Home Blog Page 168

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বজয়

বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন এখন স্পেন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে লামিনে ইয়ামালরা। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১০ জনের আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লা রোহারা। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরল স্পেন, আর একই সঙ্গে নতুন প্রজন্ম ইতিহাসের সোনালি অধ্যায়ে নিজেদের নাম লিখিয়ে নিল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল, ছোট ছোট পাস আর সংগঠিত আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। রদ্রির নেতৃত্বে মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে কার্যত নিজেদের অর্ধেই আটকে রাখে তারা। লামিন ইয়ামাল, দানি ওলমো ও নিকো উইলিয়ামস বারবার আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পেন।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো ম্যাচজুড়েই রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ কিংবা অন্য কোনো আক্রমণভাগের খেলোয়াড়ই নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। স্পেনের উচ্চ প্রেসিং এবং শৃঙ্খলাবদ্ধ রক্ষণে ম্যাচের দীর্ঘ সময় পর্যন্ত গোলমুখে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি আলবিসেলেস্তেরা।

বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি। স্পেন ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যায়, আর আর্জেন্টিনা নিজেদের রক্ষণ আরও নিচে নামিয়ে প্রতিরোধ গড়ে তোলে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, আয়মেরিক লাপোর্তে ও পাউ কুবার্সির প্রচেষ্টা বারবার ব্যর্থ করে দেন তিনি।

নির্ধারিত সময়ের শেষদিকে আর্জেন্টিনা বড় ধাক্কা খায়। প্রথমে আপত্তি জানিয়ে হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। এরপর পাউ কুবার্সির ওপর কঠোর ট্যাকলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের দলে পরিণত হলেও কোনোভাবে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় আর্জেন্টিনা।

অতিরিক্ত সময়েও স্পেনের আক্রমণের ধার কমেনি। শেষ পর্যন্ত ১০৬তম মিনিটে আসে প্রতীক্ষিত গোল। ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর উঁচু ক্রসে নিকো উইলিয়ামস দারুণ হেডে বল বাড়িয়ে দেন। সেই সুযোগে ফেরান তোরেস জোরালো শটে বল জড়িয়ে দেন জালের ছাদে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেই গোলেই বিশ্বকাপ নিশ্চিত করে স্পেন।

গোল হজমের পর ১০ জনের আর্জেন্টিনা শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা চালালেও সমতায় ফিরতে পারেনি। বদলি খেলোয়াড় জুলিয়ানো সিমেওনের একটি শট অতিরিক্ত সময়ের শেষদিকে লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ের মাধ্যমে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির উত্তরসূরিরাও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল। লামিন ইয়ামাল, রদ্রি, নিকো উইলিয়ামস, দানি ওলমোদের নিয়ে গড়া নতুন স্পেন আবারও দেখিয়ে দিল যে, বল দখলভিত্তিক, ধৈর্যশীল এবং ছন্দময় ফুটবল এখনও বিশ্বজয়ের সবচেয়ে কার্যকর পথ হতে পারে।

অন্যদিকে, লিওনেল মেসির জন্য এটি হতে পারে বিশ্বকাপ মঞ্চে শেষ উপস্থিতি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর এবার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেল ফাইনালেই। আর্জেন্টিনার সংগ্রামের প্রতীক হয়ে ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার একাধিক অসাধারণ সেভ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।

অবশেষে অতিরিক্ত সময়ের এক গোলেই নির্ধারিত হলো ফাইনালের ভাগ্য। স্পেনের জন্য এটি নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা, আর আর্জেন্টিনার জন্য অপূর্ণ থেকে গেল টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

বিপর্যয় কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

0

জিম্বাবুয়ে সফরের শুরুটা ছিল হতাশায় ভরা। একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচে পরাজয় দিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তাওহীদ হৃদয়ের দল।

রোববার হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে টপকে যায় সফরকারীরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে একাই লড়াই করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে তিনি হাঁকান ৭টি চার ও ২টি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেন ব্রায়ান বেনেট, যিনি ৩৮ বলে করেন ৪৭ রান।

তবে শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেননি বাংলাদেশের বোলাররা। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। দুটি রানআউটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জবাবে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন তানজিদ।

অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ এবং ইয়াসির আলী ৯ বলে ১০ রান যোগ করেন। শেষদিকে কয়েকটি দ্রুত উইকেট পড়ে গেলেও ভেঙে পড়েননি তানজিদ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৮ বলে অপরাজিত ৬৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্কা।

শেষ পর্যন্ত ২০তম ওভারের চতুর্থ বলে মাহেদী হাসানের বাউন্ডারিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে শুধু সিরিজই জেতেনি টাইগাররা, সফরের হতাশাও অনেকটাই ভুলিয়েছে।

ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের শক্তি ও দুর্বলতা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল শুধু দুই পরাশক্তির লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও পরীক্ষা। দুই দেশের সিনিয়র জাতীয় দল এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র একবার বিশ্বকাপে এবং বাকি ১৩টি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ১৯৬৬ বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের হিসাব একেবারে সমানে সমান-আর্জেন্টিনা ও স্পেন জিতেছে ৬টি করে ম্যাচ, আর ড্র হয়েছে ২টি। ফলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে বিশ্বমঞ্চে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ এবং শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম মুখোমুখি লড়াই।

আর্জেন্টিনার বড় শক্তি

এই বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। ফিফার টুর্নামেন্ট বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২ গোল করে সর্বোচ্চ গোল করা দল । আর সেই আক্রমণের কেন্দ্রে আছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি  ফাইনালের আগে তার গোল সংখ্যা ৮, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়েও আক্রমণ ও সৃজনশীলতা দুই বিভাগেই আর্জেন্টিনার প্রধান শক্তি হিসেবে উঠে এসেছেন মেসি।

তবে আর্জেন্টিনার আক্রমণ শুধু মেসি নির্ভর নয়। লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ডরা প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখতে পারেন। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলের উপস্থিতি দলকে আরও ভারসাম্য দেয়। আর্জেন্টিনার বড় সুবিধা হলো, তারা প্রয়োজন অনুযায়ী ম্যাচের ধরন বদলাতে পারে। বল দখলে রেখে খেলতে পারে, আবার দ্রুত কাউন্টার অ্যাটাকেও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আর্জেন্টিনার দুর্বলতা

আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেনের বল দখল ও পজিশনাল ফুটবল সামলানো। স্পেন দীর্ঘ সময় বল নিজেদের কাছে রাখতে পারলে আর্জেন্টিনাকে অনেকটা সময় বল ছাড়া খেলতে হতে পারে। এতে রক্ষণ ও মাঝমাঠের ওপর চাপ বাড়বে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মেসির ওপর আক্রমণ তৈরির নির্ভরতা। তিনি এই বিশ্বকাপে অসাধারণ খেললেও নকআউট পর্বের প্রতিটি মিনিট খেলেছেন, যার মধ্যে অতিরিক্ত সময়ে গড়ানো দুটি ম্যাচও রয়েছে। ফলে ফাইনালে ম্যাচের গতি খুব বেশি হলে ৩৯ বছর বয়সী মেসির শারীরিক চাপও একটি বিবেচ্য বিষয় হতে পারে। অবশ্য এত দিনের অভিজ্ঞতায় তিনি গতি কমিয়েও কীভাবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রভাব ফেলতে হয়, সেটি বারবার দেখিয়েছেন।

স্পেনের সবচেয়ে বড় শক্তি

স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের জমাট রক্ষণ। তবে আক্রমণেও কম কার্যকর নয় লুইস দে লা ফুয়েন্তের দল। ফাইনালে ওঠার পথে সাত ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ গোল করেছে স্পেন, বিপরীতে হজম করেছে মাত্র একটি। সেই একমাত্র গোলটি আসে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে, যখন স্পেনের জালে সমতাসূচক গোল করেছিল বেলজিয়াম। অর্থাৎ ফাইনালের আগে বাকি ছয় ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছে স্প্যানিশরা। এমন দুর্ভেদ্য রক্ষণ ভাঙা যে আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য ফাইনালে বড় পরীক্ষা হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

ব্যক্তিগত পারফরম্যান্সেও স্পেনের রক্ষণভাগের দাপট স্পষ্ট। ফিফা পাওয়ার র‍্যাঙ্কিংয়ের ডিফেন্ডিং বিভাগে ৮.০৩ রেটিং নিয়ে সবার ওপরে রদ্রি। তার ঠিক পরেই পেদ্রো পোরো ৭.৭০ এবং তরুণ সেন্টারব্যাক পাউ কুবারসি ৭.৫০ রেটিং নিয়ে রয়েছেন। আয়মেরিক লাপোর্তের রেটিং ৭.২৯, তিনিও এই বিভাগের সেরা দশে জায়গা করে নিয়েছেন। একই দলের চারজন খেলোয়াড়ের এমন অবস্থানই বলে দেয়, স্পেনের রক্ষণ কোনো একজনের ওপর নির্ভরশীল নয়, এটি পুরো দলের সম্মিলিত শক্তি।

বিশেষ করে মাঝ মাঠে রদ্রির উপস্থিতি স্পেনকে বাড়তি নিরাপত্তা দেয়। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার পাশাপাশি রক্ষণ থেকে আক্রমণে বল নিয়ে যাওয়ার কাজটিও তিনি করেন। তার পেছনে কুবারসি ও লাপোর্তের মতো ডিফেন্ডাররা থাকায় স্পেনকে ভাঙা এখন পর্যন্ত প্রতিপক্ষদের জন্য কঠিনই হয়েছে। তবে ফাইনালে তাদের সামনে অপেক্ষা করছেন আট গোল করা মেসি-তাই স্পেনের এই দুর্দান্ত রক্ষণ এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।

স্পেনের আরেকটি বড় অস্ত্র বলের নিয়ন্ত্রণ ও পাসিং ফুটবল। ফিফার টুর্নামেন্ট পরিসংখ্যান অনুযায়ী, স্পেনের পজেশন কন্ট্রোল প্রায় ৫৮ শতাংশ। ফাইনালের আগে দলটি মোট ৪,৫৯২টি পাস খেলেছে, যার মধ্যে সফল হয়েছে ৪,১৫৬টি; পাসিং অ্যাকুরেসি ৯১ শতাংশ। ব্যক্তিগত ভাবেও স্প্যানিশদের দাপট চোখে পড়ার মতো-রদ্রি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৪৮টি সফল পাস দিয়েছেন, পাউ কুবারসি ৫৪৭টি এবং আয়মেরিক লাপোর্তে ৫৩৩টি। অর্থাৎ পেছন থেকে ধীরস্থির ভাবে আক্রমণ গড়ে তোলা এবং ছোট ছোট পাসে প্রতিপক্ষের প্রেসিং ভাঙার ক্ষেত্রে স্পেন কতটা কার্যকর, এই সংখ্যা গুলোই তার প্রমাণ। তবে মজার বিষয় হলো, মোট পাস ও সফল পাসের সংখ্যায় স্পেনের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা-তারা ৪,৭৭২টি পাসের মধ্যে ৪,৩২৪টি সফল করেছে। ফলে ফাইনালে মাঝমাঠ ও বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইটাও হতে পারে বেশ জমজমাট।

আর্জেন্টিনার জন্য বড় হুমকি

স্পেনের আক্রমণে লামিন ইয়ামাল আলাদা নজর কাড়বেন। তার গতি, ড্রিবলিং এবং একের বিপক্ষে এক পরিস্থিতিতে ডিফেন্ডারকে পরাস্ত করার ক্ষমতা আর্জেন্টিনার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

ফিফার সৃজনশীলতার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ৮.৮৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের রেটিং ৮.৬০।  তার সঙ্গে দানি ওলমো, ফাবিয়ান রুইজ এবং স্পেনের অন্যান্য আক্রমণাত্মক খেলোয়াড়দের সমন্বয় দলটির আক্রমণে বৈচিত্র্য এনেছে। তাই আর্জেন্টিনা শুধু একজন খেলোয়াড়কে আটকানোর পরিকল্পনা করলে সমস্যায় পড়তে পারে।

স্পেনের দুর্বলতা

স্পেনের সবচেয়ে বড় শক্তিই কখনো কখনো তাদের দুর্বলতায় পরিণত হতে পারে। দলটি অনেক সময় প্রচুর বল দখলে রেখেও সুযোগ কাজে লাগাতে সমস্যায় পড়ে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে ২৭টি শট নিয়েও গোল করতে পারেনি স্পেন, ম্যাচ শেষ হয়েছিল ০-০ ব্যবধানে।

ফাইনালের মতো ম্যাচে এমন সুযোগ নষ্ট করা বিপজ্জনক। কারণ আর্জেন্টিনার মতো অভিজ্ঞ দলকে একটি সুযোগ দিলেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। বিশেষ করে মেসির একটি পাস কিংবা দ্রুত কাউন্টার অ্যাটাক স্পেনের উঁচুতে উঠে খেলা রক্ষণকে সমস্যায় ফেলতে পারে।

কোথায় নির্ধারিত হতে পারে ম্যাচ?

এই ফাইনালের মূল লড়াই হতে পারে মাঝ মাঠে। স্পেন চাইবে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনাকে ছন্দহীন করতে। বিপরীতে আর্জেন্টিনা চেষ্টা করবে স্পেনের পাসিং লাইন বন্ধ করে দ্রুত সামনে যেতে এবং মেসিকে এমন জায়গায় বল দিতে, যেখান থেকে তিনি ম্যাচের পার্থক্য গড়তে পারেন।

পরিসংখ্যানের ভাষায় এটি কার্যত সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণের লড়াই। আর্জেন্টিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২ গোল করে সর্বোচ্চ গোল করা দল, বিপরীতে হজম করেছে মোট ৭ গোল। অন্যদিকে স্পেন ১৩ গোল করার পাশাপাশি ফাইনালে এসেছে মাত্র একটি গোল হজম করে। তবে বিশ্বকাপ ফাইনালে শুধু পরিসংখ্যানই শেষ কথা নয়। চাপ সামলানো, সুযোগ কাজে লাগানো এবং ছোট ভুল এড়ানো এই তিনটি বিষয়ই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে বিশ্বচ্যাম্পিয়ন কে হবে।

আর্জেন্টিনার অভিজ্ঞতা ও মেসির ব্যক্তিগত জাদুর বিপরীতে থাকবে স্পেনের তারুণ্য, শক্তিশালী রক্ষণ এবং দলগত নিয়ন্ত্রণ। তাই ম্যাচটি শুধু মেসি বনাম ইয়ামাল নয়, বরং আর্জেন্টিনার সরাসরি ও অভিযোজনক্ষম ফুটবলের সঙ্গে স্পেনের নিয়ন্ত্রিত পজিশনাল ফুটবলের এক আকর্ষণীয় কৌশলগত লড়াই হতে যাচ্ছে।

বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। রবিবার বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে স্বাগতিকরা। ফলে সিরিজ জিততে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।

এদিন বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৬ রানেই ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান। তবে দ্বিতীয় উইকেটে ভালো জুটি পায় স্বাগতিকরা।

ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স মিলে গড়েন ৭১ রানের জুটি। ৩৮ বলে ৪৭ রানে থামেন বেনেট। এদিন ফিফটির দেখা পেয়েছেন মায়ার্স। তার ইনিংস থামে ৭২ রানে। ৫২ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো।

শেষ দিকে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত আর কেউই ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে যেতে পারেননি। দলনেতা সিকান্দার রাজা ৩, রায়ার্ন বার্ল ৭, ব্র্যান্ড ইভান্স ১ ও ক্লাইভ মাদানদে শূন্য রানে সাজঘরে ফেরেন। আর মিল্টন সুম্বা ৪ ও মাপোসা শূন্য রানে অপরাজিত থাকেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে মাঠে নামছে টাইগাররা। বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। সিরিজ নির্ধারণী ম্যাচটি অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।

তবে বিশ্ব ক্রীড়াঙ্গন যখন রোববার নিউ জার্সিতে তাকিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের অপেক্ষায়, এর আগে বাংলাদেশ দল নামবে বুলাওয়ায়োতে শেষের স্বস্তির খোঁজে। এই সফরে এমনিতে বাংলাদেশের প্রাপ্তির ছিল সামান্যই, হারানোরই ছিল অনেক বেশি। দুই সংস্করণে সেই শঙ্কাই সত্যি হয়েছে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। পরে ওয়ানডে সিরিজ হেরে গেছে মেহেদী হাসান মিরাজরা।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এখানেও সিরিজ শুরু হয় বড় হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শুক্রবার ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সে সিরিজ জিইয়ে রাখেন হৃদয়রা।

এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তি ইয়াসির আলি চৌধুরির ব্যাটিং। প্রায় সাড়ে তিন বছর পর হুট করেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাকে। তখন সেটা প্রশ্নের জন্ম দিলেন জবাব দিয়েছেন তিনি ব্যাট হাতে।

বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, আব্দুল গাফ্ফার সাকলাইন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

ফাইনালের ট্যাকটিক্যাল যুদ্ধে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল মহারণ

বিশ্বকাপ ফাইনাল ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন ১৯৬৬ বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল সেবার আলবিসেলেস্তেরা ২-১ গোলে পরাজিত করেছিল স্পেনকে। তবে বিশ্বকাপসহ আন্তর্জাতিক ম্যাচে উভয় দল মোট ১৪ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে জয় সমান ৬টি করে আর ২টি ম্যাচ ড্র হয়েছে। তবে আজকের লড়াই ভিন্ন একদিকে যেমন বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ অন্যদিকে শিরোপা ধরে রাখা ও পুনরুদ্ধার করার হিসেব। তাই ২০২৬ বিশ্বকাপ ফাইনালটি শুধুই দুই দলের লড়াই নয়, এটি একদিকে যেমন দুই দেশের ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ অন্যদিকে স্পেনের বল দখল, পজিশনাল ফুটবল ও সমন্বিত প্রেসিং অ্যাটাক, আবার আর্জেন্টিনার নমনীয় কৌশল, দ্রুত ট্রানজিশন এবং লিওনেল মেসিকে ঘিরে গড়ে ওঠা সৃজনশীলতার লড়াই। বিশ্লেষকদের মতে এই ম্যাচ হবে; ফাইনালের ট্যাকটিক্যাল যুদ্ধে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল মহরণ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল ম্যাচ নিয়ে উভয় দলের শক্তি ও দুর্বলতার জায়গা গুলো নিয়ে বিশ্লেষন করে দেখবো কোন দলটি এগিয়ে রয়েছে:

স্পেনের কৌশলঃ

স্পেন বলের দখল নিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে খেলবে, পূর্বের ম্যাচে বিশেষ করে সেমিতে ফ্রান্সকে এই নীতি অবলম্বন করে হারিয়েছে। স্পেন সাধারনত ৬০-৬৫ শতাংশ বল দখলে রাখার চেষ্টা করবে। রদ্রিকে কেন্দ্র করে মিডফিল্ডে ত্রিভুজ তৈরি করে খেলতে চাইবে আবার ফুলব্যাকরা ওপরে উঠে মাঠকে বড় করবে।  

হাই প্রেসিং:

স্পেনের খেলার অন্যতম ধরন বল হারানোর ৫-৭ সেকেন্ডের মধ্যেই তা পুনরুদ্ধারের চেষ্টা করে এবং প্রতিপক্ষকে স্থির হতে দেয়না। আজও তারা আর্জেন্টিনাকে পেছনে ফেলতে চাইবে হাই প্রেসিং করে।

লামিন ইয়ামাল:

ওয়ান টু ওয়ান এ খুবই বিপদজনক তিনি। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে ড্রিবল ও কাট-ইনের মাধ্যমে সুযোগ তৈরি করেন এ ক্ষেত্রে তিনি আর্জেন্টিনার অ্যালিস্টার, ফের্নাান্দেজ আর ট্যাগলিয়াফিকোর সামনে পড়বেন যা আর্জেন্টিনার বাম ডিফেন্ডারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

আর্জেন্টিনার কৌশলঃ

মিড-ব্লক ডিফেন্স সবসময় হাই প্রেস করবে না। মাঝমাঠে প্রতিপক্ষকে আটকে দ্রুত কাউন্টার অ্যাটাক চালাবে। মাঠের মাঝামাঝি অংশে একটি সুশৃঙ্খল রক্ষণভাগ তৈরি করে প্রতিপক্ষের আক্রমণ থামানোর চেষ্টা করবে। আর্জেন্টিনা সাধারণত প্রতিপক্ষকে নিজেদের অর্ধের মাঝামাঝি পর্যন্ত এগিয়ে আসতে দেয়। এরপর মিডফিল্ড ও ডিফেন্সের দূরত্ব কমিয়ে খেলার জায়গা সংকুচিত করে।

মেসি ফ্রি রোল: মেসি মাঝমাঠে নেমে খেলবেন বল তৈরীর জন্য। তিনি স্পেনের দুই মিডফিল্ডারের মাঝখানের জায়গা কাজে লাগাতে চাইবেন। তার পাস থেকেই লাউতারো বা উইঙ্গারদের রান শুরু হবে আবার অ্যালিস্টার লং পাসে সহায়তা করবেন।

দ্রুত ট্রানজিশন:

প্রতিপক্ষের কাছ থেকে বল নিয়েই দ্রত ৩-৪ পাসে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। স্পেনের ডিফেন্ডররা যখন ওপরে উঠে আসবে তখন তাদের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আক্রমন চালাবে। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা একাধিক নকআউট ম্যাচে পিছিয়ে থেকেও দ্রুত ট্রানজিশন ও শেষ মুহূর্তের কার্যকর আক্রমণে জয় পেয়েছে।

ফাইনালের ট্যাকটিক্যাল যুদ্ধে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল মহারণ
আর্জেন্টেনা কোচ লিওনেল স্কালোনি

 দু-দলের বড় ট্যাকটিক্যাল যুদ্ধঃ

রদ্রি বনাম মেসি: রদ্রি যদি মেসির পাসিং লেন বন্ধ করতে পারেন, স্পেন সুবিধা পাবে। আবার মেসি যদি রদ্রিকে পাশ কাটিয়ে জায়গা বের করতে পারেন তাহলে আর্জেন্টিনা ভয়ংকর হয়ে উঠবে।

লামিন ইয়ামাল বনাম আর্জেন্টিনার বামপ্রান্ত:

স্পেনের সবচেয়ে বড় অস্ত্র ইয়ামালের গতি ও ড্রিবল। তাকে ডাবল মার্কিং না করলে বড় ক্ষতি হতে পারে আর্জেন্টিনার সেক্ষেত্রে আর্জেন্টিনার লেফট মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ও অ্যালিস্টারকে চ্যালেঞ্জ নিতে হবে লামিন ইয়ামালকে সামলানোর জন্য।

ম্যাক অ্যালিস্টার ও এনজো বনাম স্প্যানিশ মিডফিল্ড: প্রথমতস্পেনের আক্রমন ভাঙ্গবেন তার পর বলের দখল নিয়ে দ্রুত আক্রমনে যেতে পারলে সফল হবেন। স্পেনের পাসিং ভাঙা, দ্বিতীয়ত বল দখল এবং দ্রুত কাউন্টারে যাবেন এই তিন কাজই তাদের করতে হবে। তাহলে মধ্যমাঠে সফল হবে আর্জেন্টিনা।

কোন দল কোথায় এগিয়ে?

স্পেন বল দখল, পজিশনাল ফুটবল, দলগত সমসন্বয় আর মিডফিল্ডে সামান্য এগিয়ে থাকবে অপরদিকে আর্জেন্টিনা ট্রানজিশন, রক্ষণভাগ, কাউন্টার অ্যাটাক আর মানসিক দৃঢ়তা আর মেসির ব্যক্তিগত ম্যাচ উইনিং পাওয়ারে কিছুটা এগিয়ে থাকবে।  

ম্যাচের সম্ভাব্য চিত্র:

প্রথম ২০ মিনিট স্পেন বল দখলে রেখে ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করবে। ২০–৬০ মিনিট: আর্জেন্টিনা ধৈর্য ধরে অপেক্ষা করবে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। শেষ ৩০ মিনিট ম্যাচ ওপেন হয়ে যেতে পারে। স্পেন আক্রমণ বাড়ালে আর্জেন্টিনা দ্রুত ট্রানজিশনে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে।

ম্যাচ নির্ধারণ করতে পারে যে ৫টি বিষয়ঃ

স্পেন মেসিকে বিচ্ছিন্ন রাখতে চাইবে। আর্জেন্টিনার ইয়ামালকে সামলানো। বলের দখলে জয়ী। সেট-পিসে সফল হওয়া এবং বদলি খেলোয়াড়দের প্রভাব।

সার্বিক মূল্যায়নঃ

ট্যাকটিক্যাল দিক থেকে স্পেনের পজিশনাল ফুটবল, প্রেসিং এবং বলের নিয়ন্ত্রণ কিছুটা এগিয়ে। তবে আর্জেন্টিনার বড় শক্তি হলো পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো, দ্রুত ট্রানজিশন এবং মেসির সৃজনশীলতা। ফলে ম্যাচটি একপেশে হওয়ার সম্ভাবনা কম; বরং ছোট ছোট ট্যাকটিক্যাল মুহূর্ত, ব্যক্তিগত নৈপুণ্য এবং ট্রানজিশনের কার্যকারিতাই বিশ্বকাপের শিরোপা নির্ধারণ করতে পারে।

ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর, ফাইনালের জন্য প্রস্তুত স্পেনের তরুণ তারকা

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের জন্য দলের সেরা তারকা লামিনে ইয়ামাল শতভাগ ফিট বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পান ইয়ামাল। তারপরও ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন তিনি। কিন্তু ফাইনালের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল। তাই ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা জাগে। কিন্তু সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন দে লা ফুয়েন্তে।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামলাকে নিয়ে স্পেন কোচ জানান, শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত আছেন তারকা এই ফরোয়ার্ড।

লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই বেশ অস্বস্তিবোধ করছিল সে। তারপরও পুরো ম্যাচ খেলেছে ইয়ামাল। ম্যাচ শেষে বিশ্রামে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক আছে।’

ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন করেছেন বলে জানান দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘ফাইনালের দু’দিন আগে দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। আজ (গতকাল) দলের সবাই এক সঙ্গে অনুশীলন করেছে। আগামীকাল (আজ) শেষ অনুশীলন পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

এদিকে পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মত দলের সঙ্গে অনুশীলন করেননি তিনিও। তবে ফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন পোরোও।

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

বিশ্বকাপ থেকে দলগুলো ও ফুটবলাররা কত টাকা পাচ্ছে

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে জমকালো ও বড় আসর হতে যাচ্ছে এই বিশ্বকাপ। স্পেন-আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে রেকর্ডসংখ্যক ৪৮টি দল। বিশ্বকাপে মাঠের লড়াইয়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও আর্লিং হালান্ডের মতো তারকারা দর্শকদের উপহার দিয়েছেন নজরকাড়া এক ফুটবল মহোৎসব।

সেইসঙ্গে ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের প্রাইজমানি পেতে যাচ্ছেন অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপের এই প্রাইজমানি কীভাবে ভাগ করা হচ্ছে, চ্যাম্পিয়ন দল কত অর্থ পাচ্ছে-এসব তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের খেলাধুলা বিষয়ক বিভাগ দ্য অ্যাথলেটিক।

ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ ডলার প্রাইজ ফান্ড ঘোষণা করেছে। যা চার বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি এবারের প্রাইজমানি। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকে ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার পাচ্ছে।

এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ৯০ লাখ ডলার। সঙ্গে তাদের প্রস্তুতি খরচ বাবদ দেওয়া হয়েছে আরও ১৫ লাখ ডলার।

চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।

রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার।

তৃতীয় স্থান দল ইংল্যান্ড ২ কোটি ৯০ লাখ ডলার।

চতুর্থ স্থান দল ফ্রান্স যাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড-প্রতিটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার করে।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ৮টি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার।

শেষ ৩২ থেকে ছিটকে যাওয়া ১৬টি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার।

ব্যক্তিগত সেরা পুরস্কার কী কী?

বিশ্বকাপ সেরা খেলোয়াড় পান গোল্ডেন বল

সেরা গোলরক্ষক জেতেন গোল্ডেন গ্লাভস

আসরজুড়ে সর্বোচ্চ গোলদাতা জিতে নেন গোল্ডেন বুট পুরস্কার।

এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে কোনো অর্থ পুরস্কার নেই।

পুরস্কারজয়ীরা পাবেন শুধু ফুটবল ইতিহাসে নিজেদের নাম লেখানোর গৌরব।

জয় দিয়ে সফর শেষ করতে চায় বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে মাঠে নামছে বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। সিরিজ নির্ধারণী ম্যাচটি অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।

তবে বিশ্ব ক্রীড়াঙ্গন যখন রোববার নিউ জার্সিতে তাকিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের অপেক্ষায়, এর আগে বাংলাদেশ দল নামবে বুলাওয়ায়োতে শেষের স্বস্তির খোঁজে। এই সফরে এমনিতে বাংলাদেশের প্রাপ্তির ছিল সামান্যই, হারানোরই ছিল অনেক বেশি। দুই সংস্করণে সেই শঙ্কাই সত্যি হয়েছে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। পরে ওয়ানডে সিরিজ হেরে গেছে মেহেদী হাসান মিরাজরা।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এখানেও সিরিজ শুরু হয় বড় হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শুক্রবার ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সে সিরিজ জিইয়ে রাখেন হৃদয়রা।

এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তি ইয়াসির আলি চৌধুরির ব্যাটিং। প্রায় সাড়ে তিন বছর পর হুট করেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাকে। তখন সেটা প্রশ্নের জন্ম দিলেন জবাব দিয়েছেন তিনি ব্যাট হাতে।

প্রথম ম্যাচে দল হারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি উপহার দেন ইয়াসির। পরের ম্যাচে শেষ দিকে নেমে ১২ বলে ২২ রানে গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন বিসিবির ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান বললেন, দেশের জন্য ভালো কিছু করার তাড়না থেকেই ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পেরেছেন তারা।

‘মরিয়াভাব নয়, আমরা সবাই চেষ্টা করছিলাম যার যার জায়গা থেকে সেরাটা দেওয়ার। সবচেয়ে বড় ব্যাপার, দলের যে একটা বন্ডিং, স্পিরিট, ওটা মাথায় নিয়েই সবাই নেমেছিল যে, আমরা বাংলাদেশের জন্য খেলব এবং বাংলাদেশকে জেতাব। আমার কাছে মনে হয়, সবারই ওরকম (ভাবনা) ছিল যে, বাংলাদেশকে জেতাব।’

দুই ম্যাচের ফাঁকে এক দিনের বিরতিতে অনুশীলন সেশন ছিল না দলের। হোটেলেই ছিল শুধু শারীরিক কসরত। ইয়াসির বললেন, আগের ম্যাচের পথ ধরেই শেষ ম্যাচে জয়ের চেষ্টা করবেন তারা।‘আজকে শুধু একটু জিম সেশন ও রিকভারি সেশন হয়েছে। আশা করি, এটা আগামীকালের ম্যাচের জন্য আমাদেরকে ভালো করতে উজ্জীবিত করবে।

এছাড়া তিনি বলেন,‘ আমরা সবশেষ ম্যাচটি যেভাবে খেলেছি, আমরা চেষ্টা করব ওভাবে খেলার। ইতিবাচক অ্যাপ্রোচ অবশ্যই থাকবে। আমরা চেষ্টা করব দেশের জন্য খেলতে, দেশকে একটি সিরিজ যেন আমরা জেতাতে পারি।’

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে ব্যক্তিগত পুরস্কারের লড়াইও জমে উঠেছে। গোল্ডেন বুট জয়ের পথে সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জয়ের দৌড়ে এখনও সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। যদিও ফ্রান্স ৬-৪ ব্যবধানে হেরে যায়, তবুও এই দুই গোলের সুবাদে চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। অন্যদিকে মেসির গোল ৮টি। ফলে গোল্ডেন বুট জিততে হলে স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে অন্তত দু’টি গোল করে এমবাপ্পের সমতায় ফিরতে হবে, আর তিনটি গোল করলে তিনি এককভাবে শীর্ষে উঠে যাবেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে দুজনেরই গোল ছিল সমান ৮টি। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় তখন টাইব্রেকারে এগিয়ে ছিলেন মেসি। এমবাপের জোড়া গোল সেই সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে।

তবে গোল্ডেন বুট হাতছাড়া হলেও মেসিকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গোল্ডেন বল পুরস্কারকে ঘিরে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক টানা দ্বিতীয়বারের মতো দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে গোল্ডেন বল জিতে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে দুইবার এই সম্মান অর্জন করেছেন তিনি। এবার জিততে পারলে সেটি হবে তাঁর রেকর্ড তৃতীয় গোল্ডেন বল।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসিকে নিয়ে বলেন, “সে ইতিহাস। সে একজন কিংবদন্তি।”

মেসির দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যক্তিগত অপূর্ণতা এখনও গোল্ডেন বুট। আটটি ব্যালন ডি’অরসহ প্রায় সব বড় ব্যক্তিগত অর্জন তাঁর ঝুলিতে থাকলেও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এখনও জেতা হয়নি।

অন্যদিকে এমবাপে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর এবারও সেই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার তিনি। পাশাপাশি ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে এক আসরে ১০ গোল করার কীর্তিও গড়েছেন ফরাসি এই তারকা।

যদি মেসি ফাইনালে এমবাপেকে টপকে গোল্ডেন বুট জেতেন এবং আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারে, তাহলে ২০০২ সালে ব্রাজিলের রোনালদোর পর প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে গোল্ডেন বুট জয়ের নজির গড়বেন তিনি।

এদিকে স্পেনের খেলোয়াড়রাও ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে শক্ত অবস্থানে আছেন। গোল্ডেন গ্লাভসের অন্যতম দাবিদার গোলরক্ষক উনাই সিমন, যিনি সাত ম্যাচে মাত্র এক গোল হজম করেছেন। আর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল ২১ বছর বা তার কম বয়সী ফুটবলারদের জন্য দেওয়া সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কারের অন্যতম ফেভারিট।

বিশ্বকাপের গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রস্তুত করা সংক্ষিপ্ত তালিকা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্ধারিত হবে।