বিশ্বকাপ ফুটবলে প্রাইজমানি আবার বাড়ছে

বিশ্বকাপ ট্রফি

আগামী জুনে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ শুরুর আগে নতুন করে আবার প্রাইজমানি বাড়তে যাচ্ছে। মূলত টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলোর খরচ বেড়ে যাওয়ায় প্রাইজমানি বাড়াতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ইউরোপের অভিযোগ

বিশ্বকাপ ফুটবলের আসন্ন আসর একযোগ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। বেশির ভাগ দেশগুলোকে আটলান্টিক পাড়ি দিয়ে পৌঁছাতে হবে আয়োজক দেশগুলোতে। উত্তর আমেরিকায় গিয়ে খেলতে খরচ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। এমন অভিযোগ জানিয়েছে ইউরোপের দেশগুলো। তারা জানিয়েছে, চার বছর আগে কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টে যতটা খরচ বহন করতে হয়েছিল এবার তার থেকে অনেক বেশি এক একটা দল খরচের ভার বহন করতে হবে।

গত ফেব্রুয়ারিতে এমন অভিযোগ জানিয়েছিলেন ইউরোপের দেশগুলো। সেই অভিযোগের ভিত্তিতে ফিফা বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা করে। তারই ভিত্তিতে ফিফা বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

২১১ সদস্য দেশের আর্থিক অনুদান বাড়বে

ফিফা শুধু যে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আলোচনা করেছে তা নয়। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিফার ২১১টি সদস্য দেশের সঙ্গে আলোচনা করেছে। আলোচনার পর ফিফা বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্তটি এখনো বাস্তবে রূপ নেয়নি। মঙ্গলবার ভ্যানকুভারে ফিফার সভা রয়েছে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে।

পুরানো হিসাবের প্রাইজমানি

ফিফার একজন মুখপাত্র এপিকে বলেন, আগামী ২৮ এপ্রিল কানাডার ভ্যানকুভারে ফিফার সভা হবে। সেখানে বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর আর্থিক অনুদান বৃদ্ধি করা হবে। একই সঙ্গে ফিফার ২১১ সদস্য দেশগুলোর ফুটবলে উন্নয়নে আর্থিক সহযোগিতা বাড়ানো হবে।

ফিফা সর্বশেষ গত ডিসেম্বরে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রাইজমানি বৃদ্ধি করেছিল। রেকর্ড পরিমাণ অর্থ বৃদ্ধি করে প্রাইজমানি ৭২৭ মিলিয়ন ডলার করা হয়েছিল। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছিল জয়ী দলের জন্য।

১১ জুন শুরু বিশ্বকাপ

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ৪৮টি দল অংশ নেবে এবারের আসরে। মোট ১৬টি শহরে খেলা হবে। ২৮ জুন শুরু হবে দ্বিতীয় রাউন্ড তথা নক আউটের লড়াই। ৪ জুলাই শুরু রাউন্ড অব সিক্সটিনের খেলা। ৯ জুলাই মাঠে গড়াবে প্রথম কোয়ার্টার ফাইনাল। প্রতিদিন একটা করে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতির পর ১৪ ও ১৫ জুলাই দুই সেমিফাইনাল। ১৯ জুলাই ফাইনাল।

Exit mobile version