দিল্লির বিপক্ষে রেকর্ডগড়া জয় পাঞ্জাবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। শুক্রবার দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের করা দুই উইকেটে ২৬৪ রান তাড়া করে ছয় উইকেটের জয় পায় পাঞ্জাব কিংস। শুধু আইপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান তাড়ার রেকর্ড গড়েছে তারা। অথচ দিল্লির হয়ে এদিন আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল।
১৮.৫ ওভারে চার উইকেটে ২৬৫ রান তুলে রেকর্ডগড়া জয় পাঞ্জাবের হয়েছে প্রভসিমরান সিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জোড়া হাফ সেঞ্চুরিতে। অরুন জেটলি স্টেডিয়ামে স্বাগতিক দিল্লি আগে ব্যাট করতে নামে। দলীয় ২৮ রানে পাথুম নিশঙ্কার (৭ বলে ১১) উইকেট হারালেও লোকেশ রাহুল ও নীতিশ রানা ঝড় তোলেন।
এরপর দ্বিতীয় উইকেটে যোগ হয় ২২০ রান। যেকোনো উইকেট জুটিতে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সেরা, এমনকি দ্বিতীয় উইকেটেও দ্বিতীয় সেরা। ২০১৬ সালের আসরে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স দ্বিতীয় উইকেটে ২২৯ রানের রেকর্ড জুটি গড়েন গুজরাট লায়ন্সের বিপক্ষে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
৭৫ রানে একবার জীবন পেয়েও সেঞ্চুরি করতে ব্যর্থ হন নীতিশ ১৯তম ওভারে সাজঘরে ফিরে। তিনি ৪৪ বলে ১১টি চার, ৪টি ছয়ে ৯১ রানে সাজঘরে ফেরেন। আর লোকেশ ৬৭ বলে ১৬টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত থাকেন ১৫২ রানে। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস।
শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে এটা কোনো ব্যাটারের তৃতীয় সেরা ইনিংস। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বেঙ্গালুরুতে ক্রিস গেইল অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। আর ২০০৮ সালের আসরে ব্রেন্ডন ম্যাককুলাম বেঙ্গালুরুর বিপক্ষে বেঙ্গালুরুতেই অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
রেকর্ডগড়া জয় পাঞ্জাবের
শেষ পর্যন্ত দিল্লি ২০ ওভারে দুই উইকেটে ২৬৪ রান তোলে। অর্শদীপ সিং ও জ্যাভিয়ের বার্টলেট উইকেট দুটি নেন। জবাব দিতে নেমে সাত বল হাতে রেখেই চার উইকেটে ২৬৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব। এটি আইপিএলের ইতিহাসে, এমনকি স্বীকৃত যেকোনো পর্যায়ের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
এর আগের রেকর্ডও ছিল পাঞ্জাবের দখলে। ২০২৪ সালে ইডেন গার্ডেনসে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রানের টার্গেটে জিতেছিল তারা। শুক্রবার এই সহজ জয় পেয়েছে পাঞ্জাব ওপেনিং জুটিতে প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরান সিংয়ের মাত্র ৬.৫ ওভারে করা ১২৬ রানের ওপেনিং জুটির সুবাদে।
প্রিয়াংশ ১৭ বলে ২টি চার, ৫টি ছক্কায় ৪৩ রানে সাজঘরে ফেরেন। প্রভসিমরানও পরের ওভারে আউট হন ২৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৭৬ রান করে। পরে অধিনায়ক শ্রেয়াসের ৩৬ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ৭১ ও নেহাল ওয়াধেরার ১৫ বলে ৩টি চার, ১টি ছয়ে ২৫ রানের ইনিংসে। কুলদীপ যাদব ২টি উইকেট নেন।
এর ফলে সাত ম্যাচেই অপরাজিত থাকল পাঞ্জাব। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের। ১৩ পয়েন্ট নিয়ে একভাবে শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে চতুর্থ হারে দিল্লি ছয় পয়েন্ট নিয়ে ৬ নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি- ২৬৪/২; ২০ ওভার (লোকেশ ১৫২*, নীতিশ ৯১, নিশঙ্কা ১১; অর্শদীপ ১/৪৯, বার্টলেট ১/৬৯)।
পাঞ্জাব- ২৬৫/৪; ১৮.৫ ওভার (প্রভসিমরান ৭৬, শ্রেয়াস ৭১*, প্রিয়াংশ ৪৩, নেহাল ২৫; কুলদীপ ২/৪৬, ভিপরাজ ১/২৪, অক্ষর ১/৪৪)।
ফল : পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : লোকেশ রাহুল।
