আরচ্যারীর উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব

যৌথ প্রশিক্ষণ ও ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা

আরচ্যারীর উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব । সৌদি আরবে সৌহার্দ্যপূর্ণ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আরব আরচ্যারী ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি। বৈঠকে আরচ্যারীর উন্নয়নে একসাথে আরচ্যারীর উন্নয়নে একসাথে কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের আরচ্যারীর শীর্ষ দুই কর্মকর্তা।

দুই দেশের আরচ্যারীর উন্নয়ন, খেলোয়াড় ও কোচদের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনায় উঠে আসে প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, কোচ ও জুডিসিয়ারি ডেভেলপমেন্ট এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রমসহ আরচ্যারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

আরচ্যারীর উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব

সাক্ষাতে সৌদি আরবে আরচ্যারীর বর্তমান অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই ক্রীড়া সংগঠক। দেশটিতে আরচ্যারীর বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে এশিয়া অঞ্চলে আরচ্যারীকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে শুধু প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই যথেষ্ট নয়, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ, দক্ষ কোচ এবং মানসম্পন্ন বিচারক। এ বিষয়টি বিবেচনায় নিয়ে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও তুর্কি আল-দারবি। কোচদের আধুনিক প্রশিক্ষণ এবং জুডিসিয়ারি ডেভেলপমেন্টের মাধ্যমে আরচ্যারীর সার্বিক মান আরও উন্নত করা সম্ভব বলে মত দেন তারা।

বৈঠকে খেলোয়াড়দের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। দুই দেশের আরচ্যাররা একসঙ্গে অনুশীলন ও প্রতিযোগিতায় অংশ নিলে তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়বে। পাশাপাশি ভিন্ন পরিবেশ ও প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগও তৈরি হবে। এ লক্ষ্যেই যৌথ ট্রেনিং ক্যাম্প আয়োজনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

প্রশিক্ষণের পাশাপাশি ফ্রেন্ডলি আরচ্যারী টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা

শুধু প্রশিক্ষণ নয়, দুই দেশের আরচ্যারদের নিয়ে ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা গেলে খেলোয়াড়দের ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের ফেডারেশনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হয়ে এশিয়ার অন্যান্য দেশকেও যুক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে।

আলোচনায় এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরচ্যারীর প্রসার নিয়েও গুরুত্বারোপ করা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খেলাটির জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক কাঠামো আরও শক্তিশালী করতে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তুর্কি আল-দারবির সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনাও উঠে আসে আলোচনায়।

বর্তমান সময়ে আন্তর্জাতিক আরচ্যারীতে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। ফলে বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে উন্নত প্রশিক্ষণ ও নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতার বিকল্প নেই। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে দুই দেশের আরচ্যারীকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন দুই ফেডারেশন প্রধান। খেলোয়াড় ও কোচদের পাশাপাশি কর্মকর্তাদের মধ্যেও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেন তারা।

দুই দেশের ক্রীড়া সংগঠকদের এই সাক্ষাৎ শুধু আরচ্যারী উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না , এটি ক্রীড়া কূটনীতির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলোয়াড় ও কোচদের নিয়মিত যোগাযোগ এবং যৌথ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই আরচ্যারীর উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিযোগিতা আয়োজনের মতো উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দুই দেশের খেলোয়াড়রা যেমন উপকৃত হবেন, তেমনি এশিয়া ও মধ্যপ্রাচ্যে আরচ্যারীর প্রসারেও নতুন গতি আসবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চপল ও তুর্কি আল-দারবির এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ভবিষ্যতে দুই দেশের আরচ্যারী ফেডারেশনের মধ্যে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার পথ খুলে দেবে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles