Home Blog Page 167

ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টিতেও হার, সিরিজে পিছিয়ে বাংলাদেশ

0

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটারদের দুর্দশা যেন কাটছেই না। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো পরাজয় দিয়ে। বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তাওহীদ হৃদয়ের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম তিন ওভারেই ৩৬ রান তুলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন দুই ওপেনার।

তবে নাহিদ রানার আগ্রাসী বোলিংয়ে ম্যাচে ফেরে টাইগাররা। এই পেসার ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। কিন্তু শেষ দিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ব্রায়ান বেনেট করেন ৪৪ রান, বার্ল অপরাজিত থাকেন ৩০ রানে, আর ইভান্স ১০ বলে ১৯ রানের ক্যামিও খেলেন।

বাংলাদেশের হয়ে চারটি উইকেট নেন নাহিদ রানা ও মোহাম্মদ সাইফ উদ্দিন নেন দুটি উইকেট।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান সাইফ হাসান (১২), তানজিদ হাসান (১৬) ও পারভেজ হোসেন ইমন (৫)। এরপর তাওহীদ হৃদয় (১৪) ও নুরুল হাসান সোহানও (৩) ইনিংস বড় করতে ব্যর্থ হন।

ধ্বংসস্তূপের মধ্যে একাই লড়াই চালিয়ে যান তিন বছর পর দলে ফেরা ইয়াসির আলি রাব্বি। ৩৩ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। শেখ মেহেদী হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন ইয়াসির।

তবে শেষদিকে রিচার্ড এনগারাভার জোড়া আঘাতে শেষ হয়ে যায় বাংলাদেশের সম্ভাবনা। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৯ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

ফলে আরেকবার ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে জিম্বাবুয়ে সফরে নতুন করে চাপে পড়ে গেল বাংলাদেশ।

গোল্ডেন গ্লাভস দৌড়ে এগিয়ে উনাই সিমন

বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কারের লড়াই এবারও জমে উঠেছে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত সব সেভ, ধারাবাহিক পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়।

তবে নাম ‘গোল্ডেন গ্লাভস’ হলেও ট্রফিটি খাঁটি সোনার তৈরি নয়। সাধারণত ধাতুর ওপর সোনালি প্রলেপ দিয়ে এটি তৈরি করা হয়। বাণিজ্যিক মূল্য খুব বেশি না হলেও ফুটবলীয় মর্যাদার দিক থেকে এর মূল্য অপরিসীম।

চলতি বিশ্বকাপে এই পুরস্কারের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। সেমিফাইনালের আগে সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। ইতোমধ্যে ছয়টি ক্লিন শিটও রেখেছেন স্প্যানিশ এই গোলরক্ষক, যা এক আসরে সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড স্পর্শ করেছে।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল হজম করার আগে টানা ৬৪৯ মিনিট জাল অক্ষত রেখেছিলেন সিমন। বিশ্বকাপের ইতিহাসে এটি অন্যতম সেরা রক্ষণাত্মক রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্তিনেজও এখনো লড়াইয়ে আছেন। তবে পরিসংখ্যানের বিচারে তিনি কিছুটা পিছিয়ে। নকআউট পর্বে আর্জেন্টিনাকে একাধিক গোল হজম করতে হয়েছে, যা তার সম্ভাবনাকে কিছুটা কমিয়ে দিয়েছে।

তবে ইতিহাস বলছে, সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাম্পিয়ন দলের গোলরক্ষকই জিতেছেন গোল্ডেন গ্লাভস। ফলে সেমিফাইনাল ও ফাইনালের ফলও এই পুরস্কারের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব হিসাব-নিকাশে আপাতত উনাই সিমনই সবচেয়ে বড় দাবিদার। তবে বিশ্বকাপের শেষ দুই ম্যাচেই লুকিয়ে আছে আসল নাটক। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সেরা গোলরক্ষকের সম্মান, সেটিই এখন দেখার অপেক্ষা।

বিশ্বকাপ ফাইনালের বিরতি হবে ৩০ মিনিট – চলছে বিতর্ক

হাফ-টাইম শো: ফুটবল বনাম বিনোদনের নতুন বিতর্ক

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অভূতপূর্ব এবং বিতর্কিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের বিরতি বা হাফ-টাইম প্রচলিত ১৫ মিনিট থেকে বাড়িয়ে প্রায় ৩০ মিনিট করার পরিকল্পনা করা হচ্ছে। এই বাড়তি সময়ে মাঠ মাতাতে দেখা যাবে শাকিরা, ম্যাডোনা, বিটিএস এবং জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত পপ তারকাদের। ফিফার এই সিদ্ধান্ত বিনোদন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেও ফুটবল বিশ্বে জন্ম দিয়েছে তীব্র বিতর্কের।

মূল পরিকল্পনা ও তারকাদের অংশগ্রহণ

ফিফা ও সম্প্রচারকারী সংস্থাগুলোর যৌথ পরিকল্পনা অনুযায়ী, ফাইনাল ম্যাচের হাফ-টাইম বিরতি ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। তবে পুরো সময় জুড়ে গান-বাজনা চলবে না। মূল মিউজিক শোটির দৈর্ঘ্য হবে প্রায় ১১ মিনিট। বাকি সময়টুকু মাঠ পুনর্গঠন, খেলোয়াড়দের কৌশল নির্ধারণ এবং ড্রেসিংরুম টকের জন্য বরাদ্দ থাকবে।

কোল্ডপ্লে (Coldplay)-এর ক্রিস মার্টিনের কিউরেশনে এই জমকালো আয়োজনে পারফর্ম করবেন:

  • শাকিরা ও ম্যাডোনা
  • কে-পপ সেনসেশন বিটিএস (BTS)
  • জাস্টিন বিবার
  • বার্না বয় এবং গুস্তাভো দুদামেল

আয়োজনের উদ্দেশ্য: মহৎ উদ্যোগ ও নতুন দর্শক

ফিফার পক্ষ থেকে এই মেগা শো আয়োজনের পেছনে দুটি মূল কারণ দর্শানো হয়েছে: ১. দাতব্য তহবিল গঠন: এই ঐতিহাসিক হাফটাইম শোটি মূলত ‘FIFA Global Citizen Education Fund’-এর অধীনে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে তহবিল গঠনের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে। ২. বাণিজ্যিক ও নতুন দর্শক আকর্ষণ: ফুটবলের গণ্ডি পেরিয়ে পপ সংগীতের বিশাল ভক্তগোষ্ঠীকে (যেমন বিশ্বব্যাপী বিটিএস আর্মি) বিশ্বকাপের ফাইনালের স্ক্রিনে ধরে রাখা, যা ফিফার দর্শকসংখ্যা ও বাণিজ্যিক রেভিনিউ বহুগুণ বাড়িয়ে দেবে।

ফুটবলপ্রেমী ও বিশেষজ্ঞদের আপত্তি ও সংশয়

ফিফার এই সিদ্ধান্তকে ফুটবল সংস্কৃতি এবং খেলোয়াড়দের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন না ফুটবলার ও বিশ্লেষকরা। তাদের আপত্তির প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:

খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি: ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)-এর নিয়ম অনুযায়ী, হাফ-টাইম বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হতে পারে। এর চেয়ে বেশি সময় খেলোয়াড়রা নিষ্ক্রিয় বসে থাকলে তাদের শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে আবার তীব্র গতির খেলায় ফিরলে পেশিতে টান বা মারাত্মক ইনজুরির আশঙ্কা থাকে।

ঐতিহ্যে আঘাত ও অতি-বাণিজ্যিকীকরণ: কট্টর ফুটবল সমর্থকদের মতে, ফুটবলের নিজস্ব একটি ছন্দ ও আবেগ রয়েছে। আমেরিকান ফুটবলের ‘সুপার বোল’ (Super Bowl)-এর আদলে ফুটবলকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ করা হলে খেলার মূল আবেদন নষ্ট হবে।

মনোযোগের ব্যাঘাত: ফাইনালে প্রথমার্ধের চরম উত্তেজনার পর দর্শকরা যখন মাঠের রণকৌশল নিয়ে মগ্ন থাকেন, তখন এই ধরণের হাই-ভোল্টেজ পপ কনসার্ট মাঠের আসল ফুটবলীয় আবহকে হালকা করে দিতে পারে।

উপসংহার ও মূল্যায়ন

খেলাধুলার সাথে বিনোদনের মেলবন্ধন বিশ্বজুড়েই জনপ্রিয়, এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল গঠনের উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে ফুটবলের মূল স্পিরিট, ঐতিহ্য এবং সর্বোপরি খেলোয়াড়দের শারীরিক সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলে এই ধরণের বড় পরিবর্তন কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফুটবল মাঠ যেন শেষ পর্যন্ত ফুটবলেরই থাকে, বিনোদনের ভিড়ে তা যেন হারিয়ে না যায়, এটাই এখন সাধারণ ফুটবলপ্রেমীদের প্রত্যাশা।

বাংলাদেশকে আনন্দ দিতে চান স্কালোনি, ভালোবাসার কথা জানালেন মার্তিনেজও

আকাশপথে বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে বিশ্বকাপ এলেই সেই দূরত্ব যেন মিলিয়ে যায়। আজ আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা, আর সেই ম্যাচে আলবিসেলেস্তাদের পক্ষে গলা মেলাবে বাংলাদেশের কোটি কোটি সমর্থকও।

বাংলাদেশের এই নিঃশর্ত সমর্থন ও ভালোবাসা বরাবরই মুগ্ধ করেছে আর্জেন্টিনা শিবিরকে। এবার সেই ভালোবাসার প্রতিদান দিতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে স্কালোনি বলেন, ‘আশা করি আগামীকাল (আজ) আমরা তাদের আনন্দ দেওয়ার মতো একটি ফল উপহার দিতে পারব। সেটাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বকাপজয়ী এই কোচ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, সেটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’

বাংলাদেশ নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে আমি নিজের চোখেই তা দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা দেখা যায়, তা বিশ্বের ফুটবল অঙ্গনেও বিশেষভাবে আলোচিত। আর সেই ভালোবাসার প্রতিদান হিসেবে এবার বাংলাদেশের সমর্থকদের আনন্দ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে স্কালোনির দল।

বাংলাদেশকে ১৭১ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭১ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে স্বাগতিকরা।

ঘরের মাঠে এদিন ওপেনার ব্রায়ান বেনেট শুরুতে ঝড় তুলে ৩০ বলে ৪৪ রান করে নাহিদ রানার বলে বিদায় নেন। আর এক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৯ বলে করেন ১৪ রান করে রানার বলে ক্যাচ দিয়ে ফেরেন। ডিওন মায়ার্স ২০ বলে ২০ রান করে সাইফউদ্দিনের বলে ক্যাচ আউট হন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করেন।

মিল্টন শুম্বা ১১ রান করে বিদায় নেন। তবে রায়ান বার্ল ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ ও ইভান্স ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। বল হাতে নাহিদ রানা ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন চার উইকেট। এছাড়া সাইফউদ্দিন নেন ৪ ওভরে ৩৫ রানে দুই উইকেট।

বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশেঃ ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় এই সিরিজেও দলের নেতৃত্বে থাকছেন তাওহীদ হৃদয়। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট, তাই অতীতের ভুল পেছনে ফেলে ভালো ক্রিকেট খেলাতেই মনোযোগ দিতে চান তারা,

তিনি বলেন,‘ক্রিকেটে হয় জিতবেন, নয়তো হারবেন। তবে এটি ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন ভেন্যু। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে ফলও আমাদের পক্ষেই আসবে। টেস্ট ও ওয়ানডেতে যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিয়ে এই ফরম্যাটে আরও মনোযোগী হতে চাই।’

এদিকে স্বাগতিক জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘নিজেদের মাঠে জিম্বাবুয়ে খুবই শক্তিশালী দল। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমাদেরও শক্তির জায়গা আছে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ভালো ফল সম্ভব।’

দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানকে নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি ও মোহাম্মদ সাইফ উদ্দিন। কিপিং করবেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশেঃ ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

বেকহ্যামের নামে ভাইরাল ‘ইংল্যান্ড হারবে, মেসিকে থামানো যাবে না’-দাবিটি ভুয়া

২০২৬ ফিফা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে। এরই মধ্যে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের নামে একটি বক্তব্য ভাইরাল হয়েছে।

ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, বেকহ্যাম নাকি বলেছেন, ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে, আর লিওনেল মেসিকে থামানোর মতো কোনো ফুটবলার বর্তমান ইংল্যান্ড দলে নেই। এমনকি তিনি নিজের দেশের জয়ের সম্ভাবনাও নাকি উড়িয়ে দিয়েছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই। ভাইরাল হওয়া পুরো বক্তব্যই মনগড়া এবং বিভ্রান্তিকর।

আসল ঘটনা কী?

চলতি বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিওনেল মেসিকে নিয়ে দু’টি পোস্ট করেন।

প্রথম স্টোরিতে মেসির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “তিনি অত্যন্ত অসাধারণ একজন মানুষ। কেবল মাঠে তিনি যা করেন তার জন্যই নয়, বরং মাঠের বাইরে তিনি মানুষ হিসেবে কেমন, সেটির জন্যও।”” অর্থাৎ, “সে অত্যন্ত বিশেষ একজন মানুষ। শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরেও সে অসাধারণ একজন মানুষ।”

আরেকটি স্টোরিতে তিনি লেখেন, “Nothing more to say.” অর্থাৎ, “নতুন করে বলার কিছু নেই।”

মূলত নিজের ক্লাব ইন্টার মায়ামির সবচেয়ে বড় তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই বেকহ্যাম এই পোস্টগুলো করেছিলেন। সেখানে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ, ইংল্যান্ডের সম্ভাবনা কিংবা মেসিকে আটকানোর সক্ষমতা নিয়ে কোনো মন্তব্য ছিল না।

কীভাবে ছড়াল বিভ্রান্তি?

ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর বেকহ্যামের সেই পুরোনো ইনস্টাগ্রাম স্টোরি এবং ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তাঁর লাল কার্ডের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি একটি কাল্পনিক বক্তব্য তৈরি করে প্রচার শুরু করে।

পরবর্তীতে সেই মনগড়া বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন। কিন্তু কোথাও বেকহ্যামের এমন মন্তব্যের নির্ভরযোগ্য কোনো ভিডিও, সাক্ষাৎকার বা অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।

সেমিফাইনালের উত্তেজনা

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড এবং লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা, দুই দলই কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। বিশ্বকাপের মঞ্চে এটি হতে যাচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ, ফলে লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।

তবে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য সমর্থকদের বিভ্রান্ত করছে।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, ডেভিড বেকহ্যাম কখনোই বলেননি যে, ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হারবে বা বর্তমান ইংল্যান্ড দলে মেসিকে থামানোর মতো কেউ নেই। ভাইরাল হওয়া এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া, যার সঙ্গে বেকহ্যামের প্রকৃত বক্তব্যের কোনো মিল নেই।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের ১০ ইউনিক

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই যেন ‘ফুটবলের ফকল্যান্ড যুদ্ধ’ ম্যারোডোনা-শিল্টন কথার লড়াই, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় আর ইংল্যান্ডের প্রতিশোধের ম্যাচ। এই দু-দল যখনই ফুটবল মোকাবেলায় অবতীর্ন হয় তখনই চলে আসে পুরনো হিসেব-নিকেশ। তাহলে চলুন দেখি কোন হিসেবের খেরখাতায় জমানো কৌশল নিয়ে স্কালোনি-টুখেল ফাঁদ পাততে যাচ্ছেন আজকের ফুটবল মহারণে, সেরকম ১০টি ইউনিক বিষয় খুঁজে বের করার চেষ্টা। দেখুন এক নজরে।

১. ৪০ বছরের প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় শুরুঃ

১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ থেকে ১৯৯৮ সালের বেকহ্যামের লাল কার্ড-আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই সবসময়ই ইতিহাসের ভার বহন করে। এবার সেই ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন একটি অধ্যায় সেমিফাইনাল দিয়ে।

২. অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের পরীক্ষাঃ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের ১০ ইউনিক
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনার ভরসা মেসির অভিজ্ঞতা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা। ইংল্যান্ডের শক্তি বেলিংহাম, সাকা ও গর্ডনদের গতি, শক্তি ও নির্ভীক ফুটবল। অভিজ্ঞতা নাকি তারুণ্য-উত্তর মিলবে এই ম্যাচে।

৩. মিডফিল্ড হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারকঃ

এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও ডি পলের বিপক্ষে ডেকলান রাইস, বেলিংহাম ও অ্যান্ডারসনদের লড়াই ম্যাচের নিয়ন্ত্রণ ঠিক করে দিতে পারে।

৪. মেসিকে থামানোর পরিকল্পনাঃ

ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসিকে বল পাওয়ার সুযোগ কমিয়ে দেওয়া। রাইসের সঙ্গে ডাবল মার্কিং কিংবা মিড-ব্লক প্রেসিং হতে পারে টুখেলের বড় অস্ত্র।

৫. দুই দলের জয়ের পথ ভিন্নঃ

আর্জেন্টিনার ছোট ছোট পাস, ধৈর্য ও পজিশনাল ফুটবলে প্রতিপক্ষ ভেঙ্গে পড়তে পারে। ইংল্যান্ড দ্রুত ট্রানজিশন, উইং আক্রমণ এবং সেট-পিসে বেশি কার্যকর হতে পারে।

৬. শেষ ৩০ মিনিট হতে পারে সবচেয়ে বিপজ্জনকঃ

দুই দলই এই বিশ্বকাপে শেষ আধাঘণ্টায় একাধিক গুরুত্বপূর্ণ গোল করেছে, যেমন মিশরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার ৩-২ গোলের জয় তাদের আত্ববিশ্বাস বাড়াবে। আবার ইংল্যান্ড  নরওয়ে ও কঙ্গোর সাথে পিছিয়ে পড়েও জয় লাভ করায় তাদেরও আত্ববিশ্বাস তুঙ্গে। ফলে ম্যাচ যত গড়াবে, নাটকীয়তা বাড়ার সম্ভাবনাও তত বেশি থাকবে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের ১০ ইউনিক
ইংল্যান্ড ফুটবল দল

৭. গোলকিপারের ভূমিকা হতে পারে নির্ণায়কঃ

এমিলিয়ানো মার্তিনেজ বড় ম্যাচে অসাধারণ মানসিক দৃঢ়তার জন্য পরিচিত। অন্যদিকে ইংল্যান্ডের গোলরক্ষকও একাধিক ম্যাচে দলকে বাঁচিয়েছেন। ম্যাচের ভাগ্য তাদের এক-দুটি বড় সেভের ওপরও নির্ভর করতে পারে।

৮. বেঞ্চের শক্তিতেও এগিয়ে দুই দলঃ

কোচ স্কালোনি ও টুখেল-দুজনের কাছেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিকল্প খেলোয়াড় রয়েছে। দ্বিতীয়ার্ধের বদলি ফুটবলাররাও হতে পারেন নায়ক।

৯. ফাউল ও আবেগের লড়াইঃ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে আবেগ সবসময়ই বেশি থাকে। মাঝমাঠের সংঘর্ষ, ট্যাকটিক্যাল ফাউল, মানসিক লড়াই এবং স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ ম্যাচের গতি বদলে দিতে পারে।

১০. ফাইনালের টিকিটের সঙ্গে ইতিহাস গড়ার সুযোগঃ

এই ম্যাচে জয় মানেই শুধু বিশ্বকাপের ফাইনাল নয়। আর্জেন্টিনার জন্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখা, আর ইংল্যান্ডের জন্য ১৯৬৬ পর আবার বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় বাধা পেরিয়ে যাওয়া।

মনে রাখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফিাইনাল “শুধু একটি সেমিফাইনাল নয়-এটি ইতিহাস, প্রতিশোধ, ম্যারাডোনা-শিল্টন কথার লড়াই, কৌশল আর দুই ফুটবল দর্শনের মহারণ।”

বিশ্বকাপে ব্যর্থতায় এমবাপ্পের আত্মসমালোচনা

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের বিপক্ষে কৌশলগত ব্যর্থতার দায় স্বীকার করলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায়ের পর অকপটে জানালেন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল-দুই দিকেই স্পেনের চেয়ে পিছিয়ে ছিল ফ্রান্স।

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে ফ্রান্সের। তবে স্কোরলাইন যতটা বলছে, মাঠের বাস্তবতা ছিল তার চেয়েও কঠিন। পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ, ছন্দ এবং কৌশলগত শ্রেষ্ঠত্বে ফরাসিদের ছাপিয়ে যায় স্পেন। ম্যাচ শেষে সেই বাস্তবতাই স্বীকার করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পে বলেন, শুরু থেকেই ফ্রান্সের প্রেসিং পরিকল্পনা কার্যকর হয়নি। দুই খেলোয়াড়কে ঠেকাতে তিনজন নিয়ে চাপ তৈরির কৌশলে স্পেনের মাঝমাঠ সহজেই ফাঁকা জায়গা খুঁজে নেয়। বিশেষ করে ফাবিয়ান রুইস ও রদ্রি পর্যাপ্ত সময় পেয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন। তার মতে, ম্যান-টু-ম্যান প্রেসিং করলে প্রতিপক্ষকে আরও বেশি চাপে রাখা সম্ভব হতো।

ম্যাচে বলের দখলে দুই দলের ব্যবধান খুব বেশি ছিল না। স্পেনের দখলে ছিল ৫১ শতাংশ এবং ফ্রান্সের ৪৯ শতাংশ। তবে পরিসংখ্যানের বাইরে মাঠে স্পেনের সংগঠিত ফুটবল এবং কৌশলগত শৃঙ্খলার সামনে কার্যত অসহায় দেখিয়েছে ফ্রান্সকে।

এমবাপ্পে স্বীকার করেন, ফ্রান্স নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তার ভাষায়, বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচে কোনো দল যদি বুঝতেই না পারে কীভাবে খেলতে হবে, তাহলে জয় পাওয়ার সুযোগ থাকে না। অন্যদিকে স্পেন নিজেদের পরিকল্পনায় অটল থেকে বলের গতি ও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ফরাসি অধিনায়ক আরও বলেন, প্রতিপক্ষের ওপর উচ্চ প্রেসিং করে তাদের স্বাভাবিক ছন্দ নষ্ট করার পরিকল্পনা ছিল। কিন্তু মাঠে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। উল্টো কৌশলগত সমন্বয়ের অভাবে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ফ্রান্স।

শুধু কৌশল নয়, নিজেদের পারফরম্যান্স নিয়েও হতাশ এমবাপ্পে। তিনি বলেন, বল পুনরুদ্ধারের পর প্রথম স্পর্শগুলোও মানসম্মত ছিল না। ছোট ছোট ভুলের কারণেই ম্যাচের নিয়ন্ত্রণ বারবার হাতছাড়া হয়েছে। তার মতে, ফাইনালে ওঠার জন্য যে মান ও ধারাবাহিকতা প্রয়োজন, তা এই ম্যাচে দেখাতে পারেনি ফ্রান্স।

এই আসরে আট গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে থাকা এমবাপ্পেও স্পেনের বিপক্ষে গোল করতে পারেননি। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক উনাই সিমনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন তিনি। তবে ম্যাচ শেষে আবেগ নয়, আত্মসমালোচনাকেই গুরুত্ব দিয়েছেন এই ফরোয়ার্ড।

অধিনায়ক হিসেবে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে এমবাপ্পে বলেন, ফাইনালে ওঠাই ছিল তাদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হয়নি এবং এর দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তার মতে, কঠিন এই পরাজয় থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে ফ্রান্সকে।

ম্যারাডোনার হ্যান্ড অব গড হবেন মেসি!

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার একটি ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই। মাঠের ফুটবল, বিশ্বকাপের নাটকীয়তা এবং দুই দেশের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই লড়াইকে আলাদা মাত্রা দিয়েছে। মেসির আর্জেন্টিনার দুর্দান্ত ছন্দে থাকলেও পিছিয়ে রাখার সুযোগ নেই হ্যারি কেইনের ইংল্যান্ডকে।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ইংল্যান্ড ও আর্জেন্টিনা মোট ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। আর এই লড়াইয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা জিতেছে ৬টি ম্যাচ, আর্জেন্টিনা জয় পেয়েছে ৩টিতে, আর ৫টি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের লড়াই আরও বেশি রোমাঞ্চকর। ১৯৬২ সালে প্রথম বিশ্বকাপ সাক্ষাতে ইংল্যান্ড ৩-১ গোলে জয় পায়। ১৯৬৬ সালের কোয়ার্টার ফাইনালেও ১-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এগিয়ে যায় ইংলিশরা।

তবে ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

১৯৯৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর ২০০২ সালের বিশ্বকাপে ডেভিড বেকহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় ইংল্যান্ড।

বিশ্বকাপে ২০২৬ সালের সেমিফাইনাল হবে দুই দলের ষষ্ঠ মুখোমুখি লড়াই। সাম্প্রতিক সময়ে দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, যেখানে ইংল্যান্ড ৩-২ গোলে জয় পেয়েছিল। এরপর দীর্ঘ ২১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা হচ্ছে দুই দলের।

পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে থাকলেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বরাবরই ভয়ংকর প্রতিপক্ষ। অন্যদিকে ইংল্যান্ডের বর্তমান প্রজন্মও দুর্দান্ত ছন্দে রয়েছে। তাই আটলান্টার সেমিফাইনালে অতীতের রেকর্ড নয়।

হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের দুরন্ত ফর্ম ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অন্যদিকে মেসি-আলভারেজ জুটি আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটি হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ‘বাঁচা-মরার’ লড়াইগুলোর একটি।

বরং ৯০ মিনিটের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে পাবে ফাইনালের টিকিট। ফুটবলপ্রেমীরা তাই অপেক্ষায় আরেকটি স্মরণীয় ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের।

সম্ভাব্য একাদশে ইংল্যান্ড খেলতে পারেঃ পিকফোর্ড, রিস জেমস, কনসা, গেহি, ও’রাইলি; রাইস, অ্যান্ডারসন; সাকা, বেলিংহ্যাম, গর্ডন; হ্যারি কেইন।

অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ এমিলিয়ানো মার্তিনেজ; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; পারেদেস; ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।