একের পর এক সাফল্যে ভাসছে বাংলাদেশ হকি ফেডারেশন। এবার ২৯ মে থেকে জাপানে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ মিশন। যেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল। সেই দলের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড সেইলর। এই সফর উপলক্ষ্যে ফেডারেশনকে এক কোটি টাকা দিচ্ছে ইপিলিয়ন গ্রুপ।

সমঝোতা স্মারক (এম.ও.ইউ) ও জার্সি উন্মোচন উপলক্ষ্যে আজ মওলানা ভাসানি হকি স্টেডিয়াম ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লে: কর্ণেল রিয়াজুল হাসান (অব:) স্পন্সর প্রতিষ্ঠান সেইলর এর সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মোঃ সাদেকুজ্জামান খান ও এজিএম (সেলস এন্ড অপারেশন্স) মোঃ আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান,
“হকির সাফল্য প্রচার করছে গণমাধ্যম। সে কারণেই স্পন্সর প্রতিষ্ঠানগুলো ফেডারেশনের সাথে সম্পৃক্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই দেশের হকি এগিয়ে নিতে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রাখছে।”

এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাক জানান, বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক এর আগে দেশের নারী হকির সাথে যুক্ত হয়েছিলো। দেশজুড়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচী নিয়েছিলো। শুধু তাই নয় সেখান থেকে ১১ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছিলো। তাদের মধ্যে চারজন এবার প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী দলে জায়গা করে নেয়। যে দলটি সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিয়ে জাপানে অনুষ্ঠেয় চূড়ান্তপর্বে জায়গা করে নেয়।
খেলাধুলায় সেইলর
সেইলর এর দুই কর্মকর্তা জানান, তারা অনূর্ধ্ব-১৮ পুরুষ ও নারী হকি দলের সাথে থাকতে পেরে গর্বিত। কেননা, সেইলর সব সময় দেশের তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করে। অনূর্ধ্ব-১৮ দলটাও তরুণ।
শুধু এই সফরের মধ্যেই হকি ফেডারেশনের সাথে তাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না। ভবিষ্যতেও তারা হকির সাথে সম্পৃক্ত থাকতে চায়। শুধু তাই নয়, ইপিলিয়ন গ্রুপের ইচ্ছা হকির উন্নয়ন নিয়ে কাজ করা।
ইপিলিয়ন গ্রুপ এর আগেই দেশের খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করেছে। ক্রিকেট, ফুটবল, কাবাডি ও দাবা নিয়ে কাজ করলেও এবার প্রথমবারের মতো তারা দেশের হকিতে যুক্ত হয়েছে। শুধু তাই তাদের জনপ্রিয় ব্র্যান্ড সেইলর এর পক্ষ থেকে একাধিকবার ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সাইক্লিস্ট গ্রুপের সাথেও যুক্ত আছে সেইলর।
এদিকে, ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই নারায়ণগঞ্জে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আবারও শুরু হচ্ছে মেয়েদের ক্যাম্প
সাধারণ সম্পাদক আরও জানান, ফেডারেশনের উদ্যোগে দেশের হকি সংশ্লিষ্ট জেলাগুলোতে নারীদের হকি ক্যাম্পের (আবাসিক/অনাবাসিক) আয়োজন করা হবে।
অনূর্ধ্ব-১৮ দলের কোচ থাকছেন যারা!
২৬ মে জাপানগামী পুরুষ দলের কোচের দায়ীত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল স্ট্রাইকার ও বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র কোচ মওদুদুর রহমান শুভ। আর নারী দলের কোচ হিসেবে দায়ীত্ব পালন করবেন মো. জাহিদ হোসেন রাজু।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











