নেইমারের ফর্মে উড়ছে সান্তোস

নেইমারের ফর্মে উড়ছে সান্তোস

ছবি : কালেক্টেড

নেইমারের ফর্মে উড়ছে সান্তোস । সান্তোসের জয়ের পেছনে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে গত মৌসুমে যেভাবে তিনি দলকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন, এবারও তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। তবে ফিটনেস নিয়ে প্রশ্ন এখনো পুরোপুরি কাটেনি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখার আগে পূর্ণ সুস্থতার শর্ত দিয়েছেন। তাই ক্লাবের প্রতিটি ম্যাচে পুরো সময় মাঠে থাকতে মরিয়া হয়ে আছেন এই তারকা।

গতকাল ব্রাজিলিয়ান লিগ সেরি আ’য় ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলে জেতে সান্তোস। দলের জয়ের পথে একটি গোল করেন নেইমার নিজেই। এই জয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পায় সান্তোস এবং লিগ টেবিলেও ১৫তম স্থানে উঠে আসে।

ম্যাচে ৮২ মিনিট খেলেন নেইমার। তার পারফরম্যান্সে মুগ্ধ হন সান্তোস কোচ কুকা। তিনি বলেন, নেইমার খুব ভালো ম্যাচ খেলেছেন, বল ছিল তার নিয়ন্ত্রণে, সুযোগও তৈরি করেছেন এবং গোলও করেছেন। দ্বিতীয় গোলে তার পরোক্ষ অবদান ছিল বলেও জানান কুকা।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন নেইমারও। গ্লোবো স্পোর্তকে তিনি বলেন, গোল করতে পেরে তিনি খুশি এবং দলের জয়ে অবদান রাখতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে দল টানা জয় না পাওয়ায় এই সাফল্য আরও মূল্যবান হয়ে উঠেছে বলেও ইঙ্গিত দেন তিনি।

সান্তোসে খেলেই বিশ্বকাপ আশা

২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলে খেলা হয়নি নেইমারের। বিভিন্ন ইনজুরির কারণে ক্লাব ফুটবলে ফিরলেও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। তবু চতুর্থ, আর সম্ভবত শেষ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো ধরে রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আগামী ১৮ মে বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন আনচেলত্তি। তার আগে সান্তোসের হয়ে আরও দুইটি ম্যাচ খেলবেন নেইমার।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৩ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। সর্বশেষ ম্যাচটিকে গত কয়েক মাসের মধ্যে তার সেরা পারফরম্যান্সগুলোর একটি বলেই মনে করছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। তাদের মতে, দল চাপে থাকলেই নেইমার আরও উজ্জ্বল হন। আর সেটিই হয়তো তাকে আবারও ব্রাজিলের জার্সিতে ফেরাতে পারে।

Exit mobile version