মাল্টি ডিসিপ্লিনের প্রতিযোগিতা হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। এর পরই মর্যাদার দিক থেকে বিবেচিত হয় এশিয়ান গেমস। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এশিয়ান গেমসে অংশ নিয়ে আসছে। যেখানে শুরু থেকেই পুরুষ হকি দল দেশের প্রতিনিধিত্ব করে আসছে। তবে এবারই প্রথমবারের মতো নারী হকি দল জায়গা করে নিয়েছে এশিয়ান গেমসে। যা দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন মাইলফলক।
চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিতব্য আসরের আগে বাছাইপর্ব আয়োজন করে এশিয়ান হকি ফেডারেশন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সেই বাছাই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী হকি দল। একই সঙ্গে তারা এশিয়ান গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছে।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই রানার্স-আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হতো। তবে ড্রয়ের ওপর নির্ভর না করে জয়ের লক্ষ্যেই মাঠে নামে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয়।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় হংকং। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এবং সমতায় ফেরে। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার অসাধারণ গোল বাংলাদেশকে এগিয়ে দেয়। এমার বাড়ানো বল প্রতিপক্ষ গোলরক্ষক পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারায় সুযোগ কাজে লাগান কনা। এরপরও একাধিক পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ কোয়ার্টারে উভয় দল চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ সাত পয়েন্ট। গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্স-আপ হবে। তবে যাই হোক, সেমিফাইনাল নিশ্চিত এবং এশিয়ান গেমসে অংশগ্রহণের টিকিট ইতোমধ্যেই পেয়ে গেছে দলটি।
এবারই নারী হকিতে ১ম সিনিয়র দল
বাংলাদেশে হকির ইতিহাস দীর্ঘদিনের হলেও নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল আগে ছিল না। সম্প্রতি বাংলাদেশ হকি ফেডারেশন এই দল গঠন করে, যেখানে মূলত বিকেএসপির খেলোয়াড়রাই সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম অংশগ্রহণেই তাদের এমন সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় দলটির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
সবশেষে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে জায়গা করে নিয়ে বাংলাদেশ নারী হকি দল দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। এই অর্জন ভবিষ্যতে নারী হকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















