বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও জাপান । ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে ১৫ জুন ভোর ৩টায় আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জাপান। গ্রুপের দুই শক্তিশালী দলের এই লড়াইকে শুরু থেকেই ধরা হচ্ছে গ্রুপ সেরা হওয়ার দৌড়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে। প্রথম ম্যাচে জয় মানে শুধু তিন পয়েন্ট নয়, নকআউট পর্বের পথও অনেকটা সহজ হয়ে যাওয়া।
বিশ্বকাপে বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত নেদারল্যান্ডস। এখন পর্যন্ত শিরোপা জেতা না হলেও ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে রানার্সআপ হয়ে নিজেদের ঐতিহ্যের প্রমাণ দিয়েছে ডাচরা। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় লড়াইয়ের পর বিদায় নিতে হলেও এবার নতুন স্বপ্ন নিয়েই মাঠে নামছে রোনাল্ড কোম্যানের দল।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে নেদারল্যান্ডস। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়েছে তারা। আক্রমণ ভাগে নিয়মিত গোলের দেখা মিলছে, অন্যদিকে ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে রক্ষণ ভাগও বেশ সংগঠিত। ফ্রেংকি ডি ইয়ং, জাভি সিমন্স ও কোডি গাকপোর মতো তারকারা এবারও দলের বড় ভরসা।
অন্যদিকে জাপান এখন আর শুধুই এশিয়ার প্রতিনিধি নয়, বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর আন্ডারডগ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সামুরাই ব্লুদের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
বিশ্বকাপের আগে দুর্দান্ত ধারাবাহিকতায় আছে জাপানও। নিজেদের শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। কোচ হাজিমে মোরিয়াসুর অধীনে দলটি শৃঙ্খলাবদ্ধ ফুটবল, দ্রুত ট্রানজিশন এবং পাল্টা আক্রমণে ভয়ংকর হয়ে ওঠার জন্য পরিচিত।
কাগজে-কলমে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও জাপান অতীতে প্রমাণ করেছে, বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা তাদের আছে। তাই এই ম্যাচে ছোট ভুলও বড় মূল্য নির্ধারণ করতে পারে।
সম্ভাব্য একাদশ
নেদারল্যান্ডস : বার্ট ভেরব্রুখেন, ভ্যান হেকে, ডামফ্রিজ, ভ্যান ডাইক, ভ্যান ডি ভেন, ফ্রেংকি ডি ইয়ং, রেইন্ডার্স, গ্রাভেনবার্খ, মালেন, ডিপাই, গাকপো।
জাপান : সুজুকি; ইতাকুরা, হিরোকি ইতো, তোমিয়াসু; দোয়ান, কামাদা, সানো, নাকামুরা, কুবো, জুনিয়া ইতো, উয়েদা।
