Home Blog Page 43

শরিফুলের ঐতিহাসিক সাত উইকেট, ১৪৬ রানে পিছিয়ে বাংলাদেশ

0

ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মেঘের মধ্যে একাই বিদ্যুতের ঝলক শরিফুল ইসলাম। আশার আলো তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিতে সাত উইকেট শিকার করে বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন বাঁহাতি এই পেসার। তবে তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচের প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ৬৪ রানে শেষ হওয়ার পর অস্ট্রেলিয়াও অবশ্য ব্যাট হাতে খুব স্বস্তিতে ছিল না। শরিফুলের দুর্দান্ত পেস ও নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ১৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম দিনের শেষে শরিফুল ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন; পরে ইনিংসের নবম উইকেটটি তুলে নিয়ে নিজের কীর্তিকে আরও উঁচুতে নিয়ে যান।

এই সাত উইকেট বাংলাদেশের টেস্ট ইতিহাসে একজন পেসারের সেরা বোলিং। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশের পেসারদের সেরা ইনিংস বোলিংয়ের রেকর্ডটি ছিল তাঁর দখলে। ম্যাকাইয়ে সেই রেকর্ড নিজের করে নিলেন শরিফুল।

রেকর্ডের তালিকায় আরও একটি বিশেষ অর্জন যোগ হয়েছে তাঁর নামের পাশে। বিদেশের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ইনিংস বোলিং ফিগার এখন শরিফুলের। দুই মাস আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সাত উইকেট নিয়ে সেই কীর্তির পাশে নিজের নাম বসালেন শরিফুল।

ক্যামেরন গ্রিন

বাংলাদেশের জন্য অবশ্য স্বস্তির জায়গা শুধু শরিফুলের রেকর্ড। প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে যাওয়ার খেসারত বড় লিড দিয়ে দিতে হয়েছে। এখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটিকে ম্যাচে ফিরতে হলে ব্যাট হাতে দেখাতে হবে অসাধারণ ধৈর্য ও প্রতিরোধ। ম্যাকাইয়ের পেস-সহায়ক উইকেটে বিষয়টি কঠিন বটে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস:
৬৪/১০ (৩৪ ওভার)। (শরিফুল ১৪, মিরাজ, ১১, তাইজুল ১১* ও হাসান ১০; স্টার্ক ৬/১২, কামিন্স ৩/২৫)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২১০/১০ (৫২.৩ ওভার)। (গ্রিন ৬৭, স্মিথ ৪২, নাথান লায়ন ৩২*, হেড ২২; শরিফুল ৭/৪৮)।

শেষ মুহূর্তে এস্পির গোলে মরিনহোর স্বপ্নের শুরু

0

১৩ বছর পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছেন হোসে মরিনহো। দ্বিতীয় অধ্যায়ের প্রথম ম্যাচেই অবশ্য সহজ কোনো জয় উপহার দেয়নি তাঁর দল। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বদলি খেলোয়াড় কার্লোস এস্পির নাটকীয় গোলে এস্পানিওলকে ২-১ ব্যবধানে হারিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই যেন মরিনহোর জন্য স্বপ্নের চিত্রনাট্য লিখছিল রিয়াল। নবম মিনিটেই জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় সফরকারীরা। আরদা গুলেরের দুর্দান্ত ফ্রি-কিক থেকে উড়ে আসা বলটি এস্পানিওলের রক্ষণভাগের ওপর দিয়ে মাথা ছুঁয়ে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে স্বাগতিক এস্পানিওল। ৩০তম মিনিটে জাভি হার্নান্দেজের কাটব্যাক থেকে গোল করে সমতা ফেরান অ্যালেক্স কালাত্রাভা। মুহূর্তেই উৎসবে ফেটে পড়ে গ্যালারি।

এরপর রিয়ালের ওপর চাপ বাড়লেও গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ বারবার বাধা হয়ে দাঁড়ান। কিলিয়ান এমবাপ্পের একাধিক প্রচেষ্টা ঠেকানোর পাশাপাশি দ্বিতীয়ার্ধে বেলিংহামের হেডও দুর্দান্তভাবে রক্ষা করেন তিনি। এমবাপ্পে, ইব্রাহিমা কোনাতে, ফেদেরিকো ভালভের্দে-একজনের পর একজন সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ভালভের্দের শক্তিশালী শট একবার পোস্টেও লাগে।

গোলের পর কার্লোস এস্পি

৬৪তম মিনিটে আরদা গুলেরের বদলি হিসেবে মাঠে নেমে রিয়ালের হয়ে অভিষেক হয় আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দের। কিন্তু ম্যাচের আসল নতুন নায়ক হয়ে ওঠেন কার্লোস এস্পি।

৮০তম মিনিটে বেলিংহামের পরিবর্তে মাঠে নামা এস্পি যোগ করা সময়ের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের শেষ মিনিটেই হয়ে ওঠেন ত্রাতা। বক্সে এমবাপ্পেকে ঘিরে ধরেছিলেন এস্পানিওলের রক্ষণভাগের খেলোয়াড়েরা। সেখান থেকে বেরিয়ে আসা আলগা বল কাছ থেকে জালে পাঠিয়ে দেন এস্পি। রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকেই গোল-আর সেই গোলেই নিশ্চিত হয় জয়।

দীর্ঘ ১৩ বছর পর রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফিরে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পেলেন মরিনহো। জয়টি সহজ ছিল না, তবে শেষ বাঁশির পর ফলাফলটাই তাঁর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

টিভিতে আজকের খেলা: ২৩ আগষ্ট ২০২৬

অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা আজ। এছাড়া শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের দ্বিতীয় টেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ও লা লিগায় বার্সেলোনাও খেলবে।

ক্রিকেট
ম্যাকাই টেস্ট, ২য় দিন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ
সকাল ৬টা, ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১

কলম্বো টেস্ট, ১ম দিন
শ্রীলঙ্কা-ভারত
সকাল ১০-৩০, সনি স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি-বোর্নমাউথ
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১

নিউক্যাসল ইউনাইটেড-লিভারপুল
রাত ৯-৩০, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১

লা লিগা
এলচে-বার্সেলোনা

রাত ১-৩০, ফ্যানকোড

বোল্টের রেকর্ড ভাঙলো রোবট!

0

উসাইন বোল্টের রেকর্ড তাহলে ভেঙেই গেল!

না, কোনো মানুষ নয়, বোল্টের ১০০ মিটারের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে চীনের মানবসদৃশ রোবট (হিউম্যানয়েড)।

চীনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেইজিংয়ে আজ শুরু হওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক ট্রায়াল ইভেন্টে এই রোবট ১০০ মিটার দৌড় শেষ করেছে মাত্র ৯.৩২ সেকেন্ডে।

চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি রোবটটার নামও ‘লাইটনিং’। অবিশ্বাস্য দ্রুতগতিতে দৌড়াতেন বলে উসাইন বোল্টকেও ডাকা হয় ‘লাইটনিং বোল্ট’ নামে।

২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। অ্যাথলেটিকস ট্র্যাকে দীর্ঘ ১৭ বছর ধরে অক্ষত সেই রেকর্ড।

গতির দৌড়ে রোবট লাইটনিংয়ের চমক এটাই প্রথম নয়। এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনেও জয়ী হয়েছিল এই রোবট। সেবার ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিল এটি, যা মানুষের সেরা হাফ ম্যারাথনের গতির চেয়েও দ্রুত।

হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস সামনে রেখে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করেছেন।

স্পেনের রূপকথার ইতি টানলো পর্তুগাল

0

টানা জয়ের বিশ্বরেকর্ড গড়তে পারল না স্পেন। টানা ২৪ ম্যাচ জয়ের পর পর্তুগালের কাছে হেরে থামল ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নদের ক্রিকেট দলের জয়যাত্রা। স্পেনকে ৫৭ রানে হারিয়েছে পর্তু্গাল। 

বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। পর্তুগাল আগে ব্যাট করে তুলেছিল ১৬০ রান। জবাবে স্পেন গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আর তাতেই সেই রেকর্ড থেকে বঞ্চিত হয় স্পেন। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ড্যানিয়েল ডোয়েস-কায়ে।

পর্তুগালের পক্ষে দুই পেসার সেবাস্টিয়ান অলিভিয়েরা ও জেরেমি মার্টিন্স দুটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশি বংশোদ্ভুত বাঁহাতি স্পিনার সিরাজউল্লাহ খাদেম ১৯ রানে ২ উইকেট নেন।

ম্যাচটা খেলতে নামার আগে স্পেন জাতীয় ক্রিকেট দলের সঙ্গী ছিল টানা ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড। পর্তুগালের কাছে হারে আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ডটি আর ভাঙা হলো না স্পেনের। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া।

স্পেনে জয়যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে৷ এরপর থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত তারা জিতেছে টানা ২৪টি ম্যাচ।

স্পেনের বিপক্ষে জয়ে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পর্তুগাল। সেখান থেকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার সুযোগ থাকছে তাদের।অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকসের অধীনে বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে দলটি জিতেছে টানা ৫টি ম্যাচ।

এই ম্যাচ জিতে ইউরোপ কোয়ালিফায়ারে জার্সির ও ডেনমার্কের সঙ্গে যোগ দিল পর্তুগাল। স্কটল্যান্ডও এই পর্বে খেলবে। আর ইউরোপের বাকি দুই দল ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে।

নিজের এজেন্টকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ

0

টানা দুই মৌসুম অ্যাস্টন ভিলা ছাড়তে ব্যর্থ হওয়ায় নিজের এজেন্ট গুস্তাভো গোনিকে ছাঁটাই করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। 

মেক্সিকোর ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম আল বাত এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বড় ক্লাবে যাওয়ার চেষ্টা করেও সফল না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনজে। 

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার খুব কাছাকাছি ছিলেন মার্তিনেজ। এমনকি অ্যাস্টন ভিলার সমর্থকদের আবেগঘন বিদায়ও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সেই দলবদল ভেস্তে যায়।

এবার মার্তিনজের সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় ছিল জুভেন্টাস। তবে কদিন আগে সেই আলোচনাও ভেস্তে যায়। 

আল বাত জানিয়েছে, অ্যাস্টন ভিলার ১ থেকে দেড় কোটি ডলারের (১২৩ কোটি থেকে ১৮৫ কোটি টাকা) চাওয়া এবং বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে যাওয়ায় তার কাছে সেরা পারফরম্যান্স পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয় জুভেন্টাসের। এই দুই কারণে চুক্তিটি হয়নি।

টেস্ট ক্রিকেটে ১২টি দেশের সর্বনিম্ন ইনিংস।

0

ইতিহাসের সর্বনিম্ন টেস্ট ইনিংস

টেস্ট ক্রিকেটকে শুধু ব্যাট-বলের লড়াই বললে কম বলা হয়। টেস্ট খেলা অনেকটাই মানসিক শক্তি, ধৈর্য, কৌশল ও পরিস্থিতি সামলানোর খেলা। ওয়ানডে বা টি-টোয়েন্টির তুলনায় এখানে একজন খেলোয়াড়কে মানসিক দৃঢ়তার পরীক্ষা দিতে হয় অনেক বেশি। তাই কখনও কখনও ব্যাটাররা এতটাই মানসিক চাপে থাকেন যে সেই চাপ থেকে বেরিয়ে এসে উইলো হাতে সম্মান জনক রানের তীরে নোঙ্গর করা সম্ভব হয় না। টেস্টে প্রতিটি দেশ কোন না কোন সময় ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারিয়েছে টপাটপ উইকেট আর তখনই হয়েছে দলীয় সর্বনিম্ন রানের ইনিংস। দেখুন টেস্ট ক্রিকেটে ১২টি দেশের সর্বনিম্ন রানের ইনিংস।

কেমার রোচ ৫ উইকেট নিয়েছিলেন

টেস্ট ক্রিকেট মানসিক খেলাঃ

টেস্ট ক্রিকেট সবচেয়ে বড় মানসিক পরীক্ষার খেলা। একজন ব্যাটারকে কখনো ৪-৫ ঘণ্টা ক্রিজে থাকতে হয়। প্রথম ঘণ্টায় বল সুইং করতে পারে, পরে স্পিন আসতে পারে, আবার পুরোনো বলে রিভার্স সুইং হতে পারে। প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়-কোন বল খেলবেন, কোনটা ছাড়বেন, কখন আক্রমণ করবেন। সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য।
ধরুন একজন ব্যাটার ৯৫ রানে অপরাজিত তখন শতরানের অপেক্ষায় তার মন অস্থির হয়ে উঠতে পারে। ঠিক তখনই একটি ভুল শট তাকে আউট করে দিতে পারে। আবার একজন বোলার ২০ ওভার বল করে কোনো উইকেট পেলেন না—তবুও তাকে পরের স্পেলেও একই মনোযোগ ধরে রাখতে হবে। এ কারণে টেস্ট ক্রিকেটে দেখা যায় শরীরের চেয়ে অনেক সময় মস্তিষ্কই আগে ক্লান্ত হয়ে যায়।

বোলারদের প্রাধান্যঃ

টেস্ট ক্রিকেটে বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে হয়। শুধু ভালো ব্যাটিং করে টেস্ট জেতা যায় না। বিশেষ করে চার-পাঁচ দিনের ম্যাচে বোলারদের কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেমন- নতুন বলে পেসারদের সুইং ও সিম থেকে সুবিধা আদায় করা। পুরোনো বলে রিভার্স সুইং বা রাফ সাইডের সুবিধা নেওয়া। ম্যাচের শেষ দিকে বিশেষ করে ৩য় ও ৪র্থ দিন থেকে স্পিনাররা টার্ন সুবিধা পেতে পারেন কারণ তখন পিচ ভাঙতে শুরু করলে ব্যাটিং ক্রমেই কঠিন হয়ে যায়। একজন বোলারকে দীর্ঘ সময় ধৈর্য ধরে একই জায়গায় বল করতে হয়। তবেই সফল হওয়া যায়।

বাংলাদেশ ৪৩ রানে অল আউটের দিন রিয়াদ, সাকিব ও মুশফিক শুন্য রানে আউট হয়েছিলেন

ব্যাটার বনাম বোলারঃ

টেস্ট ক্রিকেটে দু-জনের ভূমিকা দুরকম। তবে ম্যাচের ফল নির্ধারণে বোলারদের ভূমিকা একটু বেশি। কারণ একজন ব্যাটার ২০০ রান করেও ম্যাচ জেতাতে পারবেন না, যদি না তার দল প্রতিপক্ষের ২০ উইকেট নিতে না পারে। অন্যদিকে একজন বোলার ৫ বা ৬ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে—বোলারকে সফল হওয়ার জন্য ব্যাটারকে চাপে ফেলতে হয়, আর ব্যাটারকে সফল হওয়ার জন্য বোলারের ধৈর্য ভাঙতে হয়। অর্থাৎ ‘‘টেস্ট ক্রিকেটের আসল লড়াইটা অনেক সময় হয়-বোলারের ধৈর্য বনাম ব্যাটারের ধৈর্য, বোলারের পরিকল্পনা বনাম ব্যাটারের সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত-কার মানসিক শক্তি আগে ভাঙ্গে।’’ এই কারণেই টেস্ট ক্রিকেটকে ক্রিকেটের সবচেয়ে কঠিন ও পরিপূর্ণ সংস্করণ বলা হয়।

টেস্ট ক্রিকেট খেলা বর্তমান ১২টি পুরুষ দলের সর্বনিম্ন দলীয় ইনিংস।

দেশসর্বনিম্ন রান  প্রতিপক্ষভেন্যুবছর
নিউজিল্যান্ড২৬ ইংল্যান্ডঅকল্যান্ড১৯৫৫
অস্ট্রেলিয়া৩৬ ইংল্যান্ডবার্মিংহাম১৯০২
দক্ষিণ আফ্রিকা৩০ ইংল্যান্ডপোর্ট এলিজাবেথ১৮৯৬
ভারত৩৬ অস্ট্রেলিয়াঅ্যাডিলেড২০২০
আয়ারল্যান্ড৩৮ ইংল্যান্ডলর্ডস২০১৯
শ্রীলঙ্কা৪২ দক্ষিণ আফ্রিকাডারবান২০২৪
বাংলাদেশ৪৩ ওয়েস্ট ইন্ডিজনর্থ সাউন্ড২০১৮
ইংল্যান্ড৪৫ অস্ট্রেলিয়াসিডনি১৮৮৭
পাকিস্তান৪৯ দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ২০১৩
জিম্বাবুয়ে৫১ নিউজিল্যান্ডনেপিয়ার২০১২
আফগানিস্তান১০৩ ভারতবেঙ্গালুরু২০১৮
ওয়েস্ট ইন্ডিজ২৭ অস্ট্রেলিয়াকিংস্টন২০২৫
      

নিউজিল্যান্ডের ২৬ রান এখনো টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় ইনিংস। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল তারা। আর ওয়েস্ট ইন্ডিজের ২৭ রান ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসে, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। বাংলাদেশের রেকর্ড ৪৩ রানের যা ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে আজ, ২২ আগস্ট ২০২৬, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৬৪ রানে অল আউট হয়ে বাংলাদেশের ৪র্থ সর্বনিম্ন, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন টেস্ট ইনিংস করেছে। এছাড়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে ডারবানে ৫৩ রানে এবং শ্রীলংকার বিপক্ষে ২০০৭ সালে কলম্বোতে ৬২ রানে অল আউট হয়েছিল।

বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেখা যাবে বঙ্গ অ্যাপসে

0

বাংলাদেশে শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমের নতুন আয়োজন। শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মৌসুমের সম্প্রচার পরিকল্পনা উন্মোচন করেছে বঙ্গ। মাইকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জন্য প্রিমিয়ার লিগের পুরো মৌসুমের ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর। বাংলাদেশেও এই লিগের রয়েছে বিশাল দর্শকগোষ্ঠী। সেই দর্শকদের কথা মাথায় রেখে এবার পুরো মৌসুমের ম্যাচগুলো আরও সহজে ও উন্নত মানে দেখার সুযোগ তৈরি করতে চায় বঙ্গ ও মাইকো।

বঙ্গ’র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬-২৭ মৌসুমের প্রতিটি ম্যাচ ফুল এইচডি মানে সম্প্রচার করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য ‘বাফারলেস’ লাইভ স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। অর্থাৎ পুরো মৌসুমজুড়ে নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ম্যাচ দেখার সুবিধা নিশ্চিত করতে চায় প্ল্যাটফর্মটি।

বঙ্গর চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেন, প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া ব্র্যান্ডগুলোর একটি। বাংলাদেশের দর্শকদের জন্য সব ৩৮০টি ম্যাচ নিয়ে আসা দেশের ডিজিটাল বিনোদন খাতের জন্য বড় একটি সুযোগ। মাইকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দর্শকদের জন্য নতুন মূল্য তৈরি করার পাশাপাশি ব্র্যান্ড, অংশীদার এবং পুরো ক্রীড়া সম্প্রদায়ের জন্যও নতুন সুযোগ তৈরির প্রত্যাশা করছেন তারা।

মৌসুমের সম্প্রচার উদ্বোধনের পাশাপাশি বাংলাদেশি ফ্যান্টাসি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বা এফপিএল ক্যাম্পেইনও চালু করেছে বংগো। তবে এই সুবিধা পাবেন শুধু বংগো ইপিএল সিজন পাসের গ্রাহকেরা।

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে সেরা পারফর্ম করা ম্যানেজারদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে রয়েছে প্লেস্টেশন ৫, ম্যাকবুক ও আইফোন। পাশাপাশি প্রতি মাসে থাকছে চমকপ্রদ আরও কিছু পুরস্কার।

বঙ্গর প্রধান পরিচালন কর্মকর্তা বা সিওও নাবিলা সাজ্জাদ বলেন, বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে প্রিমিয়ার লিগের আলাদা একটি জায়গা রয়েছে। মাইকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বঙ্গ সরাসরি স্ট্রিমিংয়ের মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমের প্রতিটি ম্যাচ দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে।

তিনি আরও জানান, সিজন পাসধারীরা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন। পাশাপাশি মৌসুমের বড় ম্যাচগুলো উপভোগ করতে পারবেন বিশেষ ওয়াচ পার্টিতে। ফলে শুধু ঘরে বসে ম্যাচ দেখা নয়, পুরো প্রিমিয়ার লিগের অভিজ্ঞতার সঙ্গে দর্শকদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর আয়োজন করা হয় বিশেষ ওয়াচ পার্টির। সেখানে বঙ্গ ইপিএল সিজন পাসধারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় সরাসরি উপভোগ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও হাল সিটির ম্যাচ।

তবে উদ্বোধনী ওয়াচ পার্টিতে সম্প্রচার নিয়ে কিছুটা ভিন্ন অভিজ্ঞতাও হয়েছে দর্শকদের। বংগোর পক্ষ থেকে ‘বাফারলেস’ স্ট্রিমিংয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও ম্যাচ চলাকালে কিছু সময় স্ট্রিমিংয়ে বাফারিংয়ের সমস্যা দেখা যায়।

আর মাঠের ফলও ছিল ইউনাইটেড সমর্থকদের জন্য হতাশার। মৌসুমের প্রথম ম্যাচেই সদ্য প্রিমিয়ার লিগে ফেরা হাল সিটির কাছে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

তারপরও বাংলাদেশের দর্শকদের জন্য পুরো ৩৮০ ম্যাচ সরাসরি দেখানোর উদ্যোগকে সামনে রেখে নতুন মৌসুমে বড় আয়োজন নিয়ে এসেছে বংগো। ফুটবল, ফ্যান্টাসি লিগ এবং ওয়াচ পার্টি—সব মিলিয়ে বাংলাদেশি দর্শকদের প্রিমিয়ার লিগের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করাই এবার তাদের মূল লক্ষ্য।

২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, আবারও পেছাল ঘরোয়া ফুটবল মৌসুম

0

বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমের শুরু আবারও পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী ২০২৬-২৭ বাংলাদেশ ফুটবল লিগের মৌসুম শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এর আগে ২৫ আগস্ট থেকে মৌসুম শুরুর কথা থাকলেও কয়েকটি ক্লাবের খেলোয়াড় নিবন্ধন-সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে জানিয়েছে, অংশগ্রহণকারী সব ক্লাবকে প্রথম ধাপের খেলোয়াড় নিবন্ধন শেষ করতে হবে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব এখনো ফিফার দেওয়া খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা বা ট্রান্সফার ব্যান কাটিয়ে উঠতে পারেনি। কয়েক দফা সময় বাড়ানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় ঘরোয়া মৌসুমের সূচি আবারও পরিবর্তন করতে হয়েছে।

নতুন সূচিতে ফেডারেশন কাপও পিছিয়েছে। আগে ২৮ আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও এখন শুরু হবে ২২ সেপ্টেম্বর। ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

অন্যদিকে সামনে রয়েছে জাতীয় দলের ব্যস্ত সূচি। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ের কথা মাথায় রেখে বাফুফে আগামী ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ঘরোয়া লিগ মাঠে গড়ানোর আগেই জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।

জাতীয় দলের ক্যাম্পের সময়সূচি ঘরোয়া ফুটবল সূচিতেও প্রভাব ফেলবে। এরপর আবার এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ঘরোয়া ফুটবলে তৈরি হবে নতুন বিরতি। বাংলাদেশের ক্লাব ফুটবলের প্রতিনিধিত্ব করতে যাওয়া ফর্টিস এফসি অংশ নেবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে অনুষ্ঠিত হবে এই পর্ব।

ফর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলোর কারণে তাদের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পরে আয়োজন করা হবে। বাফুফে জানিয়েছে, লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ফর্টিসের স্থগিত ম্যাচগুলো আয়োজন করা হবে।

তবে এখানেই শেষ নয়। ঘরোয়া ফুটবল মৌসুমে আরও বড় বিরতি আসছে নভেম্বরে। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। ফলে জাতীয় দলের এই বড় টুর্নামেন্টের জন্য আবারও থমকে যাবে ঘরোয়া ফুটবলের কার্যক্রম।

সব মিলিয়ে ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার আগেই সূচিতে একাধিক পরিবর্তন এসেছে। ক্লাবগুলোর নিবন্ধন জটিলতা, জাতীয় দলের আন্তর্জাতিক সূচি, ফোর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগ এবং ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে ব্যস্ত সূচির মধ্যেই এগোতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে।

নতুন সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া ফুটবল মৌসুম। তার আগে ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ।

প্রিমিয়ার লিগে ফিরেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল হাল সিটি

0

নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই বড় চমক দেখাল হাল সিটি। মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা দলটি। অন্যদিকে নতুন মৌসুমের শুরুতেই এমন হারে গত মৌসুমের শেষ দিকে পাওয়া আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেল মাইকেল ক্যারিকের দল।

ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডকে চাপে রাখে হাল। আক্রমণের পাশাপাশি সেট-পিসেও ছিল তাদের দারুণ কার্যকর উপস্থিতি। এর ফলও আসে দ্রুত। ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে অলিভার ম্যাকবার্নির শট ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন্নে লামেন্স। তবে ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি সেমি আজাই। তাঁর গোলে এগিয়ে যায় হাল সিটি।

প্রথম গোলের পরও থামেনি স্বাগতিকদের আক্রমণ। ইউনাইটেডের রক্ষণে বারবার চাপ তৈরি করে তারা। প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে আবারও সেট-পিস থেকে গোল পেয়ে যায় হাল। ফ্রি-কিক থেকে রেগান স্লেটারের নিখুঁত ক্রসে উঁচুতে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান নোবেল মেন্ডি। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় হাল সিটি। নিজেদের মাঠ এমকে এম স্টেডিয়ামে তখন উৎসবের আবহ। ৫২ বছর পর লিগে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পথে আরও এক ধাপ এগিয়ে যায় তারা।

দুই গোল হজম করার পরও ম্যাচে ফিরতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মার্কাস রাশফোর্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ক্লাবটির হয়ে প্রথমবার মাঠে নেমে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ইউনাইটেডের আক্রমণভাগ কাঙ্ক্ষিত ধার তৈরি করতে পারেনি।

৭৮ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল সফরকারীরা। মাঝামাঠের কাছ থেকে পাওয়া সুযোগে ব্রায়ান এমবিউমোর শট লক্ষ্যে থাকলেও দুর্দান্ত সেভ করেন হালের গোলরক্ষক কনস্তানতিনোস জোলাকিস। পুরো ম্যাচে ইউনাইটেডের আক্রমণভাগকে বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণে রাখে হালের রক্ষণ।

পরিসংখ্যানেও এই হার ইউনাইটেডের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে প্রিমিয়ার লিগের কোনো মৌসুমের প্রথম ম্যাচে সদ্য প্রমোটেড দলের কাছে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। হালের বিপক্ষে হারে সেই রেকর্ডও ভেঙে গেল।

ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক অবশ্য অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে চাননি। তিনি মনে করেন, মৌসুমের মাত্র প্রথম ম্যাচের ফল দিয়ে পুরো দলের গতিপথ বিচার করা ঠিক হবে না। তবে প্রথম ম্যাচে হার যে হতাশাজনক, সেটিও স্বীকার করেছেন তিনি।

ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও হালের আগ্রাসন ও তীব্রতার সঙ্গে তাল মেলাতে না পারাকে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন। তাঁর মতে, প্রতিপক্ষের দুই সেট-পিস থেকেই গোল হওয়াটা ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে।

গত মৌসুমে জানুয়ারিতে রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব নেওয়ার পর ক্যারিক আত্মবিশ্বাস হারানো ইউনাইটেড দলকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। সেই কারণে নতুন মৌসুমকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি।

কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই হালের কাছে ২-০ ব্যবধানে হার সেই প্রত্যাশায় ধাক্কা দিয়েছে। বিপরীতে নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে হাল সিটি। স্বাগতিকদের জন্য এটি যেমন স্মরণীয় প্রত্যাবর্তন, ইউনাইটেডের জন্য তেমনি নতুন মৌসুমের শুরুতেই বড় সতর্কবার্তা।