কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ফিলিস্তিনি ও ইসরায়েলি ফুটবল কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও ফুটবলীয় বিরোধ চরম উত্তেজনায় রূপ নিয়েছে। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিব্রিল রাজৌব ইসরায়েলি ফুটবল গভর্নিং বডির সহ-সভাপতি বাসিম শেখ সুলেমানের করমর্দনে সরাসরি অস্বীকৃতি জানান।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উভয় দেশের ফুটবল কর্মকর্তাদের করমর্দনের আহ্বান জানানোর পর ফিলিস্তিনি কর্মকর্তা রাজৌব করমর্দনে অস্বীকৃতি জানান। উভয় কর্মকর্তা কংগ্রেস বক্তব্য দেওয়ার পর ফিফা প্রেসিডেন্ট তাদের মঞ্চে ডেকে নেন। উদ্দেশ্য ছিল সৌহার্দ্য স্থাপনের। কিন্তু সেখানে সৌহার্দ্যের বদলে ফিলিস্তিনি কর্মকর্তা শীতলতা দেখান। উভয় কর্মকর্তা নিজেদের মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ান। ফিফা প্রেসিডেন্ট রাজৌবের হাত ধরে ইসরায়েলের কর্মকর্তার সঙ্গে হাত মেলানোর অনুরোধ করেন । কিন্তু রাজৌব সে পথে হাঁটেননি। ফিফা প্রেসিডেন্ট বারবার চেষ্টা করেছেন দুই কর্মকর্তার মাঝে একটা সৌহার্দ্যের বন্ধন গড়ে তুলতে। কিন্তু রাজৌব তাতে সম্মত হননি। ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত না মিলিয়েই তিনি মঞ্চ ছেড়ে যান।
দুইজনের মাঝে দূরত্ব কমানোর জন্য ফিফা প্রেসিডেন্টের চেষ্টার অন্ত ছিল না। এক পর্যায়ের বন্ধুর মতো রাজৌবের ঘাড়ে হাত রাকেন তিনি। তারপরও রাজৌব ইসরায়েলের প্রতিনিধির সঙ্গে হাত মেলাতে রাজি হননি।
আবেগঘন আবেদন
কর্মকর্তা মঞ্চ ছাড়ার পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং একটি আবেগঘন আবেদন করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট রাজৌব, ভাইস প্রেসিডেন্ট সুলেমান- চলুন আমরা একসাথে কাজ করি। শিশুদের মনে আশা জাগিয়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যের জন্যই আমাদের একসাথে কাজ করা উচিত।
রাজৌব ইসরায়েলের প্রতিনিধির সঙ্গে হাত না মিলিয়ে কী বলেছিলেন এটা জানতে চাইলে রয়টার্সকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুসান সালাবি বলেন, যারা আমাদের ওপর গণহত্যা চালাচ্ছে আমরা তাদের সঙ্গে করমর্দন করতে পারিন না। তাদের কারণে আমাদের ভুগতে হচ্ছে।
সুসান আরও বলেন, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো দুই কর্মকর্তা সুলিমান ও রাজৌবের মধ্যে করমর্দনের চেষ্টায় ফিলিস্তিনি ফুটবল সংস্থার প্রধানের বক্তব্যের প্রতি তেমন একটা গুরুত্ব দেননি। সেই বক্তব্যে তিনি আবারও আহ্বান জানিয়েছিলেন, ইসরায়েলি ক্লাবগুলো যেন পশ্চিম তীরের বসতিগুলোতে তাদের দলভিত্তিক কার্যক্রম পরিচালনা না করে।
জরিমানা
তবে অন্য একটি শুঙ্খলাভঙ্গের ঘটনায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৯০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। তাদের বিপক্ষে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বৈষম্যমূলক এবং বর্ণবাদী আচরণ।
