আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে শান্তকে নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে টেস্ট দলের ক্রিকেটাররা এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, খেলছেন প্রস্তুতি ম্যাচ। তবে শান্ত নেই সেখানে। শীঘ্রই অবশ্য দলে যোগ দিচ্ছেন তিনি।
শারীরিক অসুস্থতার কারণে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটালেও এশিয়ান গেমসে খেলতে পারেননি শান্ত। দেশে ফিরে আসেন দলকে জাপানে রেখেই। এরপর তাকে রেখেই টেস্ট দল উড়াল দেয় আরব আমিরাতে। যেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচও খেলছে।
অবশ্য সংশয় ছিল, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শান্তর খেলা হবে তো? অবশেষে টেস্ট অধিনায়ককে নিয়ে মিলেছে সুখবর। আফগানদের বিপক্ষে তিনিই থাকছেন দলের নেতৃত্বে। আজই উড়াল দিচ্ছেন দলের উদ্দেশে আরব আমিরাতে।
বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন। শান্তর অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের প্রথম দিনের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন মোট ১৩ জন ক্রিকেটার।




