বাংলাদেশ নারী ক্রিকেটারদের হয়রানি থেকে সুরক্ষা দিতে স্বাধীন অভিযোগ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি, বেতন-ভাতা এবং সন্তান জন্মের পর আবার মাঠে ফেরার সুযোগ নিয়ে নীতিমালা তৈরি করেছে বোর্ড। আগামী ২৮ তারিখের বোর্ড সভায় নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
গতকাল রোববার সংবাদ সম্মেলনে তামিম জানান, নারী ক্রিকেটারদের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নামসহ প্রস্তাবটি বোর্ডে অনুমোদনও পেয়েছে। এ কমিটিতে বিসিবির কোনো সদস্যকে রাখা হয়নি, যাতে এটি স্বাধীনভাবে কাজ করতে পারে। তামিম বলেন, ‘জাহানারার ঘটনাটি যখন সামনে এসেছিল এবং এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন আমি বলেছিলাম, বিসিবির উচিত এমন একটি স্বাধীন কমিটি গঠন করা, যার সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না।’
নারী ক্রিকেটারদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের পরিবারের আস্থা অর্জনকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। তামিমের মতে, মেয়েদের ক্রিকেটে পাঠানোর ক্ষেত্রে পরিবারকে এই নিশ্চয়তা দিতে হবে যে তাঁরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না।
মাতৃত্বকালীন নীতিমালা প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, গর্ভাবস্থায় ছুটি এবং সন্তান জন্মের পর ক্রিকেটে ফেরার বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এটি ওয়ার্কিং কমিটিতে অনুমোদিত হয়েছে। পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন পেলে তা কার্যকর করার পথ খুলবে। তামিম বলেন, নারী ক্রিকেটাররা ভালো খেলুন কিংবা খারাপ, জিতুন কিংবা হারুন-সেটি বড় বিষয় নয়।




