নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি কমাল পিসিবি

পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির সংখ্যা বড় আকারে কমিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন চুক্তিতে ২০ জনের পরিবর্তে জায়গা পেয়েছেন মাত্র আটজন ক্রিকেটার। তবে শীর্ষ ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন অধিনায়ক ফাতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। অন্যদিকে গত বছরের চুক্তিতে থাকা ১২ ক্রিকেটার এবার বাদ পড়েছেন।

নতুন চুক্তিতে ক্যাটাগরি ‘এ’-তে রাখা হয়েছে ফাতিমা সানা ও সাদিয়া ইকবালকে। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সিদরা আমিন, মুনিবা আলী ও নাশরা সান্ধু। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামস। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া আয়েশা জাফরই এবার নতুন করে চুক্তি পাওয়া একমাত্র ক্রিকেটার।

চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চুক্তির কাঠামোয়। গত বছর চালু থাকা ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি এবার পুরোপুরি বাতিল করেছে পিসিবি। গত বছর এই দুই ক্যাটাগরিতে চুক্তি পেয়েছিলেন ১২ জন ক্রিকেটার। বিশেষ করে ‘ই’ ক্যাটাগরি ছিল উদীয়মান ক্রিকেটারদের উৎসাহিত করার উদ্যোগ। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের এগিয়ে নিতে গত বছর এই ক্যাটাগরি চালু করেছিল বোর্ড। সেখানে চুক্তি পাওয়া ইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকারও এবার বাদ পড়েছেন।

পাকিস্তান নারী ক্রিকেট দলের দুই সদস্য

এ ছাড়া আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ, রামিন শামীম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার নতুন চুক্তিতে জায়গা পাননি।

ফিটনেস বিবেচনায় ক্যাটাগরি নির্ধারণ

পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেস বিবেচনায় নিয়ে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত ফিটনেস পরীক্ষা দিতে হবে এবং পুরো চুক্তির মেয়াদে নির্ধারিত মান বজায় রাখতে হবে। নতুন চুক্তির কার্যকারিতা ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে। মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে।

২৪ বছর বয়সী ফাতিমা সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশে খেলা প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটারও তিনি। অন্যদিকে সাদিয়া এর আগে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছিলেন।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে ১১ দলের মধ্যে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তিনটি ওয়ানডে সিরিজের মধ্যে দুটিতেই হেরেছে তারা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সফরের আগে নতুন কেন্দ্রীয় চুক্তি দলটির ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে এসেছে।

spot_imgspot_img
spot_img

Related Articles