পাঞ্জাবকে প্রথম পরাজয় উপহার দিয়ে তিনে উঠল রাজস্থান

পাঞ্জাবকে প্রথম পরাজয় উপহার দিয়ে তিনে উঠল রাজস্থান

পাঞ্জাবকে প্রথম পরাজয় উপহার দিয়ে তিনে উঠল রাজস্থান, ছবি : ক্রিকইনফো

সাত ম্যাচে অপরাজেয় পাঞ্জাবকে প্রথম পরাজয় উপহার দিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস একটি পরিত্যক্ত ম্যাচ ছাড়াও বাকি ছয় ম্যাচ জিতেছিল। তাদের বিপক্ষে মঙ্গলবার ছয় উইকেটের জয় পেয়েছে রাজস্থান।

পাঞ্জাবকে প্রথম পরাজয় উপহার দেওয়া রাজস্থানের জয়ের পেছনে বড় ভূমিকা আছে বৈভব সূর্যবংশীর। খুব বড় ইনিংস খেলতে না পারলেও শুরুতে কিশোর ওপেনার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৬ বলে ৩টি চার, ৫টি ছক্কায় ৪৩ রান করেন।  এতেই ৩.২ ওভারে ৫১ রানের যে উদ্বোধনী জুটি হয়েছে সেটিই পাঞ্জাবের জন্য পরাজয়ের ডঙ্কা বাজিয়েছে।

সূর্যবংশীর ঝড় দারুণ শুরু এনে দেয় রাজস্থানকে, ছবি : ক্রিকইনফো

২২৩ রানের টার্গেট রাজস্থান ১৯.২ ওভারে পেরিয়ে করেছে চার উইকেটে ২২৮! সূর্যবংশীর ঝড়ো ইনিংসের কল্যাণে পাওয়ার প্লে’র ছয় ওভারে রাজস্থান মাত্র এক উইকেটে ৮৪ রান তোলে। দ্বিতীয় উইকেটে আরো ৫৪ রান যোগ হয় যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলের ব্যাটিংয়ে।

জুরেল অবশ্য রানের গতি কমিয়েছেন ২০ বলে ১৬ করে। তবে জয়সওয়াল গতি ঠিক রেখে ২৭ বলে ৭টি চার, ১টি ছয়ে ৫১ রানে সাজঘরে ফেরেন ১২তম ওভারে। রিয়ান পরাগের ১৬ বলে ২টি করে চার-ছক্কায় গড়া ২৯ রানের ক্যামিও রাজস্থানকে আবার গতি এনে দেয়।

ফেরেইরা রাজস্থানের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেন, ছবি : ক্রিকইনফো

পাঞ্জাবকে প্রথম পরাজয় উপহার

ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে এরপর অবিচ্ছিন্ন থেকে দলকে চার বল আগেই জেয় এনে দেন। দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফেরেইরা ২৬ বলে ৬টি চার, ৩টি ছক্কায় ৫২ রানে এবং শুভম ১২ বলে ৩টি চার, ২টি ছয়ে ৩১ রানে অপরাজিত থাকেন।

পাঞ্জাবের যুজবেন্দ্র চাহাল চার ওভারে ৩৬ রানে ৩টি উইকেট নেন। এর আগে তার দল নির্ধারিত ২০ ওভারে মাত্র চার উইকেটে ২২২ রান করে। ওপেনার প্রভসিমরান সিং ৪৪ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫৯ এবং মার্কাস স্টয়নিস মাত্র ২২ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন।

চাহাল তিনটি উইকেট নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি, ছবি : ক্রিকইনফো

কুপার কনোলি ১৪ বলে ২টি চার, ৩টি ছয়ে ৩০ এবং শ্রেয়াস আইয়ার ২৭ বলে ১টি করে চার-ছয়ে ৩০ রান করে পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন। ২টি উইকেট নেন যশ রাজ পাঞ্জা। তবে রাজস্থানের সম্মিলিত ব্যাটিং ঝড়ে শেষ পর্যন্ত প্রথম হার দেখে পাঞ্জাব। তবু আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষেই আছে তারা। আর ৯ ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে সূর্যবংশীর দল।

সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব- ২২২/৪; ২০ ওভার (স্টয়নিস ৬২*, প্রভসিমরান ৫৯, কনোলি ৩০, শ্রেয়াস ৩০, প্রিয়াংশ ২৯; পাঞ্জা ২/৪১, আর্চার ১/৪০)।

রাজস্থান- ২২৮/৪; ১৯.২ ওভার (ফেরেইরা ৫২*, জয়সওয়াল ৫১, সূর্যবংশী ৪৩, শুভম ৩১*, পরাগ ২৯; চাহাল ৩/৩৬, অর্শদীপ ১/৬৮)।

ফল : রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ডোনোভান ফেরেইরা।

Exit mobile version