লা লিগায় শিরোপার লড়াই শেষ। এখন চলছে আনুুষ্ঠানিকতার ম্যাচগুলো। বৃহষ্পতিবার রাতে সে ম্যাচের একটিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা দল রিয়াল ওভিয়েদোকে তারা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে। গনজালো গার্সিয়া ও জুডে বেলিংহাম করেন গোল দুটো।
চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কাছে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। একে তো শিরোপা হারানোর বেদনা, তার সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনার কাছে হার- সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য সময়টা মোটেও স্বস্তির নয়। পাশাপাশি রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের জন্য তো নয়ই। ফলে পরিস্থিতি এখন ভয়াবহ। তার উত্তাপটা ভালোভাবেই টের পেয়েছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
পেরেজের বিপক্ষে দুয়ো ধ্বনি
দল ওভিয়েদোর বিপক্ষে জয় পেলেও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা।তার বিপক্ষে দুয়ো ধ্বনি দিয়েছে সমর্থকরা। তবে পেরেজ এ নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। বরং তার মাথা ঘামছে দলের ভবিষ্যত নিয়ে। রিয়াল মাদ্রিদ তার অধীনে দুটো মৌসুম ট্রফিহীন থাকলেও তিনি দলের নেতৃত্বে থাকার কথা আবারও জোরালোভাবে প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের পদ থেকে তিনি পদত্যাগ করবেন না। তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি যে কাউকে স্বাগত জানাবেন।
উত্তপ্ত বাক্য বিনিময়
ওভিয়েদোর বিপক্ষে ম্যাচ শুরুর আগে হসপিটালিটি বক্সে পেরেজের সঙ্গে বেশ কয়েক সমর্থকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পাশাপাশি ’ফ্লোরেন্তিনো লিভ নাউ’ লেখা ব্যানার প্রদর্শন করে। অবশ্য দীর্ঘ সময় তারা এটি রাখতে পারেনি। কেননা নিরাপত্তা কর্মীরা জোর করে ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।
এমন পরিস্থিতির মাঝে কিছুটা হলেও স্বস্তির হাওয়া এনে দেন গনজালো গার্সিয়া। ৪৪ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন তিনি। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দলটির বিপক্ষে রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় গোল পেতে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। বেঞ্চ থেকে উঠে আসা জুডে বেলিংহাম করেন গোলটি।
মাঠে নামেন এমবাপ্পে
ইনজুরির কারণে গত দুই ম্যাচে মাঠে নামতে না পারা কিলিয়ান এমবাপ্পেও বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। গোল পাননি তবে প্রতিপক্ষের জন্য একাধিকবার আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন। একবার প্রায় ২৫ মিটার দূর থেকে তার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় সমর্থকদের মধ্যে কিছুটা হলেও আনন্দ ছড়িয়ে পড়ে। পয়েন্ট টেবিলের তলানিতে থালেও ওভিয়েদো বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদ শিবিরে আক্রমণ চালিয়েছিল। যদিও তা থেকে তারা কোনো ফসল ঘরে তুলতে পারেনি।
