রানবন্যায় ভেসে গেল আইপিএলে সব রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার ছক্কার টানটান উত্তেজনা। চলতি আইপিএলে যেন পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এবার। এক দিনে দুই ম্যাচে চার ইনিংস মিলিয়ে উঠেছে ৯৮৬ রান। পাঞ্জাব কিংস-দিল্লী ক্যাপিটালস ম্যাচে দিল্লীর ২৬৪ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব।
আর পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের ২২৮ রান তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে ২৫ এপ্রিল ছিল রান উৎসবের এক দিন। দুই ম্যাচের সব রেকর্ড নিয়ে আজকের এই আয়োজন।
প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ৬৭ বলে ১৫২ রানের হার না মানা ইনিংস খেলেন দিল্লীর লোকেশ রাহুল। এই ইনিংস আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। শুধু আইপিএলই নয়, টি–টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এর চেয়ে বড় ইনিংস ইনিংস নেই আর কারও।
একই দিন রাতের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন রাজস্থানের ওপেনার বৈভব সূর্যবংশী। পরের বলেই এলবিডব্লিউ হয়ে শেষ হয় ১২ ছক্কা ও পাঁচ চারে গড়া ৩৭ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংস।
আগের আসরেই মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বে আলোড়ন ফেলে দেন সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে ৩৬ বলে সূর্যবংশির সেঞ্চুরিটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। গত আসরের ৩৫ বলের সেঞ্চুরি এখনও আছে দ্বিতীয় স্থানে, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম। ২০১৩ সালের ১৭৫* রানের ইনিংস খেলার পথে ৩০ বলে সেঞ্চুরি করে তালিকার শীর্ষে আছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল।
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে জোড়া সেঞ্চুরি হয়ে গেল সূর্যবংশীর। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরি হলো চারটি। মাত্র ২৬ ইনিংসেই চার সেঞ্চুরি পেলেন তিনি।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম ইনিংসে চারটি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের উসমান খান। ৩৩ ইনিংসে চার সেঞ্চুরি পেয়েছিলেন উসমান। এছাড়া আরেক ভারতীয় সাই সুদর্শনের লেগেছিল ৭২ ইনিংস, গেইলের লেগেছিল ৭৭ ইনিংস।
বিস্ফোরক এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সূর্যবংশী। বলের হিসেবে দ্রুততম হাজার রান স্পর্শ করলেন তিনি, ৪৭৩ বলে হাজার রান ছুঁয়েছেন সূর্যবংশী। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মাইকেল ওয়েনের (৫৩৩ বলে)। টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যবংশীর মত এত কম বয়সে হাজার রান করতে পারেননি আর কেউ।
ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়ে রাজস্থানের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন সূর্যবংশী। পেরিয়ে গেছেন নিজের ১১ ছক্কার রেকর্ডটাই।
দিল্লী-পাঞ্জাবের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৫২৯। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। চূড়ায় আছে ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে হওয়া ৫৪৯ রান।
