দেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করছে বোর্ড। এর মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের পরিচর্যা ও প্রস্তুতির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তামিম জানান, প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা রয়েছে এমন সাতটি শহরকে একাডেমি চালুর জন্য বেছে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। ভবিষ্যতে প্রতিবছর এক বা দুটি করে একাডেমি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বিসিবির।
তামিম বলেন, ‘প্রাথমিকভাবে সুযোগ-সুবিধা থাকা সাতটি শহরে বিসিবি একাডেমিগুলো চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিটা বছর চেষ্টা করব যেন একটা-দুইটা করে বাড়তে পারে।
পরিকল্পনাটি আগামী বোর্ড সভায় অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করতে চায় বিসিবি। তবে নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না বোর্ড। বরং তাদের সহযোগী হিসেবে নিয়ে কাজ করার পরিকল্পনা বিসিবির।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে চাই না। বরং তাদের সহযোগী হয়েই কাজ করতে চাই। তাদের আমাদের প্রয়োজন, কারণ তারাই ক্রিকেটার তৈরি করে। বিসিবি একাডেমিতে সেখান থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিয়ে আসা হবে।
নতুন একাডেমি চালুর ক্ষেত্রে অবকাঠামোগত সুযোগ-সুবিধাকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। যেসব শহরে মাঠ, ইনডোর ও কোচের ব্যবস্থা রয়েছে, সেসব সুযোগ কাজে লাগিয়েই কার্যক্রম পরিচালনা করতে চায় বোর্ড। এতে নতুন করে বড় ধরনের অবকাঠামো তৈরির প্রয়োজন হবে না।
তামিমের ভাষায়, ‘আমার কাছে সব সুযোগ-সুবিধাই আছে। মাঠ আছে, ইনডোর আছে, কোচ আছে। বিসিবির শুধু বল আর পোশাক দেওয়ার খরচ থাকবে।
বিসিবির এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা সহজ হবে। পাশাপাশি স্থানীয় একাডেমিগুলো থেকে উঠে আসা প্রতিভাদের বয়সভিত্তিক জাতীয় দলে জায়গা করে নেওয়ার পথও আরও সুগম হতে পারে।




