরো দলের দায় মাত্র তিনজন ক্রিকেটারের ওপর চাপানো হয়েছিল, যা তার কাছে অযৌক্তিক।
তিনি মনে করেন, দলের সবাই মিলে দায় স্বীকার করা উচিত ছিল। শুধু স্যান্ডপেপার ব্যবহার নিয়ে বিতর্ক না করে মাঠে প্রতারণার পরিকল্পনা এবং সেটি সম্পর্কে অন্য ক্রিকেটাররা জানতেন কি না, সেটিই হওয়া উচিত আলোচনার মূল বিষয়।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক দাবি করেছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে বোলিং গ্রুপ কিছুই জানত না। বিপরীতে খাজা, ওয়ার্নার ও ব্যানক্রফটের বক্তব্যে পুরো দলের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।
তবে ডারবান টেস্টে বল বিকৃতির অভিযোগের পক্ষে এখনো নতুন কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা তদন্তের তথ্য সামনে আসেনি। ফলে ডি ভিলিয়ার্সের বক্তব্য আপাতত তার ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।


