ইমার্জিং দলে নাঈম-অমিতরা। নিজেদের মাঠে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে লাল বলের চারদিনের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত এই স্কোয়াডে আছেন টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য।
আগামী ২৮ জুন শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে হারারে টেস্ট। তার আগে ১৭ জুন ও ২৪ জুন জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। জিম্বাবুয়ে উড়াল দেওয়ার আগে বাংলাদেশ টেস্ট দলে থাকা ক্রিকেটারদের অনেকেই খেলবেন প্রথম চারদিনের ম্যাচ।
জিম্বাবুয়ে ‘এ’ দলেও জিম্বাবুয়ে জাতীয় দলের অনেক খেলোয়াড় রয়েছেন। ইমার্জিং দলের প্রথম চারদিনের ম্যাচের জন্য ঘোষিত দলে রয়েছেন অমিত হাসান, নাঈম হাসান, রবিউল হক, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। তারা প্রত্যেকেই হারারে টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রয়েছেন।
এছাড়া স্কোয়াডে রয়েছেন মাহফিজুল ইসলাম, জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, হাসান মুরাদ, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক, ইকবাল হাসান এমন, প্রীতম কুমার ও নাঈম আহমেদ। ইমার্জিং স্কোয়াডঃ অমিত হাসান, নাঈম হাসান, রবিউল হক, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মাহফিজুল ইসলাম, জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, হাসান মুরাদ, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক, ইকবাল হাসান এমন, প্রীতম কুমার ও নাঈম আহমেদ।
