ফরাসি লিগে পিএসজি চ্যাম্পিয়ন আবার

ফরাসি লিগে পিএসজি চ্যাম্পিয়ন আবার

ফরাসি লিগে পিএসজি চ্যাম্পিয়ন আবার, ছবি : সংগৃহীত

শিরোপা নির্ধারণী হয়ে ওঠা ম্যাচ জিতে ফরাসি লিগে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে আবার। শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল, সেটিই তারা আজ রাতে সেরেছে। দ্বিতীয় স্থানে থাকা লঁসকে ২-০ গোলে হারিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ঘরে তুলেছে টানা পঞ্চম শিরোপা।

ফরাসি লিগে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে এ  নিয়ে সর্বমোট ১৪ বার। এটি লিগ ওয়ানের রেকর্ড। আজ রাতে পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র করলেই চলতো পিএসজির। কারণ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা ৬ পয়েন্ট এগিয়ে ছিল লঁসের চেয়ে।

পিএসজি  বাকি দুই ম্যাচ না জিতলেও শিরোপাটা তাদের ঘরেই যাওয়ার কথা ছিল। কারণ, লঁস বাকি দুই ম্যাচ জিতে পয়েন্ট সমান করতে পারলেও বিশাল গোল পার্থক্যের ব্যবধান (১৫ গোল) ঘুচানো প্রায় অসম্ভবই ছিল। তবে আক্ষরিক অর্থে পিএসজি চ্যাম্পিয়ন হলেও অফিসিয়ালি তা বলা যাচ্ছিল না।

গোলের পর পিএসজি খেলোয়াড়দের উচ্ছ্বাস, ছবি : সংগৃহীত

এমন পরিস্থিতিতে ঘরের মাঠে শিরোপা জয়ের বাধা হয়ে থাকা প্রতিপক্ষকে সহজেই পরাভূত করেছে পিএসজি। ২৯ মিনিটে জর্জিয়ার ‍উইঙ্গার কেভিচা কাভারাতস্কেলিয়া প্রথম গোলটি করেন। বেশিরভাগ সময় বলের দখল রাখলেও পিএসজিকে স্বস্তিতে থাকতে দেয়নি লঁস।

আক্রমণ থেকে ২২বার তারা পিএসজির গোলমুখে শট নিয়েছে যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। কিন্তু কোনো বিপদ ঘটাতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধেও আধিপত্য রাখে পিএসজি, কিন্তু আক্রমণে কাঁপিয়ে দেয় লঁস।

ফরাসি লিগে পিএসজি চ্যাম্পিয়ন টানা পঞ্চমবার

শেষ পর্যন্ত আরেকটি গোল প্যারিসের ঐতিহ্যবাহী ক্লাবটিই করেছে। যোগ করা সময়ে (৯৩ মিনিট) ইব্রাহিম এমবায়ে গোল করলে ২-০ ব্যবধানের সহজ জয় পেয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে পিএসজি। তারা লক্ষ্যে মাত্র তিনটি শট নিয়ে দুটিতেই সাফল্য পেয়েছে।

শিরোপা জয়ের আনন্দ দেম্বেলের, ছবি : সংগৃহীত

এক ম্যাচ বাকি থাকেতেই ৩৩ খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। আর লঁস সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। তাদের রানার্সআপ হওয়াও নিশ্চিত।

২০২৩ সালে এনরিকে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে টানা তিনটি শিরোপা জিতল দলটি। এবার তাদের ট্রেবল জয়ের সুযোগ চলতি মৌসুমে। কারণ, লিগ জয়ের আগেই তারা ফ্রেঞ্চ সুপার কাপ জিতে নিয়েছে। এবার পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে নামবে আগামী ৩০ মে।

শেষবার পিএসজি লীগ ওয়ানের শিরোপা মিস করে ২০২১ সালে। সেবার তাদের চ্যাম্পিয়নশিপ ঠেকিয়ে দেয় লিল।

Exit mobile version