সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম টেস্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে সফরকারীরা।
ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, একাদশ এখনো চূড়ান্ত হয়নি। উইকেটের অবস্থা দেখে বোলিং আক্রমণ সাজানো হবে। তবে হাসান মাহমুদের অনুপস্থিতিতে অন্য পেসারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
সিমন্স বলেন, ‘আমাদের চারজন পেসার আছে। কাউকে না কাউকে হাসানের কাজের চাপ নিতে হবে। বোলারদের লাইন নিয়ে আমরা অনেক কথা বলেছি। প্রথম ইনিংসে ১২৪ রানে ৫ উইকেট হারানোর পরও ৪০০ রান করা দারুণ ব্যাপার।’ মুমিনুল হকের সাম্প্রতিক ফর্ম নিয়েও কথা বলেছেন কোচ। অভিজ্ঞ এই ব্যাটারের পাশে থাকার কথা জানিয়ে সিমন্স বলেন, তাঁর ১৩টি টেস্ট সেঞ্চুরিই সামর্থ্যের প্রমাণ। ফর্মে ফিরতে মুমিনুল কঠোর পরিশ্রম করছেন।
খেলোয়াড়দের দীর্ঘ সময় সমর্থন দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে, যার দুটি দেশের মাটিতে। সিমন্সের লক্ষ্য, ঘরের মাঠের দুই ম্যাচই জেতা। তবে সেঞ্চুরিয়ানের কঠিন চ্যালেঞ্জেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। কোচের বিশ্বাস, দেশের বাইরেও প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য দেখিয়েছে তাঁর দল।
এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। বিশেষ করে প্রথম ইনিংসে বড় জুটি গড়ে তোলায় বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন তিনি। এবার সেই জুটি ভাঙার দিকে নজর থাকবে স্বাগতিক বোলারদের। মারক্রাম বলেন, ‘তারা অনেক ভালো ব্যাট করেছে। প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছে। মাঝে বড় একটি জুটি গড়েছে। এবার আমাদের লক্ষ্য থাকবে এমন জুটি গড়ে ওঠা ঠেকানো।’
সেঞ্চুরিয়ানের উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন মারক্রাম। তবে সময় গড়ানোর সঙ্গে ব্যাটিং সহজ হতে পারে। তাঁর মতে, শুরুতে বোলারদের চ্যালেঞ্জ সামলে নিতে পারলে বড় ইনিংস খেলার সুযোগ থাকবে। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণেও চার পেসারের সঙ্গে একজন স্পিনার থাকছেন। প্রথম টেস্টে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে। এবার সেঞ্চুরিয়ানে সেই লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজে সমতা ফেরানোই টাইগারদের লক্ষ্য।




