উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিস শুরু

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। ছয়টি ইভেন্টে প্রায় সাড়ে চারশ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, বর্তমানে প্রায় ৩০০ ক্রীড়াবিদ ক্রীড়া ভাতা পাচ্ছেন। তবে পারফরম্যান্সের ভিত্তিতে তাদের মধ্য থেকে ৩৫ জনকে বাদ দেওয়া হবে। সেই শূন্যস্থান পূরণ করা হবে ভালো পারফরম্যান্স করা ক্রীড়াবিদদের দিয়ে। পাশাপাশি আরও ২০০ ক্রীড়াবিদ ও কোচকে ক্রীড়া ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফেডারেশনের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী, কোষাধ্যক্ষ আনোয়ার কবির চৌধুরী বাবুসহ ফেডারেশনের কর্মকর্তারা।

চার দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব-১৫ বালক একক, অনূর্ধ্ব-১৫ বালিকা একক, অনূর্ধ্ব-১৯ বালক একক ও অনূর্ধ্ব-১৯ বালিকা একক। এই ছয়টি ইভেন্টে লড়াই হবে। উন্মুক্ত এই র‌্যাংকিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

তবে শুধু প্রাইজমানি কিংবা র‌্যাংকিং পয়েন্টের জন্যই নয়, আসন্ন এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দল নির্বাচনের দিক থেকেও এবারের টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ। তাই অনেকটা জাতীয় দলের বাছাইপর্বের আবহেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বসবে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ওই আসরে বাংলাদেশের তিনজন করে পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নেওয়ার কথা রয়েছে।

তাসখন্দের টিকিট পেতে তাই এই র‌্যাংকিং টুর্নামেন্টে ভালো করার বিকল্প নেই খেলোয়াড়দের সামনে। এবারের প্রতিযোগিতায় পারফরম্যান্সের পাশাপাশি আগের দুই আসরে অর্জিত রেটিং পয়েন্টও বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ বর্তমান পারফরম্যান্স ও র‌্যাংকিং এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের প্রতিনিধিদল।

ফলে সাড়ে চারশ খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতা হয়ে উঠেছে দেশের টেবিল টেনিসের জন্য গুরুত্বপূর্ণ এক মঞ্চ। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দেরও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে এখানে। বিশেষ করে পুরুষ ও নারী এককের শীর্ষ খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর থাকবে বাড়তি নজর।

এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে দেশের সেরা খেলোয়াড় বাছাই এবং নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে এই র‌্যাংকিং টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতা শেষে কারা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকেন এবং কারা তাসখন্দের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান, সেটিই এখন দেখার বিষয়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles