কন্ডিশন মানিয়ে বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে চায় কিউইরা , শক্তি অনুযায়ী পরিকল্পনা সাজাতে চায় সফরকারী নিউজিল্যান্ড। টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছে এক দিনের বিশ্রাম শেষে বুধবার মিরপুরে অনুশীলন করেছে কিউইরা। অনুশীলন শেষে বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কোচ রব ওয়াল্টার।
শেরেবাংলায় সকালে অনুশীল শেষে দুপুরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন কোচ রব ওয়াল্টার কথা বলেছেন প্রতিপক্ষ স্বাগতিক দলের পেস ইউনিট নিয়ে। স্পিনিং উইকেট বানানোর দরকার নেই বলেও মনে করেন তিনি।
এছাড়া অতীতে স্পিন নির্ভর উইকেট বানিয়ে সফরকারীদের ফাঁদে ফেলার রেকর্ড আছে বাংলাদেশের। তবে গেল মাসে সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটের বদলে স্পোর্টিং উইকেটে বানিয়েছিল টাইগাররা। আসন্ন সিরিজেও বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন নেই বলেও মনে করেন এই কোচ।
ওয়াল্টার নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন,‘
আসলে আমার মনে হয় বাংলাদেশের দলের দারুণ কিছু পেসার রয়েছে। তাদের মনে হয় স্পিন উইকেট বানানোর দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান করে মাঠে তা কাজে লাগাতে হবে।
এছাড়া তিনি বলেন,‘ আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করতেই হবে। ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা এখানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, একদমই ভিন্নরকম স্পিন পেসের লড়াই মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি।
পরে বাংলাদেশের কন্ডিশন নিয়ে ওয়াল্টার বলেন,
অবশ্যই ভিন্ন ধরনের কন্ডিশন এখানে। আমরা চেষ্টা করছি সবকিছু বুঝে নিতে। এখানে অভ্যস্ত হতে কিছুটা সময় তো লাগবে। প্রথম ম্যাচের আগে যে কয়দিন সময় পেয়েছি তা হয়ত ভালোভাবে অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। তবে এখানে শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ খেলে অনেকে এসেছে। সব মিলিয়ে ভালোই লাগছে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। এরপর ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোখি হবে দুই দল। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
