উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে হারিয়ে ফাইনালে পিএসজি উঠেছে। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ১-১ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখের সঙ্গে। কিন্তু প্যারিসে হওয়া প্রথম লেগে ৫-৪ গোলের জয় সবমিলিয়ে পিএসজিকে জয় এনে দিয়েছে ৬-৫ গোলে।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নকে হারিয়ে ফাইনালে পিএসজি উঠেছে দুই লেগেই জিতে। প্যারিসে গোলবন্যার প্রথম সাক্ষাতে রেকর্ড ৫-৪ ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছিল। তাই এবার বাভারিয়ানদেরও জয়ের বিকল্প ছিল না। কিন্তু তারা নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হারতে হারতে ড্র করতে পেরেছে।
ঘরের মাঠে বায়ার্নকে স্তব্ধ হতে হয়েছে শুরুতেই গোল হজম করে। উসমান দেম্বেলে ৩ মিনিটের সময় গোল করে পিএসজিকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। এরপর থেকেই মরিয়া বায়ার্ন নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছে বেশিরভাগ সময়। কিন্তু গোল করতে পারেনি তারা একের পর এক আক্রমণ করেও।
প্রথমার্ধ শেষ করেছে বাভারিয়ানরা ১-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও মাঠের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের দখলে। কিন্তু পিএসজির রক্ষণব্যুহ ভেদ করতে পারেনি তারা। একেবারে অন্তিম সময়ে হ্যারি কেইন গোল করে সমতা আনেন। বাড়তি পাঁচ মিনিট যোগ করা হয়েছিল, চতুর্থ মিনিটে এই ইংলিশ ফরোয়ার্ড গোল করেও বাভারিয়ান তাঁবুতে স্বস্তি ফেরাতে পারেননি।
বায়ার্নকে হারিয়ে ফাইনালে পিএসজি
কারণ, দুই লেগ মিলিয়ে তখনও ৬-৫ ব্যবধানে এগিয়ে প্যারিসের দলটি। কিছুক্ষণ পরেই শেষ বাঁশি বেজে ওঠে, হতাশায় মুষড়ে পড়ে বায়ার্ন, থমকে যায় আলিয়াঞ্জ অ্যারেনা। টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখে শিরোপা ধরে রাখার মিশনে নামা পিএসজি।
ম্যাচের ৬২ ভাগ সময়ই বল নিজেদের পায়ে রাখতে পেরেছে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। মাত্র ৩৮ ভাগ সময় তা দখলে নিতে সক্ষম হয়েছে পিএসজি। কিন্তু উভয় দল গোলের জন্য শট নিয়েছে ১৫টি করে। এর মধ্যে বায়ার্ন লক্ষ্যে শট নিয়েছে পাঁচটি, আর পিএসজি আটটি।
বলের নিয়ন্ত্রণ কম-বেশি হলেও শট নেওয়ার ক্ষেত্রে সমানে-সমান ছিল উভয় দল। তবে ঘরের মাঠে ম্যাচটি জিতে ফাইনালে যেতে পারল না বায়ার্ন। অন্যদিকে, গত আসরে সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিল পিএসজি।
এবার শিরোপা ধরে রাখার লড়াই সেই আর্সেনালের বিপক্ষেই শীর্ষ ফরাসি ক্লাবটির। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে এবার হবে ইউরোপ সেরার মুকুট জয়ের লড়াই। আর্সেনাল সেমির দ্বিতীয় লেগে আগের রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায়। দুই দলের প্রথম লেগ হয়েছিল ১-১ সমতায় শেষ।
ম্যাচশেষে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলেছেন,‘আমার মনে হয় আজ আমাদের আক্রমণে সেই জেদ বা খুনে মেজাজ ছিল না, তবে শেষ পর্যন্ত ম্যাচটি জেতার সুযোগ আমাদের কাছে ছিল।’
