অবসরের ঘোষণায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত রুবেল। পেসার রুবেল হোসেনের অবসরের খবরে নাড়াচাড়া দিয়ে উঠেছে পুরনো সব স্মৃতি। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর রুবেল হোসেনের সেই ভোঁদৌড় এখন স্পষ্ট হয়ে ভাসছে সবার চোখে। ভাসবেই তো। সেই জয়ের মহানায়ক রুবেল হোসেন যে আর খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেট।
দীর্ঘ ৪ বছর ধরে জাতীয় দলের বাইরে ডান হাতি এই পেসার। ইদানীং ঘরোয়া ক্রিকেটেও খেলা হচ্ছে না। গত ১৫ এপ্রিল হুট করে ফেসবুক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই তারকা। রুবেল এই ঘোষণা দিতেই একে একে সরব হতে থাকেন তার সতীর্থরা।
বিশ্বকাপে ইংল্যান্ড বধের ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘এই দিনটি সকল বাংলাদেশির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে। আগামীর দিনগুলোর জন্য রইল শুভকামনা রুবেল।
রুবেলও প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘অনেক ধন্যবাদ মুশফিক ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে।’
পঞ্চপাণ্ডবের আরেক তারকা মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘জাতীয় দলে তোমার অবদানের জন্য ধন্যবাদ এবং তোমার অর্জন ও অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন রুবেল হোসেন। তোমার ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য শুভকামনা রইল।’
এনামুল হক বিজয় লিখেছেন, ‘আপনার ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচজয়ী বোলিংটা হয়ত সবাই মনে রাখবে। কিন্তু আমার কাছে রুবেল হোসেন মানেই অসাধারণ কিছু মুহূর্ত, দারুণ সব স্পেল, আর দেশের জন্য জেতানো অনেকগুলো স্মরণীয় ম্যাচ। আপনার সেই হাত তুলে দৌড় এটা শুধু একটা উদযাপন না, এটা ছিল অনুভূতি, একটা গর্ব… যা আমি সবসময় মিস করব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় আরও সুন্দর, শান্তিময় আর সফল হোক এই দোয়া রইল।’
লিটন দাসও রুবেলকে জানিয়েছেন-হ্যাপি রিটায়ারমেন্ট। শরিফুল ইসলাম লিখেছেন, ‘২০১৫ সালের বিশ্বকাপ তখন আমি ছোট ছিলাম, টিভির সামনে বসে আপনার সেই স্পেল দেখছিলাম। কী অসাধারণ। আপনার সেই পারফরম্যান্স আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে।
আজ আপনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন কিন্তু আপনি যেটা দিয়ে গেছেন, সেটা কখনো শেষ হবে না- অনুপ্রেরণা। আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে একই ড্রেসিং রুম শেয়ার করার। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।’
সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি সভাপতি আবেগঘন এক বার্তাই দিয়েছেন রুবেলকে নিয়ে। তামিম ইকবাল লিখেছেন, ‘মাঠে ও মাঠের বাইরে-অগণিত স্মৃতি জমে আছে তোমার সঙ্গে। এই যাত্রাটা তোমার সঙ্গে ভাগ করে নিতে পারা সত্যিই গর্বের।
বাংলাদেশ ক্রিকেটের জন্য যা কিছু দিয়েছ, তার জন্য আন্তরিক ধন্যবাদ। এক অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রুবেল।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















