আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা । বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আবারও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিলেন নিজের গতি আর ধার। নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ওয়ানডে সিরিজ খেলে ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই ডানহাতি পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ৮ উইকেট নেন নাহিদ। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। টানা দুই সিরিজে এমন ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি।
এটি নাহিদের ক্যারিয়ারের প্রথম আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। একই সঙ্গে গত বছরের এপ্রিলের পর পুরুষ বিভাগে বাংলাদেশি কোনো ক্রিকেটার আবারও এই সম্মান পেলেন। সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া তার জন্য দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও জানান তিনি। সতীর্থদের ধন্যবাদ জানিয়ে নাহিদ বলেন, দলের সবার সমর্থন ও বিশ্বাস তাকে আরও অনুপ্রাণিত করেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য খুব বেশি সফল ছিলেন না নাহিদ। ৬৫ রান দিয়ে নেন ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই তিনি ঘুরে দাঁড়ান দারুণভাবে। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট তুলে নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। ওই ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করেন এই পেসার।
চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখেন নাহিদ। আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পুরো সিরিজে তার ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে এবং ৪.৪৬ ইকোনমিতে। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
