স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা রিপন মন্ডলের

দারুণ পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে স্ত্রীর অবদান নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রিপন মন্ডল।

অবশ্য মধ্যবিত্ত জীবন থেকে উঠে আসা! কত অনিশ্চয়তা আর সমস্যায় ভরপুর। সেখানেই হুট করে এলেন নুসরাত জাহান সুমি। রিপন মণ্ডলের জীবনটা হলো আরও গোছানো আর নিয়মতান্ত্রিক। আর এর ফল তো পাচ্ছেনই। ২৩ বছর বয়সে খুলে গেছে জাতীয় দলের দরজা। 

এবার নিজের ক্রিকেট ক্যারিয়ারে স্ত্রীর অবদান তুলে ধরলেন রিপন। তাও এমন এক দিনে, যেদিন তাদের বিবাহবার্ষিকী। যদিও জাতীয় দলের সাথে থাকায় রিপন এই দিনটি পরিবারের সাথে কাটাতে পারছেন না।

ফেসবুকে স্ত্রীর সাথে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ক্রিকেটার হবো সেই স্বপ্ন দেখার শুরু হয়নি তখনও। জীবনে কিছু একটা করতে হবে এই ভাবনাটাই ছিল না ওভাবে। অথচ মধ্যবিত্ত পরিবার আমাদের, কতশত সমস্যা-অনিশ্চয়তা! হঠাৎ একদিন আমার জীবনে তিনি এলেন, সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে! আলহামদুলিল্লাহ এরপর থেকে একটু একটু করে বদলাতে শুরু হলো ভাবনা, বুঝতে শুরু করলাম বাস্তবতা, ছুটতে শুরু করলাম স্বপ্নের পেছনে।’

রিপন বড় কিছু করার বিশ্বাস পেয়েছিলেন স্ত্রীর কাছ থেকেই। জানালেন, ‘আমার পক্ষেও যে ভালো কিছু করা সম্ভব, এই বিশ্বাসটা নিজের ছিল যতটা তারচেয়ে অনেক বেশি ছিল তার। যখন আমি কিছু ছিলাম না, যখন আমার কিছুই ছিল না, সেই সময়টায় তিনি আমার জীবনে এসেছিলেন। আজকে যিনি আমার সহধর্মিণী, আমার সন্তানের মা।’

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘আজ আমাদের বিবাহবার্ষিকী। এমন বিশেষ একটা দিনে আমি পরিবার থেকে দূরে, পেশাদার ক্রিকেটারদের জীবন যেমন হয় আর কি! আমায় নিয়ে তার কোনো অভিযোগ বা অভিমান আছে কি না কখনোই বলেনি। নিঃস্বার্থভাবে বছরের পর বছর ধরে ভালোবেসে গেছে, প্রত্যেকটা কঠিন সময়ে পাশে থেকেছে, ভরসা দিয়েছে, লড়তে শিখিয়েছে। এখনও তাই। এতটুকুও বাড়িয়ে বলছি না, আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে তার যোগ্য মনে করেছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য’ ২০২৩ সালের অক্টোবরে মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেসার রিপন মন্ডলের। এরপর অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে থাকা থাকবেন এই পেসার।

Exit mobile version