জার্মানিকে হারানোর আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে রূপকথার এক জয় ছিনিয়ে নিয়েছে প্যারাগুয়ে। মাঠের লড়াইয়ে ফেভারিট জার্মানির বিপক্ষে স্পষ্ট ব্যবধানে পিছিয়ে থেকেও টাইব্রেকারে অবিশ্বাস্য এক জয় পায় লা আলবিরোহারা। দেশের ফুটবল ইতিহাসের এই অবিস্মরণীয় সাফল্যকে উদযাপন করতে প্যারাগুয়েতে মঙ্গলবার (৩০ জুন) একদিনের সাধারণ বা জাতীয় ছুটি পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

প্রেসিডেন্ট এক ডিক্রিতে জানান, জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়কে স্বীকৃতি জানাতে ৩০ জুন দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

ম্যাচের নায়ক ওলন্দো গিল

প্যারাগুয়ের এই রূপকথার জয়ের মূল নায়ক ২৬ বছর বয়সী গোলরক্ষক ওলন্দো গিল। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসা এই তরুণের সামনে প্রতিপক্ষ হিসেবে ছিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ম্যাচের পর গিল বলেন,

খেলা শুরুর আগে কথা না বলাই ভালো, এই ম্যাচ সেটাই প্রমাণ করলো। প্যারাগুয়েও যে বড় কিছু অর্জন করতে সক্ষম, তা আজ প্রমাণিত। সুযোগ আজ হোক বা কাল, আসতই।

আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর হয়ে খেলা ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক গ্রুপ পর্বে তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লিন শিট রেখে দলকে নকআউট পর্বে তুলেছিলেন। তবে জার্মানির বিপক্ষে পরীক্ষাটা ছিল আরও কঠিন। পুরো ম্যাচে বলের দখল এবং আক্রমণ; সবকিছুতেই আধিপত্য ছিল জার্মানদের। ম্যাচে প্যারাগুয়ের মাত্র ৭টি শটের বিপরীতে ২১টি শট নেয় জার্মানি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গিল বলেন, ম্যাচটা একটা হরর সিনেমার মতো ছিল। মাঠের সবখানেই যেন শুধু জার্মান খেলোয়াড়দের দেখা যাচ্ছিল। আমি নিজেই এখনো এটা বিশ্বাস করতে পারছি না।

শ্বাসরুদ্ধকর লড়াই টাইব্রেকার ভাগ্য

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ১২০ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ১-১ সমতায় থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে নিজের বীরত্ব দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গিল। পেনাল্টির শুরুতেই তিনি কাই হাভার্টজের শট ডান হাত দিয়ে চমৎকারভাবে প্রতিহত করেন। এরপর প্যারাগুয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর নিক ভোল্টমেডের শটও আটকে দেন গিল।

শেষের দিকে প্যারাগুয়ের আন্তোনিনো সানাব্রিয়া শট মিস করেন এবং ফ্যাবিয়ান বালবুয়েনার শট ম্যানুয়েল ন্যুয়ার আটকে দিলে ম্যাচ সাডেন ডেথে পৌঁছায়। সেখানে জার্মানির জোনাথন তাহ-এর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায় এবং প্যারাগুয়ের হোসে ক্যানালে ন্যুয়ারকে পরাস্ত করে বল জালে পাঠালে উৎসবে মেতে ওঠে পুরো প্যারাগুয়ে।

প্রতিপক্ষ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের প্রতি সম্মান জানিয়ে গিল বলেন,

নয়্যার একজন বিশ্বমানের গোলরক্ষক। তাঁর মতো একজন আইডলের সাথে টাইব্রেকার ভাগ করে নিতে পারা এবং তাঁর একটি পেনাল্টি সেভ করা অত্যন্ত সম্মানের।

কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে প্যারাগুয়ে

ঐতিহাসিক এই জয়ের পর প্যারাগুয়ের পরবর্তী লক্ষ্য এখন কোয়ার্টার ফাইনাল। আগামী শনিবার ফিলাডেলফিয়াতে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে লা আলবিরোহারা। গিল বলেন, এখন শান্ত মাথায় আমাদের বসে বিশ্লেষণ করতে হবে আমরা কী অর্জন করেছি। আমরা ১২০ মিনিট পর্যন্ত লড়াই ধরে রেখেছিলাম এবং টাইব্রেকারে ভাগ্য আমাদের সহায় ছিল।

Exit mobile version