পানামার বিপক্ষে নেইমার শুরুর একাদশে নেই

পানামার বিপক্ষে নেইমার শুরুর একাদশে নেই

পানামার বিপক্ষে নেইমার শুরুর একাদশে নেই, ছবি : সংগৃহীত

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে নেইমার শুরুর একাদশে জায়গা পাননি। এটি অবশ্য সবার কাছেই নিশ্চিত একটি ব্যাপার ছিল। কারণ, ইনজুরির জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচেও খেলা নিয়ে শঙ্কা রয়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। তাই আজ দিবাগত রাত সাড়ে ৩টায় মারাকানা স্টেডিয়ামে তাঁকে খেলতে দেখা যাবে না।

পানামার বিপক্ষে নেইমার প্রথম একাদশে নেই সেটি শনিবার ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি জানান স্কোয়াড ঘোষণার সময়। ব্রাজিলের রিও ডি জেনিরোর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে এক সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণার পাশাপাশি নেইমার জুনিয়রের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ঘরের মাঠে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের শেষ ম্যাচ। সেখানেই থাকছেন না নেইমার।

পানামার বিপক্ষে নেইমার খেলছেন না

পায়ের কাফ মাসলে গ্রেড-২ পর্যায়ের ইনজুরি সনাক্ত হয়েছে নেইমারের। এরপর চিকিৎসকরা জানান, তাঁর সেরে উঠে মাঠে ফিরতে ২-৩ সপ্তাহ সময় লাগবে। তবে কোচ আনচেলোত্তি জানিয়েছেন, কোচিং স্টাফ আশা করছে বিশ্বকাপের শুরু থেকেই নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় দলে পাওয়া যাবে। এমনকি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ বা তার পরের ম্যাচেই তিনি মাঠে ফিরতে পারেন। ব্রাজিল কোচ জোর দিয়ে বলেন, বর্তমান স্কোয়াডে তিনি কোনো পরিবর্তন আনতে চান না। বিশ্বকাপের জন্য যাদের ডাকা হয়েছে, তারা সবাই মূল দলের সঙ্গেই থাকবেন।

পায়ে গ্রেড-২ পর্যায়ের ইনজুরি আছে নেইমারের, ছবি : সংগৃহীত

বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন না আনলেও চোটের কারণে প্রত্যাশিতভাবেই পানামা ম্যাচের একাদশে নেই নেইমার জুনিয়র। একাদশ ঘোষণার পর কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘আমাদের সমর্থকদের এবং আমাদের স্টেডিয়ামকে বিদায় জানানোর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।’

শনিবার সকালে গ্রাঞ্জা কোমারিতে দলের শেষ অনুশীলন সেশন পরিচালনা করেছেন আনচেলোত্তি। এরপর বিকেলে রিও ডি জেনিরোর উদ্দেশ্যে রওনা হবে পুরো দল। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়ে এই ইতালিয়ান কোচ বলেন, ‘প্রতিটি দিনই দারুণ কাটছে। একটি শক্তিশালী দল, পরিশ্রমী এবং পেশাদার খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পেরে আমি আনন্দিত। এখন পর্যন্ত প্রস্তুতি খুব ভালো হয়েছে এবং আমাদের হাতে আরও কাজ করার মতো পর্যাপ্ত সময় আছে। ক্যাম্পের পরিবেশ বেশ সুন্দর, প্রাণবন্ত ও স্বস্তিদায়ক। এই দেশের জন্য বিশেষ কিছু বয়ে আনার এটা আমাদের সবার সামনে এক বিশাল সুযোগ।’

পানামার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন বেকার (গোলকিপার), ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুইস হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।

Exit mobile version